বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৪ এম
ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই হামলার ফলে রাশিয়ার পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের মতে, এসব বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হতো।
বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলাটি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানের মধ্যে তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রয়েছে। এই বিমানের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া, দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কিয়েভ জানিয়েছে, মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যে ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার হামলার অংশ হিসেবে সাভাসলেইকা বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক উল্লেখযোগ্য হামলা চালিয়েছে। এর মধ্যে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজে হামলা এবং ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি জাহাজে আঘাত হানা অন্তর্ভুক্ত রয়েছে।
গত সপ্তাহে ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংস করে। পরপর কয়েকটি হামলার পর সেতুটির ওই অংশ ধ্বংস করা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও লড়াই থামেনি।
কিয়েভ রাশিয়ার সামরিক সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে। একই সময়ে দেশটির জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার নতুন করে হামলা বেড়েছে। পাশাপাশি ইউক্রেনের সম্মুখসারির শহরগুলোতেও রুশ হামলা অব্যাহত রয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ব্যবস্থা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক মাসে এ ধরনের ১৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার যেসব হামলা হচ্ছে, তার অনেকগুলোতেই এসব ব্যবস্থা ব্যবহার করা হয়।
এদিকে, ইউক্রেনের নতুন করে শুরু করা ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর উৎপাদনও কমেছে। চলতি মাসে শিল্প খাতের কয়েকটি সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে এসব হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।
কিয়েভ জানিয়েছে, মস্কো যদি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ না করে, তবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করবে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু ঘটেছে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি তারা মিয়া শেখ (৪০) একই এলাকার আয়নাল শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে দুপুরে তারা মিয়া শেখ এবং তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর উভয়ের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে খাদিজা তার স্বামী তারা মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। আটক খাদিজা আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিম জাভা প্রদেশের ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৭ জন, যাদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে, পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের ফলে খনির একটি অংশ ভেঙে পড়ে এবং সেখানে পানি প্রবাহিত হয়। এতে ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়ে যান।
জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকারী দল ইতোমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ১৭ জন শ্রমিক এখনও খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। খনির প্রবেশপথ ও খননকৃত অংশ অত্যন্ত সরু। ভেতরের পথ অসমান, পর্যাপ্ত আলোর অভাব এবং জমে থাকা পানির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এ ছাড়া পিচ্ছিল মাটিও উদ্ধারকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দুর্ঘটনাস্থলের আশপাশে হালকা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
সিগুহা এলাকা দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত। সেখানে অনুমোদনহীনভাবে খননকাজ পরিচালিত হচ্ছে। যথাযথ নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এসব খনিতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ২৬ নভেম্বর, কেক দিবস। প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয় কেকের জনপ্রিয়তা উদযাপনের জন্য, যা মিষ্টি খাবারের মধ্যে অন্যতম। জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, অবসর উদযাপন, কিংবা পারিবারিক আয়োজন—বিভিন্ন আনন্দঘন মুহূর্তে কেক থাকে বিশেষ আকর্ষণ।
কেক শুধুমাত্র জন্মদিনের খাবার নয়, এটি আনন্দ ও ভালোবাসা প্রকাশের একটি মাধ্যমও। বিভিন্ন স্বাদ, আকার ও সাজে তৈরি কেক উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। সাধারণত কেক তৈরির জন্য ময়দা, চিনি, ডিম, মাখন বা তেল ব্যবহার করা হয়। এর সাথে দুধ বা পানি, বেকিং পাউডার কিংবা ইস্ট যোগ করা হয়। স্বাদ বৃদ্ধির জন্য বাদাম, ফল, ফলের নির্যাস এবং নানা উপকরণও ব্যবহার করা হয়।
কেকের বিভিন্ন ধরন রয়েছে। কিছু কেকের ওপর থাকে মাখনের ক্রিম, আবার কিছু কেক সাজানো হয় ফল বা মিষ্টি উপকরণ দিয়ে। ঘরে তৈরি কেক হোক কিংবা মিষ্টির দোকান থেকে কেনা—প্রিয়জনের সঙ্গে কেক ভাগ করে খাওয়ার আনন্দই এ দিনের মূল আকর্ষণ।
কেক দিবস উপলক্ষে, ঘরে কেক তৈরি করা, পছন্দের কেক সাজানো অথবা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কেক ভাগ করে নেওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা যেতে পারে।
কেকের ইতিহাস ও বেশ পুরোনো। ‘কেক’ শব্দটি এসেছে প্রাচীন নর্স ভাষার ‘কাকা’ শব্দ থেকে। ধারণা করা হয়, সে সময় কেকের গঠন ছিল আদার পিঠার মতো। বর্তমানে অসংখ্য রকমের কেক তৈরি হয়, যার অনেক রেসিপি শতাব্দী প্রাচীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের হতদরিদ্র ও আর্তপীড়িত শ্রমিকদের জন্য পরম নির্ভরতার প্রতীক হলেন পল্লিচিকিৎসক রাধেশ্যাম কৈরী। স্থানীয় জনগণের কাছে তিনি ‘রাধা ডাক্তার’ নামে অধিক পরিচিত। তিনি ৫৭ বছর ধরে চা বাগানের নারী, পুরুষ ও শিশুদের জন্য নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। যখন বাগানে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া কিংবা জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন তিনি রাতের অন্ধকারে হারিকেন বা টর্চ জ্বালিয়ে পাহাড়-টিলা ও জঙ্গল পেরিয়ে শ্রমিকদের ঘরে ছুটে যান।
রোগীদের নাড়ি ধরে এবং উপসর্গ শুনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে। রোগীরা আনন্দের সঙ্গে ১০-২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ফি প্রদান করেন। যারা অর্থনৈতিকভাবে অক্ষম, তাদের তিনি বিনামূল্যে চিকিৎসা দেন। তবে জটিল রোগীদের তিনি উপজেলা বা জেলা সদরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে দেন। চা শ্রমিক প্রণতি কর, শেফালী কর ও সঞ্জয় দাস বলেন, "রাধা ডাক্তার আমাদের প্রাণের মানুষ।"
বিসমিল্লাহ ফার্মেসির মালিক হাসান মাহমুদ জানান, করোনাকালে যখন মানুষ ভয়ে ঘর থেকে বের হয়নি, তখনও তিনি গভীর রাত পর্যন্ত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করেছেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লসমন কৈরী বলেন, তার বাস্তব অভিজ্ঞতানির্ভর রোগ নির্ণয়ের ক্ষমতা দেখে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরাও বিস্মিত হন। অর্থের মোহ ত্যাগ করে প্রান্তিক মানুষের সেবায় জীবন উৎসর্গ করা রাধেশ্যাম কৈরী আজ চা বাগানের মানুষের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ