বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৫ এম
পশ্চিম জাভা প্রদেশের ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৭ জন, যাদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে, পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের ফলে খনির একটি অংশ ভেঙে পড়ে এবং সেখানে পানি প্রবাহিত হয়। এতে ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়ে যান।
জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকারী দল ইতোমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ১৭ জন শ্রমিক এখনও খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। খনির প্রবেশপথ ও খননকৃত অংশ অত্যন্ত সরু। ভেতরের পথ অসমান, পর্যাপ্ত আলোর অভাব এবং জমে থাকা পানির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এ ছাড়া পিচ্ছিল মাটিও উদ্ধারকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দুর্ঘটনাস্থলের আশপাশে হালকা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
সিগুহা এলাকা দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত। সেখানে অনুমোদনহীনভাবে খননকাজ পরিচালিত হচ্ছে। যথাযথ নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এসব খনিতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ২৬ নভেম্বর, কেক দিবস। প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয় কেকের জনপ্রিয়তা উদযাপনের জন্য, যা মিষ্টি খাবারের মধ্যে অন্যতম। জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, অবসর উদযাপন, কিংবা পারিবারিক আয়োজন—বিভিন্ন আনন্দঘন মুহূর্তে কেক থাকে বিশেষ আকর্ষণ।
কেক শুধুমাত্র জন্মদিনের খাবার নয়, এটি আনন্দ ও ভালোবাসা প্রকাশের একটি মাধ্যমও। বিভিন্ন স্বাদ, আকার ও সাজে তৈরি কেক উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। সাধারণত কেক তৈরির জন্য ময়দা, চিনি, ডিম, মাখন বা তেল ব্যবহার করা হয়। এর সাথে দুধ বা পানি, বেকিং পাউডার কিংবা ইস্ট যোগ করা হয়। স্বাদ বৃদ্ধির জন্য বাদাম, ফল, ফলের নির্যাস এবং নানা উপকরণও ব্যবহার করা হয়।
কেকের বিভিন্ন ধরন রয়েছে। কিছু কেকের ওপর থাকে মাখনের ক্রিম, আবার কিছু কেক সাজানো হয় ফল বা মিষ্টি উপকরণ দিয়ে। ঘরে তৈরি কেক হোক কিংবা মিষ্টির দোকান থেকে কেনা—প্রিয়জনের সঙ্গে কেক ভাগ করে খাওয়ার আনন্দই এ দিনের মূল আকর্ষণ।
কেক দিবস উপলক্ষে, ঘরে কেক তৈরি করা, পছন্দের কেক সাজানো অথবা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কেক ভাগ করে নেওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা যেতে পারে।
কেকের ইতিহাস ও বেশ পুরোনো। ‘কেক’ শব্দটি এসেছে প্রাচীন নর্স ভাষার ‘কাকা’ শব্দ থেকে। ধারণা করা হয়, সে সময় কেকের গঠন ছিল আদার পিঠার মতো। বর্তমানে অসংখ্য রকমের কেক তৈরি হয়, যার অনেক রেসিপি শতাব্দী প্রাচীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের হতদরিদ্র ও আর্তপীড়িত শ্রমিকদের জন্য পরম নির্ভরতার প্রতীক হলেন পল্লিচিকিৎসক রাধেশ্যাম কৈরী। স্থানীয় জনগণের কাছে তিনি ‘রাধা ডাক্তার’ নামে অধিক পরিচিত। তিনি ৫৭ বছর ধরে চা বাগানের নারী, পুরুষ ও শিশুদের জন্য নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। যখন বাগানে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া কিংবা জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন তিনি রাতের অন্ধকারে হারিকেন বা টর্চ জ্বালিয়ে পাহাড়-টিলা ও জঙ্গল পেরিয়ে শ্রমিকদের ঘরে ছুটে যান।
রোগীদের নাড়ি ধরে এবং উপসর্গ শুনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে। রোগীরা আনন্দের সঙ্গে ১০-২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ফি প্রদান করেন। যারা অর্থনৈতিকভাবে অক্ষম, তাদের তিনি বিনামূল্যে চিকিৎসা দেন। তবে জটিল রোগীদের তিনি উপজেলা বা জেলা সদরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে দেন। চা শ্রমিক প্রণতি কর, শেফালী কর ও সঞ্জয় দাস বলেন, "রাধা ডাক্তার আমাদের প্রাণের মানুষ।"
বিসমিল্লাহ ফার্মেসির মালিক হাসান মাহমুদ জানান, করোনাকালে যখন মানুষ ভয়ে ঘর থেকে বের হয়নি, তখনও তিনি গভীর রাত পর্যন্ত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করেছেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লসমন কৈরী বলেন, তার বাস্তব অভিজ্ঞতানির্ভর রোগ নির্ণয়ের ক্ষমতা দেখে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরাও বিস্মিত হন। অর্থের মোহ ত্যাগ করে প্রান্তিক মানুষের সেবায় জীবন উৎসর্গ করা রাধেশ্যাম কৈরী আজ চা বাগানের মানুষের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির সদস্যদের নিয়ে একটি জরুরি অনলাইন বার্ষিক সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এটিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী গবেষণার সুযোগ পাক এবং নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারুক। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে একটি কার্যকর ও গতিশীল গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।"
নবনিযুক্ত সভাপতি আব্দুলাহ আল নোমান বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (IURS) জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি হোক, নতুন নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠুক- এই প্রত্যাশা ব্যক্ত করছি।"
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিয়া আলম, শুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মো. হাসিব মিয়া, মোছা. মারিয়ম আক্তার চৈতি, জারিন আক্তার মীম এবং সাদিয়া সাবরিনা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. শাহরীয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা এবং আশফিয়া কানিজ ফাতেমা। সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসরুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবাইর চৌধুরী, কোষাধ্যক্ষ পদে শেখ মিরাজুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. আরমান আলী, দপ্তর সম্পাদক হিসেবে মো. উজ্জ্বল রানা, উপদপ্তর সম্পাদক হিসেবে তাফসির রহমান মৃধা, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক হিসেবে সাগর মোল্লা, সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক হিসেবে মোছা. শাহারা রহমান, গবেষণা সম্পাদক হিসেবে রোহানা আক্তার, উপ-গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম, ইভেন্ট উপস্থাপনা সম্পাদক হিসেবে মুস্তাবা তানজিম রহমান, উপ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক হিসেবে সেহেরীস জাহান সিমি, তথ্য সম্পাদক হিসেবে সানজিদা আহমেদ, উপ-তথ্য সম্পাদক হিসেবে মাইমুনা রহমান, কর্মশালা সম্পাদক হিসেবে মো. রোহান চৌধুরী, উপ- কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে মো. তাওহিদুল ইসলাম এবং মারুফ ইসলাম আতিক দায়িত্ব পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার (রেন্ট ফ্রিজ) সিদ্ধান্তকে বহাল রেখেছে। একই সঙ্গে আদালত বাড়ির মালিকদের একটি গোষ্ঠীর করা আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে শহরের প্রায় অর্ধেক ভাড়াবাড়ির ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হবে না।
মামদানি নির্বাচনে জয়ী হয়েছিলেন আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়ে। আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, "এটি ভাড়াটিয়াদের অধিকার, সাশ্রয়ী আবাসন এবং কর্মজীবী নিউ ইয়র্কবাসীর বসবাসের উপযোগী শহর পাওয়ার অধিকারের বিজয়।"
বাড়ির মালিকরা অভিযোগ করেছেন, ভাড়া নির্দেশিকা বোর্ডের (রেন্ট গাইডলাইনস বোর্ড) ভাড়া বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্তটি স্বাধীনভাবে নেওয়া হয়নি। তারা দাবি করেন, মামদানির অনুগত সদস্যদের প্রভাবেই এ সিদ্ধান্ত এসেছে। এ প্রক্রিয়াকে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে আদালতে আবেদন করেছিলেন বাড়ির মালিকেরা।
বিচারপতি ব্রেন্ডন ল্যান্ট্রি রায়ে উল্লেখ করেছেন, বাড়িওয়ালারা প্রমাণ করতে পারেননি যে ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি অযৌক্তিক, খেয়ালখুশিমতো নেওয়া বা স্বেচ্ছাচারী ছিল। তিনি আরও বলেন, মামদানির এমন সদস্যদের বোর্ডে নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, যারা তার কর্মসূচির সঙ্গে একমত।
রায়ে বলা হয়, "নির্বাচনের ফলাফলের প্রভাব থাকে—এটি আমাদের গণতন্ত্রের অন্যতম ভিত্তি।"
রায়ে আরও উল্লেখ করা হয়, "নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মেয়র জোহরান মামদানি ২০২৫ সালের সাধারণ নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নিজের পছন্দ অনুযায়ী বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছেন, যা করার পূর্ণ ক্ষমতা তার ছিল। বোর্ডের সদস্যদের সঙ্গে মেয়রের রাজনৈতিক মতাদর্শ ও দর্শনের মিল থাকলেই তা যোগসাজশের প্রমাণ হয়ে যায় না।"
মামদানি বলেন, আদালতের এ সিদ্ধান্তে ২০ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আবাসন কোনো বিলাসদ্রব্য নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন। এ ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ২০ লাখের বেশি মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।"
সূত্র: রয়টার্স
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ