১০:৩৮ পি.এম
ময়মনসিংহ-ঢাকা বাইপাস সড়কের বিভিন্ন স্থানে আশ্বিন মাসের আকস্মিক ঝড় তাণ্ডব চালিয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হলে সড়কের পাশের বেশ কিছু দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ঝোড়ো বাতাসের কারণে দোকান ও বিভিন্ন স্থাপনার ভাঙা অংশ উড়ে এসে সড়ক ও চলন্ত যানবাহনের ওপর পড়তে থাকে। এর ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো বাইপাস এলাকা। তীব্র বাতাসের কারণে সড়কের পাশের দোকানপাট ও বিভিন্ন স্থাপনার অংশ উড়ে এসে বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর পড়ে।
প্রবল বাতাস এবং ধুলাবালির কারণে সড়কে দৃষ্টিসীমা কমে যায়। এ সময় চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে দেখা যায়। ঝড়ের তাণ্ডবে সড়কের পাশে থাকা কয়েকটি যানবাহনও আটকা পড়ে। আলম এশিয়া পরিবহনের বাসচালক দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করেই আকাশ কালো হয়ে ঝোড়ো বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই সড়কের আশপাশের পরিবেশ বদলে যায়।’
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ঝড়ের পর সড়কে পড়ে থাকা দোকানের ভাঙা অংশ, গাছের ডালপালা এবং আবর্জনা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘ঝড়ের বিষয়ে আমার জানা নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন