ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আগামী ১৫ আগস্ট বিশেষ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। আগামী অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে বিশেষ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানালেন, ২০২৪ সালের ১৮ জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড়। সেই সময়ে আন্দোলন দমনের নানা চেষ্টা চললেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা রামপুরাসহ বিভিন্ন এলাকায় শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সেই আত্মত্যাগ ও ভূমিকার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও দেওয়া হয়নি। ঘাটতি পূরণ করতেই এই আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

তিনি জানান, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি জানানো হবে।

ইশরাক হোসেন বলেন, আমরা চাই, আন্দোলনে যে-ই অংশ নিয়ে থাকুক, যে অবস্থান থেকেই অবদান রাখুক, প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান দেওয়া হোক। কারও অবদান যেন খাটো করে দেখা না হয়।

তিনি জানান, সংবাদ সম্মেলনে ১৬টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এটি তিনি জুলাই-পরবর্তী সময়ের একটি "বৃহত্তর ঐক্যের" প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি শুধু স্মরণসভা নয়, ‘আগামী বাংলাদেশের ভাবনা’ নিয়েও আলোচনা হবে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের মতামত শুনতে সরকার আগ্রহী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও তরুণদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

অনুষ্ঠান বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে সরকারের সব মনোযোগ দুর্গত মানুষের সহায়তায় ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশেই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ১৫ আগস্টকে সম্ভাব্য নিরাপদ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আহত জুলাই যোদ্ধাদের বিষয়ে ইশরাক বলেন, গেজেটভুক্ত আহতদের ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক পরিচয়সহ বিভিন্ন কারণে যারা গেজেটভুক্ত হতে পারেননি, তাদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ে পৃথক একাধিক ডেস্ক খোলা হবে। প্রতিটি আবেদন তদন্ত করে যোগ্যদের চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এটি কোনো করুণা নয়, এটি তাদের প্রাপ্য। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ফাউন্ডেশনের অর্জিত অভিজ্ঞতাকে সরকারের নবগঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা চলছে। এতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আরও কার্যকরভাবে সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে যখন সমালোচনা তুঙ্গে রয়েছে, তখন সেই সমালোচনার জবাবে ভিন্ন সুরে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট, হাভিয়ের মিলেই। তার দাবি, আর্জেন্টিনাকে ঘিরে এত সমালোচনার মূল কারণ হলো ঈর্ষা। পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে, পুরো টুর্নামেন্টজুড়ে রেফারিদের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই গত সোমবার, এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন মিলেই। ফাইনালের আগেই নির্ধারিত সময়ে প্রকাশিত একটি পোস্টে ভুলবশত আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং জাতীয় ছুটি ঘোষণার বার্তা প্রকাশিত হয়। পরে, পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সমালোচনার জবাবে মিলেই বলেন, আর্জেন্টিনার সমস্যা হলো, আমরা সব ক্ষেত্রেই আলাদা করে নজর কাড়ি। আমাদের উপেক্ষা করা যায় না। মানুষ আমাদের ঈর্ষা করে, কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা সেরাদের মধ্যে। দুঃখিত, কিন্তু কথাটা কাউকে না কাউকে বলতেই হতো।

ফাইনালে স্পেনের বিপক্ষে রেফারিং নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। যদিও পুরো ম্যাচে আর্জেন্টিনা মাত্র দুটি শট নিতে সক্ষম হয়েছিল, তবুও তাঁর দাবি, ম্যাচ পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে।

মিলেই বলেন, ফাইনাল ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন ছিল। তারপরও তারা শেষ মুহূর্তে আর্জেন্টিনা সমতায় ফিরতে পারত, যদিও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাঁদের হাতে ছিল না।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা রেফারিংয়ের সুবিধা পেয়েছে এমন প্রচলিত ধারণাও নাকচ করে দেন তিনি। তাঁর ভাষায়, কিছু ম্যাচে রেফারিদের ভুল সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেলেও দল কখনো নিয়ন্ত্রণ হারায়নি। তারা সব সময় ভারসাম্যপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ছিল এবং শেষ পর্যন্ত লড়াই করেছে।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ এবং রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট মিলেইর এই মন্তব্য দেশটির ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের

আন্তর্জাতিক ডেস্ক

জামালপুর প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামকে কেন্দ্র করে একটি অবৈধ চাল ও ধান ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের গেন্দু ইসলামের ছেলে মোস্তাফিদুল ইসলাম লিংকন। এ বিষয়ে  যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে তিনি বলেন, সিন্ডিকেটের বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত করা হবে।  সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
খোজ নিয়ে জানা যায় , মোস্তাফিদুল ইসলাম লিংকন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। এর আগে, ২০২৪ সালের ১১ ডিসেম্বর র‍্যাব-১৪ জামালপুর সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের দমদমা বকুলতলা বাজারে অবস্থিত লিংকনের রাইস মিল থেকে ৫০ কেজির ৩৯৮ বস্তা, মোট ১৯,৮৪০ কেজি সরকারি চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ছিল ৮ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।পরদিন ১২ ডিসেম্বর, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত শামছুন্নাহার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ ৫/৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে রহস্যজনকভাবে তদন্তকারী কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দাখিল করেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে র‍্যাবের অভিযানে সরকারি প্রকল্পের চাল উদ্ধার হওয়ার পর লিংকন তার কার্যক্রম সরিষাবাড়ী উপজেলায় স্থানান্তর করেন। গত প্রায় তিন মাস ধরে তিনি ২-৩ জন সহযোগীকে নিয়ে সরিষাবাড়ী খাদ্য গুদামে নিয়মিত যাতায়াত করছেন বলে অভিযোগ রয়েছে।
 
খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকুর এলাকার এসএস অটো রাইস মিলের স্বত্বাধিকারী আনোয়ার উস সাদাব (লাঞ্জু মিয়া)-কে দুই কিস্তিতে মোট ১২৮ টন ধান বরাদ্দ দেওয়া হয়।
 
অভিযোগ রয়েছে, এসএস অটো রাইস মিলের কর্মচারী পরিচয়ে মোস্তাফিদুল ইসলাম লিংকন ওই ধান সংগ্রহ ও চাল সরবরাহ কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের চাল কম দামে সংগ্রহ করে অন্যত্র পাচার করছেন বলেও অভিযোগ উঠেছে।
 
স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের ফলে সরকার যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তেমনি সৎ ও বৈধ মিল মালিকরাও ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে অভিযোগ এর বিষয়ে মোস্তাফিদুল ইসলাম লিংকনকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
 
সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা রুবিনা আক্তার বলেন,"লিংকনকে আমরা এসএস রাইস মিলের মালিক লাঞ্জু ভাইয়ের কর্মচারী হিসেবেই চিনি। তবে কেউ যদি সিন্ডিকেট গড়ে বা অন্যায়ভাবে খাদ্য গুদামের কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।"
 
জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন,অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজেপির চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


সিজেপির চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলমান আন্দোলনকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপির বৈঠকের পর এই ঘোষণা প্রকাশ করা হয়।

সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করার প্রতিশ্রুতি এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে অনুযায়ী সর্বাধিক ক্ষতিপূরণ দেওয়া।

৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের তরফ থেকে দাবিগুলো মেনেওয়ার কারণে, সব বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে সিজেপি।সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ এবং ‘আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলি’—এই মূল বার্তা সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে এক উৎসবমুখর পরিবেশে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন, আইডি কার্ড বিতরণ ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি, যেখানে তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে মুক্ত রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কমিটি অনুমোদন ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান বক্তা ও জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুমন চৌধুরী নবগঠিত কমিটির সদস্যদের গলায় আইডি কার্ড পরিয়ে দিয়ে ফুলপুর উপজেলা শাখার প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান।

এছাড়া উক্ত মাদকবিরোধী আলোচনা ও কমিটি অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন ১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুফতী মুহাম্মাদুল্লাহ।

বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: মীর মোঃ আবদুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি; নয়ন মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি; মোঃ মানিক হোসেন বিজয়, সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি; ও মোঃ মানিক মিয়া, আহ্বায়ক, গাজীপুর জেলা শাখা, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মতিউর রহমান শেখ।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গঠনে সুদৃঢ় আহ্বান

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং বলেন, “মাদক আজ এক মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই অভিশাপ থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা ও নজরদারির কোনো বিকল্প নেই।”

বক্তারা অভিভাবকদের তাগিদ দিয়ে বলেন, সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে। তরুণদের মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ নাগরিক, সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন অতিথিরা।

সম্পূর্ণ আয়োজনটি যৌথভাবে অত্যন্ত চমৎকার ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%