বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৬ এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যদের দ্বারা মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান আহত হয়েছেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার বিকেলে তিনি অটোরিকশায় করে বিশমাইল হয়ে টিউশনে যাচ্ছিলেন। এ সময় এক সেনাসদস্য তাঁর অটোরিকশা আটকান এবং লাঠি দিয়ে আঘাত করেন। যখন তিনি জানতে চান কেন মারছেন, তখন তাঁকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লাথি মারার পাশাপাশি বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতির তাৎক্ষণিকতায় উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।’
অবরোধকারী শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অসংখ্য স্থাপনার ওপর ইরানের হামলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। হামলাগুলোতে প্রথমে মার্কিন ঘাঁটির সতর্কতাব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা হয়। এরপর লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত হয় সামরিক উড়োজাহাজ, হ্যাঙ্গার, গুদাম ও সেনাদের আবাসন। এই হামলায় সামরিক সরঞ্জামের ক্ষতি কয়েক শ কোটি ডলারেরও বেশি হয়েছে। পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
এপি একাধিক প্রতিষ্ঠানের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করেছে। সংবাদমাধ্যমটি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বিষয়ে চারজন আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে কেউ সরাসরি হামলার বিষয়ে জানেন, আবার কেউ এ বিষয়ে অবহিত হয়েছেন।
এপির বিশ্লেষণ অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত ইরান অথবা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, ইরান প্রথমে মার্কিন ঘাঁটিগুলোর বিমান রাখার হ্যাঙ্গার এবং শত্রুপক্ষের আসন্ন হামলা শনাক্ত করার ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে। এসব ব্যবস্থা অকার্যকর হওয়ার পর হামলার পরিধি বাড়ানো হয়। পরবর্তীতে সামরিক সরঞ্জাম রাখার গুদাম, সেনাদের আবাসন এবং অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়।
ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির চিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তাদের অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এর মধ্যে সামরিক বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক ঘাঁটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। ওই কর্মকর্তাদের একজন এ তথ্য জানিয়েছেন।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের হামলার বেশির ভাগই কুয়েতে সংঘটিত হয়েছে। এ ছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের আরেকটি মার্কিন সামরিক স্থাপনা ক্যাম্প বুয়েরিংয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। ইরানের হামলায় ঘাঁটিটির অধিকাংশ হ্যাঙ্গার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে সেখানে বিমানের সংখ্যা সীমিত থাকায় সেনাদের সমবেত হওয়ার স্থানগুলোতে তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
গত মার্চে হামলায় ক্যাম্প বুয়েরিংয়ের জিমনেসিয়ামটি ধ্বংস হয়ে যায়। এর কয়েক মাস পর, জুলাইয়ের শেষ দিকে, ঘাঁটির ভেতরে সেনাদের পণ্য কেনার একটি দোকানেও হামলা হয়।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর নয়াপল্টনের গৃহবধূ আফছানা বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির জন্য ফেসবুকে একটি পেজ খুলেছিলেন। কিন্তু হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করে সেখানে অশ্লীল ছবি ও ভিডিও আপলোড করে। পেজটি পুনরুদ্ধার করার জন্য তিনি ২০২৩ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১০৪৬।
জিডির তদন্তের দায়িত্ব এসআই পারভেজ ভূঁইয়াকে দেওয়া হয়। তবে জিডির পর পুলিশ কোনো আপডেট দেয়নি এবং একবারের জন্যও কেউ খবর নেয়নি। এসআই পারভেজ জানান, "আমরা জিডিটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ডিবি কার্যালয়ে খবর নিয়ে ওই জিডির কোনো আপডেট পাওয়া যায়নি।"
অন্যদিকে, একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন ১৫ মার্চ তার আইফোন হারিয়ে যাওয়ার পর শাহবাগ থানায় জিডি (নম্বর ১০৬১) করেন। তিনি সেই জিডির কপি পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। আট মাস পেরিয়ে গেলেও থানা থেকে কেউ একবারের জন্যও খবর নেয়নি বা মোবাইল উদ্ধারের চেষ্টার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে দেশের বিভিন্ন থানায় এক লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি হয়েছে। এর মধ্যে অনলাইনে এক লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সশরীরে হাজির হয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি হয়েছে। ওই মাসে অনলাইনে জিডির হার ছিল ৬০ শতাংশ। বর্তমান সরকারের প্রথম ৯ মাসে শুধু অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক জিডি হয়েছে থানায় সশরীরে হাজির হয়ে।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, প্রতিমাসে গড়ে অনলাইন ও সশরীরে হাজির হয়ে ভুক্তভোগী মানুষ প্রায় দুই লাখ জিডি করে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫৪টি থানাতেই জিডি হয়। তবে জনবল সংকট ও নানা সীমাবদ্ধতার কারণে পুলিশ এত বিশাল সংখ্যক জিডি তদন্ত করতে পারে না। এসব জিডির তদন্তে প্রত্যেকটি থানায় একটি করে ‘জিডি তদন্ত ডেস্ক’ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথমে মডেল থানাগুলোকে বেছে নিয়ে পাইলট প্রকল্প করার পরামর্শ দেওয়া হয়েছে।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে জিডি সম্পর্কে বলা রয়েছে। এই আইনের ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধের তথ্য এজাহার হিসেবে লিপিবদ্ধ করা এবং ১৫৫ ধারায় আমল-অযোগ্য অপরাধের তথ্য লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্তের বিধান রয়েছে। এছাড়া পুলিশ প্রবিধান ৩৭৭ বিধিতে থানার সাধারণ ডায়েরি কীভাবে সংরক্ষণ করতে হবে সেটি বলা আছে। সাধারণত জিডির প্রধান উদ্দেশ্যগুলো হলোÑ কোনো ঘটনা বা অভিযোগের সরকারি রেকর্ড তৈরি করা। ভবিষ্যতে কোনো অপরাধ ঘটলে পূর্ববর্তী অভিযোগের প্রমাণ হিসেবে তথ্য সংরক্ষণ করা। প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতা বা হয়রানির বিষয় পুলিশকে অবহিত করা।
হারানো বা নিখোঁজ ব্যক্তি, দলিল, সনদ, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন মালামাল কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্রের তথ্য সংরক্ষণ করার জন্যও জিডি করা হয়। কোনো ঘটনা নিয়ে ভবিষ্যতে বিরোধ বা আইনি জটিলতা সৃষ্টি হলে পূর্ববর্তী তথ্যের রেকর্ড রাখার জন্য জিডি করা হয়। জিডির আরো উদ্দেশ্যে হলোÑপুলিশের কাছে কোনো ঘটনার পূর্বাপর তথ্য পৌঁছে দেওয়া।
পুলিশ আইন ১৮৬১-এর ৪৪ ধারায় বলা হয়েছে, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব হলো তিনি সাধারণ ডায়েরি সংরক্ষণ করবেন। জেলার ম্যাজিস্ট্রেট এই ডায়েরি তলব ও পরিদর্শন করতে পারবেন।
জিডি করে প্রতিকার নেই
প্রায় তিন বছর আগে থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জিয়াউল হক। তিনি জানান, বাংলা হাইকেট প্রপার্টিজ লিমিটেড নামে ডেভেলপার প্রতিষ্ঠানে একটি ফ্ল্যাট বুকিং দেন। ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন গোলাম মইন উদ্দিন আহমেদ মাসুম নানা অজুহাতে তার কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকেন। কয়েকবার অতিরিক্ত অর্থ দেওয়ার পরও মাসুমের লোভ থামছিল না। বরং তার নামে বুকিং দেওয়া ফ্ল্যাট বেশি দামে অন্যজনের কাছে বিক্রির অপচেষ্টা করেন। নিরুপায় হয়ে জিয়াউল প্রতিকার চেয়ে খিলগাঁও থানায় জিডি করেন। কিন্তু পুলিশ কোনো তদন্ত করেনি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করেনি।
এ বিষয়ে পুলিশকে বারবার অনুরোধ করলে খিলগাঁও থানার তৎকালীন ওসি আদালত থেকে অনুমোদন আনার পরামর্শ দেন জিয়াউলকে। তিনি আদালতে গিয়ে আর্জি দেন। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি শুনে খিলগাঁও থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করেনি। পরে পুলিশ জানায়, ‘থানায় করা জিডির নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।’
জিয়াউল বলেন, আমি থানায় জিডি করলেও তিন বছরের বেশি সময়েও কোনো প্রতিকার বা তদন্ত কার্যক্রম দেখতে পাইনি।
এভাবে প্রতিনিয়ত বিভিন্ন থানায় জিডি করে প্রতিকার বা তদন্তের আশায় থাকেন ভুক্তভোগীরা। কিন্তু পুলিশের কাছ থেকে আশানুরূপ প্রতিকার পাওয়া যায় না। তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, তারা জিডির বিষয়বস্তু ও গুরুত্ব অনুযায়ী তদন্ত করে থাকে।
জিডির বিষয়বস্তু অনুযায়ী তদন্ত
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত বিপুল সংখ্যক জিডি হয়। এসব জিডির বিষয়বস্তু ও আনুপাতিক গুরুত্ব অনুধাবন করে পুলিশ তদন্ত করে থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি বা শিশু নিখোঁজের জিডিগুলো অধিকতর গুরুত্বসহকারে তদন্ত করে পুলিশ। আমল-অযোগ্য কিছু জিডির তদন্ত করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। পুলিশ আদালতের অনুমতি নিয়ে সব জিডির তদন্ত করে থাকে।
প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিত
প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিত উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘জিডি সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ‘অবহিতকরণ’, অন্যটি হচ্ছে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন।’ নিয়ম অনুযায়ী প্রতিটি জিডির জন্য এএসআই বা এসআই মর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। ওই প্রতিবেদনের আলোকে আমলযোগ্য অপরাধের মামলা হবে। আবার আমলযোগ্য না হলে চূড়ান্ত প্রতিবেদনও হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাতেগোনা দুয়েকটি ঘটনা ছাড়া কোনো জিডির তদন্তে আগ্রহ দেখায় না পুলিশ।
তিনি আরো বলেন, জিডি একজন নাগরিকের আবেদন। তিনি প্রতিকার চেয়ে রাষ্ট্রীয় সংস্থার কাছে আবেদন করলে পুলিশের উচিত সেটার তদন্ত করে প্রতিকার করা। তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করে জিডিকে মামলায় রূপান্তর করা। তাছাড়া আমল-অযোগ্য কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির বিধান রয়েছে। কিন্তু 0.৫ শতাংশ ক্ষেত্রে সেটা পুলিশ করে না।
থানায় জিডি তদন্ত ডেস্ক খোলার পরামর্শ
অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, জিডি হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ। সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত এত বেশি জিডি হচ্ছে যে, অনেকক্ষেত্রে পুলিশ ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো তদন্ত করতে পারে না। তাদের লোকবল ও লজিস্টিক ঘাটতিসহ নানাবিধ সমস্যা রয়েছে। জিডির পর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট থানা পুলিশের প্রতি ভুক্তভোগী মানুষের আস্থা কমে যাবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত জিডির সঠিক তদন্ত করা।
তিনি আরো বলেন, আমরা সাধারণত দেখি যেসব ঘটনায় গণমাধ্যমের ফোকাস রয়েছে, যেসব ব্যক্তি সমাজে আর্থিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের জিডিগুলো গুরুত্ব দিয়ে তদন্ত হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা হয় না। ফলে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারায়।
তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন থানায় নারী ও শিশু হেল্প ডেস্কসহ নানা ডেস্ক রয়েছে। এক্ষেত্রে শুধু জিডি তদন্তের জন্য আলাদা ডেস্ক করা যেতে পারে। সেখানে নির্দিষ্ট জনবল থাকবে; যারা থানায় রেকর্ড হওয়া জিডিগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন দাখিল করবে। বর্তমানে থানাগুলোতে জিডি তদন্তে কোনো ডেস্ক থাকার কোনো তথ্য আমাদের জানা নেই। পুলিশ প্রাথমিকভাবে দেশের মডেল থানাগুলোতে পাইলট প্রকল্প হিসেবে জিডির তদন্ত ডেস্ক চালু করতে পারে। সেখান থেকে লব্ধ অভিজ্ঞতা নিয়ে দেশের প্রতিটি থানায় জিডির তদন্ত ডেস্ক চালু করা যেতে পারে। এতে আইনের সহযোগিতা প্রত্যাশা করা মানুষের পুলিশের প্রতি আস্থা বাড়বে। এছাড়াও এর মাধ্যমে অনেক বড় অপরাধও নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্লো আনচেলত্তি, যিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত, এবার তার ছেলে ডেভিড আনচেলত্তির মাধ্যমে নতুন এক পরিচয় পেলেন। ডেভিড আনচেলত্তি তার কোচিংয়ের মাধ্যমে ফরাসি ক্লাব লিলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই পরাজয়ের ফলে বায়ার্ন সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হলো। এটি ডেভিড আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন।
গত রাতে লিলের স্তাদ পিয়ের-মরোয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বায়ার্ন ভালো অবস্থানে ছিল। ১৫ মিনিটে কর্নার থেকে দায়োত উপামেকানোর হেডে অতিথিরা এগিয়ে যায়। প্রথমার্ধে সেই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির দল।
বিরতির পর ম্যাচের চিত্র পরিবর্তিত হয়। ৬২ মিনিটে আয়াসে উয়েদার গোলে লিল সমতায় ফেরে। এর তিন মিনিট পর বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচের আত্মঘাতী গোলে স্বাগতিকেরা এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে ডেভিড আনচেলত্তির দল।
বায়ার্নের হারের পেছনে চোট সমস্যাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলের ছয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আলফোনসো ডেভিস, হ্যারি কেইন, ইসমাইল সাইবারি, মানুয়েল নয়্যার, মাইকেল ওলিসে ও সার্জ গ্যানাব্রি, চোটের কারণে ম্যাচে অংশ নিতে পারেননি।
এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে লিল। অন্যদিকে, ডেভিড আনচেলত্তির জন্য এটি একটি বিশেষ রাত। বাবার মতো বড় কোচ হওয়ার পথে এমন জয় নিঃসন্দেহে তাকে আত্মবিশ্বাস জোগাবে।
ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী ডেভিড আনচেলত্তি মন্তব্য করেন, ‘বিরতির সময় আমি উদ্বিগ্ন ছিলাম না। তবে খেলোয়াড়দের মতো আমারও মনে হচ্ছিল, আমরা আরো সাহসী হয়ে বেশি কিছু করতে পারি। দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি উদ্যোগ নিয়ে খেলেছি। সমর্থকরাও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমার মনে হয়, এই জয় আমাদের প্রাপ্য।’
তিনি আরো যোগ করেন, ‘এটি আবেগের জন্ম দেওয়ার মতো একটি ম্যাচ। এমন ম্যাচে অনেক হৃদয় দিয়ে খেলতে হয়। আমাদের অনেক গর্ব আছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন মজুরি ঘোষণার ফলে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। প্রায় এক মাস ধরে চলা উত্তেজনা, অবরোধ এবং কর্মবিরতির পর কালিয়াকৈরের মিল-কারখানাগুলোতে আবারও কাজ শুরু হয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ি, চন্দ্রা, নাওজোড়, জরুনসহ বিভিন্ন শিল্প এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানার গেটে শ্রমিকদের ভিড় দেখা গেছে। তারা নিজেদের কর্মস্থলে ফিরে উৎপাদনকাজে যোগ দিয়েছেন। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে রয়েছে। গত দুই দিন মহাসড়কে যে অবরোধ ও যানজট ছিল, আজ তা নেই। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, আনসার ও এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছেন। মিল-কারখানার গেটেও আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রয়েছে।
গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মজুরি বোর্ডের সভার মাধ্যমে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে (সর্বনিম্ন) ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। তৃতীয় গ্রেডে ৪১ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৪০ দশমিক ১২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। প্রথম গ্রেডে (সর্বোচ্চ) ৪২ দশমিক ৯৯ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
চলতি বছরের ডিসেম্বর থেকেই এ নতুন মজুরি কার্যকর হবে বলে জানানো হয়েছে। শ্রমিকেরা তা ২০২৭ সালের জানুয়ারি থেকে হাতে পাবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি নির্ধারণের পর আজকের সভায় গ্রেডভেদে মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা নিয়ে আলোচনা হবে। এটি চূড়ান্তের পর শিগগিরই গেজেট প্রকাশিত হবে।
কালিয়াকৈরের একাধিক শ্রমিক বলেন, "বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করেছি ঠিকই, কিন্তু কোনো ভাঙচুর করিনি। ভাঙচুর, সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও যারা করছে, তারা কেউ শ্রমিক নয়।" আরেক শ্রমিক বলেন, "নতুন মজুরি ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এখন আমরা কাজে ফিরতে চাই। কারখানা চললে আমাদের সংসার চলবে।"
বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান বলেন, "সরকারের সিদ্ধান্ত পোশাকমালিকেরা অবশ্যই মানবেন। তবে পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে গ্যাস, বিদ্যুৎ সংকটসহ উৎপাদনশীলতার পথে যেসব বাধা আছে, তা দূর করার উদ্যোগ সরকারকে নিতে হবে।" বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উপদেষ্টা মারুফ হাসান রুমি বলেন, "মালিকপক্ষকে বুঝতে হবে, শ্রমিকদের বঞ্চিত রেখে উৎপাদনশীলতা ধরে রাখা যাবে না। শ্রমিকদের বেতন বাড়লে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, তাতে অর্থনীতি সুদৃঢ় হবে।"
সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবির খান দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে সবাইকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। এ সময় কিছু সময়ের জন্য শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বৃহস্পতিবার কালিয়াকৈরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের অবসান ঘটেছে। নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে কালিয়াকৈরের শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য- এখন সবার চোখ গেজেট প্রকাশের দিকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ