প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যদের দ্বারা মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান আহত হয়েছেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার বিকেলে তিনি অটোরিকশায় করে বিশমাইল হয়ে টিউশনে যাচ্ছিলেন। এ সময় এক সেনাসদস্য তাঁর অটোরিকশা আটকান এবং লাঠি দিয়ে আঘাত করেন। যখন তিনি জানতে চান কেন মারছেন, তখন তাঁকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লাথি মারার পাশাপাশি বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতির তাৎক্ষণিকতায় উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।’
অবরোধকারী শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন