ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফার্নান্দেস: পর্তুগালের সতীর্থরা রোনালদোকে অসম্মান করেননি


ফার্নান্দেস: পর্তুগালের সতীর্থরা রোনালদোকে অসম্মান করেননি

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পর্তুগালের খেলোয়াড়রা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অসম্মান করেননি।

তিনি এই মন্তব্যটি বুধবার স্পোর্টিংয়ের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পূর্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে করেছেন।

ফার্নান্দেস এবং রোনালদো উভয়েই একই ক্লাবে খেলেছেন এবং জাতীয় দলের বিতর্কের প্রেক্ষাপটে এই ইউনাইটেড মিডফিল্ডারকে প্রশ্ন করা হয়েছিল।

আরও পড়ুন: আইপিএল নিলামে ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ঈসাখিল

ফার্নান্দেস বলেন, "হয়তো ক্রিশ্চিয়ানো এমনটি অনুভব করেছেন, আমি জানি না... আমরা সবসময় তাকে যথাসাধ্য সম্মান জানানোর চেষ্টা করেছি কারণ তিনি সব প্রজন্মের জন্যই এক আদর্শ।"

তিনি আরও যোগ করেন, "কিন্তু তিনি যদি নিজেকে অসম্মানিত মনে করে থাকেন, তবে এর বিপরীতে বলার আমি কে?"

"আমি শুধু এটুকুই বলতে পারি যে, জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে—অধিনায়ক হিসেবে নয়, কারণ বার্নার্দো সিলভা হলেন অধিনায়ক—জাতীয় দলে আমরা যা কিছু করেছি, তা ছিল মানুষ এবং খেলোয়াড় হিসেবে রোনালদোকে সম্মান জানানোর জন্য..."

আরও পড়ুন: বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।

লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এতে তাঁদের কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পাশাপাশি হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

বোয়ালিয় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মন্তব্য করেছেন যে, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার করা এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা ও মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেত বাবুপুরা সড়কের সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি মিলনায়তনে ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে একবারই করা যায়।" তিনি উল্লেখ করেন যে, সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ধানীর ৪২ বছরের প্রচারণার ফলে সমাজে একসময়ের সংস্কার অনেকটাই কমেছে এবং মানুষ এখন জানে যে কর্নিয়া দানের মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টি ফিরে পেতে পারেন।

২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্বের ওপর নিজের পরিচালিত জাতীয় জরিপের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় ২ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপ চালানো হয়। জরিপে দেখা গিয়েছিল, প্রায় ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব বরণ করেছে, যার প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর অভাব। তবে বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমে এসেছে এবং দুর্ঘটনা বা আঘাতজনিত (ট্রমাটিক) কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।

আঘাতজনিত কর্নিয়ার ক্ষতে সফল প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারে দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারবে।

দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান ড. এম এ মুহিত। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন, যাতে প্রতিষ্ঠানটি তাদের চলমান চক্ষু হাসপাতালের মাধ্যমে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম। আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী নেই, ক্যান্সারে আক্রান্ত, আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


স্বামী নেই, ক্যান্সারে আক্রান্ত, আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর বিনবিনা এলাকার নাসিমা বেগমের জীবনে একের পর এক দুর্যোগ নেমে এসেছে। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর, দুই সন্তানকে নিয়ে অন্যের জমিতে কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন। এর মধ্যে তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে।

চিকিৎসার খরচ জোগানো যেখানে কঠিন, সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোঁজার একমাত্র ঘরটি। স্বামীহারা ও ক্যান্সারে আক্রান্ত নাসিমা এখন নিজের জীবন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এমন দুঃসময়ে সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে তার অসহায় পরিবার।

নাসিমা বেগম কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার খাজা আলমের মেয়ে। তার স্বামী রবিউল ইসলাম পেশায় অটোরিকশাচালক ছিলেন। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে শুরু হয় তার জীবনসংগ্রাম। স্বামীহারা হয়েও তিনি ভেঙে পড়েননি। অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করতেন। শত কষ্টের মধ্যেও সন্তানদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। কিন্তু অসুস্থতা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়।

পিত্তথলির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও প্রায় তিন মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসুস্থ মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ বাবা খাজা আলম।

পরিবারটির সংকট আরও গভীর। নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়া জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মূলত বৃদ্ধ বাবা খাজা আলম। বয়সের ভারে ন্যুব্জ এই বাবার পক্ষে অসুস্থ মেয়ের চিকিৎসা, নাতি-নাতনির পড়াশোনা এবং পরিবারের সবার ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে গত ১৯ নভেম্বর বিকেলে আগুনে পুড়ে যায় তাদের বসতঘর। ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারায় পরিবারটি। বর্তমানে একটি মাত্র ঘরে নাসিমা, তার বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী ভাই ও দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বেগম বলেন, "স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে শত কষ্টের মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন থেকে পিছিয়ে যাননি তিনি। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন থাকার একমাত্র ঘরটিও আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কেউ কোনো সহায়তা করেনি। কীভাবে চিকিৎসা করাবেন, সন্তানদের কীভাবে মানুষ করবেন, তা বুঝতে পারছেন না তিনি।"

বিনবিনা এলাকার সচেতন যুবক জুয়েল মিয়া বলেন, "সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দেওয়া মানুষের অভাব নেই। অথচ এমন মানবেতর জীবনযাপন করা একটি পরিবারের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়াননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।"

একই এলাকার লবিব মিয়া বলেন, "চর এলাকার মানুষের ভোটের সময় সবাই আসে। কিন্তু খাজা আলমের মতো অসহায় একটি পরিবারের পাশে কেউ না দাঁড়ানো দুঃখজনক। মানুষের সেবার কথা বলা হলেও বাস্তবে এমন বিপদে তাঁদের পাশে কাউকে পাওয়া যাচ্ছে না।"

কোলকোন্দ ইউনিয়নের ৫ নম্বর বিনবিনা এলাকার ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, "পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, পরিবারটি সরকারি সহায়তা পাবে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, "বাড়ি পুড়ে যাওয়ার বিষয়ে তথ্য পেয়েছি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। যোগাযোগ করলে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব।"

স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করেছিলেন নাসিমা। কিন্তু ক্যান্সার ও অগ্নিকাণ্ডের পর তার সেই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। নিজের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা এবং বসতঘর পুনর্নির্মাণের সামর্থ্য নেই পরিবারের। এমন পরিস্থিতিতে নাসিমার চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

অসহায় নাসিমা বেগমের সঙ্গে যোগাযোগ ও সহায়তায় বিকাশ নম্বর: ০১৩২৪-০১৪৯২৮।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টিভ হার্ভে জানান, তাঁর পুত্র ইসলাম গ্রহণে আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


স্টিভ হার্ভে জানান, তাঁর পুত্র ইসলাম গ্রহণে আগ্রহী

মার্কিন টিভি উপস্থাপক ও কমেডিয়ান স্টিভ হার্ভে জানিয়েছেন, তাঁর কনিষ্ঠ পুত্র ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। এই তথ্যটি তিনি শারজাহর শাসক শেখ সুলতান আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর জানান। ছেলের এই সিদ্ধান্তে তিনি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

হার্ভে ২০২৬ সালের শারজাহ আন্তর্জাতিক বইমেলার (এসআইবিএফ) ফাঁকে ধারণ করা এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হার্ভে জানান, কনিষ্ঠ পুত্রের এই ইচ্ছায় তিনি মোটেও অবাক হননি। তাঁর ভাষ্যমতে, ছেলে জন্মের পর থেকেই তাঁর ভেতরে এমন এক অনুভূতি কাজ করত যে, সন্তানটি বড় হয়ে কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে। সেই অনুভূতির কারণে তিনি ছেলের নাম রেখেছিলেন ‘আলী’ বলে উল্লেখ করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। হার্ভে বলেন, আরব আমিরাতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর ছিল শারজাহতে, যেখানে তিনি বইমেলায় অংশ নেন এবং শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।

হার্ভে উল্লেখ করেন, মাত্র এক দিনের আলোচনায় এক আল্লাহর প্রতি বিশ্বাসের যে মূল ধারণা শেখ সুলতান তাঁকে বুঝিয়েছেন, তা ইসলাম সম্পর্কে তাঁর আগের অস্পষ্টতা দূর করে এক নতুন উপলব্ধি দিয়েছে।

এ সময় তিনি শারজাহ আমিরাতের ভূয়সী প্রশংসা করেন। হার্ভে একে শিক্ষা ও সংস্কৃতির কদর করা এক শান্তিপূর্ণ স্থান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পরিবার, উদ্যোক্তা এবং যাঁরা স্থিতিশীলতা ও ব্যক্তিসম্মান খুঁজছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী জায়গা। বহু বছর ধরেই তাঁর এখানে আসার ইচ্ছা ছিল উল্লেখ করে তিনি অন্যদেরও নিজ চোখে জায়গাটি ঘুরে দেখার আহ্বান জানান।

স্টিভ হার্ভে এই সফরকে নিজের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁর ছেলে ইসলাম গ্রহণের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। এর আগে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে সংবাদমাধ্যম ‘গালফ টুডে’ হার্ভের এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%