১০:১৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান ‘চ্যালেঞ্জ’ জানিয়েছেন। প্রায় ১০ মিনিটের ফোনালাপে মো. তারেক আজিজ রায়হানকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের জন্য আহ্বান জানান। তবে রায়হান এই আহ্বানে রাজি না হয়ে উল্টো বলেন, পুলিশ তাকে খুঁজে পাবে না।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রায়হান নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন। পরে এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেয়া হবে না। কিন্তু রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি এবং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’
জবাবে রায়হান জানান, তার আত্মসমর্পণের ইচ্ছা রয়েছে। তবে তিনি একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তার ভাষ্য, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এর ফলে তাকে নিয়ে ঝামেলা তৈরি হয় এবং তার ভাই সব অস্ত্র নিয়ে নেন।
কথোপকথনে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে আত্মবিশ্বাস দেখান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তার অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাকে খুঁজে পাবে না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার কথাও পুলিশ কর্মকর্তাকে জানান তিনি।
একপর্যায়ে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ‘হাওয়া হয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন। ফোনালাপে তাকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় পুলিশ কর্মকর্তার পরিবারের খোঁজখবরও নেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পর্তুগালের খেলোয়াড়রা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অসম্মান করেননি।
তিনি এই মন্তব্যটি বুধবার স্পোর্টিংয়ের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পূর্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে করেছেন।
ফার্নান্দেস এবং রোনালদো উভয়েই একই ক্লাবে খেলেছেন এবং জাতীয় দলের বিতর্কের প্রেক্ষাপটে এই ইউনাইটেড মিডফিল্ডারকে প্রশ্ন করা হয়েছিল।
ফার্নান্দেস বলেন, "হয়তো ক্রিশ্চিয়ানো এমনটি অনুভব করেছেন, আমি জানি না... আমরা সবসময় তাকে যথাসাধ্য সম্মান জানানোর চেষ্টা করেছি কারণ তিনি সব প্রজন্মের জন্যই এক আদর্শ।"
তিনি আরও যোগ করেন, "কিন্তু তিনি যদি নিজেকে অসম্মানিত মনে করে থাকেন, তবে এর বিপরীতে বলার আমি কে?"
"আমি শুধু এটুকুই বলতে পারি যে, জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে—অধিনায়ক হিসেবে নয়, কারণ বার্নার্দো সিলভা হলেন অধিনায়ক—জাতীয় দলে আমরা যা কিছু করেছি, তা ছিল মানুষ এবং খেলোয়াড় হিসেবে রোনালদোকে সম্মান জানানোর জন্য..."
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এতে তাঁদের কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পাশাপাশি হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
বোয়ালিয় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মন্তব্য করেছেন যে, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার করা এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা ও মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেত বাবুপুরা সড়কের সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি মিলনায়তনে ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে একবারই করা যায়।" তিনি উল্লেখ করেন যে, সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ধানীর ৪২ বছরের প্রচারণার ফলে সমাজে একসময়ের সংস্কার অনেকটাই কমেছে এবং মানুষ এখন জানে যে কর্নিয়া দানের মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টি ফিরে পেতে পারেন।
২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্বের ওপর নিজের পরিচালিত জাতীয় জরিপের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় ২ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপ চালানো হয়। জরিপে দেখা গিয়েছিল, প্রায় ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব বরণ করেছে, যার প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর অভাব। তবে বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমে এসেছে এবং দুর্ঘটনা বা আঘাতজনিত (ট্রমাটিক) কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।
আঘাতজনিত কর্নিয়ার ক্ষতে সফল প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারে দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারবে।
দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান ড. এম এ মুহিত। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন, যাতে প্রতিষ্ঠানটি তাদের চলমান চক্ষু হাসপাতালের মাধ্যমে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দিতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম। আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ