ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মন্তব্য করেছেন যে, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার করা এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা ও মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেত বাবুপুরা সড়কের সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি মিলনায়তনে ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে একবারই করা যায়।" তিনি উল্লেখ করেন যে, সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ধানীর ৪২ বছরের প্রচারণার ফলে সমাজে একসময়ের সংস্কার অনেকটাই কমেছে এবং মানুষ এখন জানে যে কর্নিয়া দানের মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টি ফিরে পেতে পারেন।

আরও পড়ুন: ভোলায় আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে যুবকরা অনশন ভাঙলেন

২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্বের ওপর নিজের পরিচালিত জাতীয় জরিপের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় ২ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপ চালানো হয়। জরিপে দেখা গিয়েছিল, প্রায় ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব বরণ করেছে, যার প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর অভাব। তবে বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমে এসেছে এবং দুর্ঘটনা বা আঘাতজনিত (ট্রমাটিক) কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।

আঘাতজনিত কর্নিয়ার ক্ষতে সফল প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারে দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারবে।

দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান ড. এম এ মুহিত। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন, যাতে প্রতিষ্ঠানটি তাদের চলমান চক্ষু হাসপাতালের মাধ্যমে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম। আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

আরও পড়ুন: নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী নেই, ক্যান্সারে আক্রান্ত, আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


স্বামী নেই, ক্যান্সারে আক্রান্ত, আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর বিনবিনা এলাকার নাসিমা বেগমের জীবনে একের পর এক দুর্যোগ নেমে এসেছে। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর, দুই সন্তানকে নিয়ে অন্যের জমিতে কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন। এর মধ্যে তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে।

চিকিৎসার খরচ জোগানো যেখানে কঠিন, সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোঁজার একমাত্র ঘরটি। স্বামীহারা ও ক্যান্সারে আক্রান্ত নাসিমা এখন নিজের জীবন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এমন দুঃসময়ে সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে তার অসহায় পরিবার।

নাসিমা বেগম কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার খাজা আলমের মেয়ে। তার স্বামী রবিউল ইসলাম পেশায় অটোরিকশাচালক ছিলেন। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে শুরু হয় তার জীবনসংগ্রাম। স্বামীহারা হয়েও তিনি ভেঙে পড়েননি। অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করতেন। শত কষ্টের মধ্যেও সন্তানদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। কিন্তু অসুস্থতা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়।

পিত্তথলির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও প্রায় তিন মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসুস্থ মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ বাবা খাজা আলম।

পরিবারটির সংকট আরও গভীর। নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়া জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মূলত বৃদ্ধ বাবা খাজা আলম। বয়সের ভারে ন্যুব্জ এই বাবার পক্ষে অসুস্থ মেয়ের চিকিৎসা, নাতি-নাতনির পড়াশোনা এবং পরিবারের সবার ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে গত ১৯ নভেম্বর বিকেলে আগুনে পুড়ে যায় তাদের বসতঘর। ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারায় পরিবারটি। বর্তমানে একটি মাত্র ঘরে নাসিমা, তার বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী ভাই ও দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বেগম বলেন, "স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে শত কষ্টের মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন থেকে পিছিয়ে যাননি তিনি। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন থাকার একমাত্র ঘরটিও আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কেউ কোনো সহায়তা করেনি। কীভাবে চিকিৎসা করাবেন, সন্তানদের কীভাবে মানুষ করবেন, তা বুঝতে পারছেন না তিনি।"

বিনবিনা এলাকার সচেতন যুবক জুয়েল মিয়া বলেন, "সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দেওয়া মানুষের অভাব নেই। অথচ এমন মানবেতর জীবনযাপন করা একটি পরিবারের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়াননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।"

একই এলাকার লবিব মিয়া বলেন, "চর এলাকার মানুষের ভোটের সময় সবাই আসে। কিন্তু খাজা আলমের মতো অসহায় একটি পরিবারের পাশে কেউ না দাঁড়ানো দুঃখজনক। মানুষের সেবার কথা বলা হলেও বাস্তবে এমন বিপদে তাঁদের পাশে কাউকে পাওয়া যাচ্ছে না।"

কোলকোন্দ ইউনিয়নের ৫ নম্বর বিনবিনা এলাকার ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, "পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, পরিবারটি সরকারি সহায়তা পাবে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, "বাড়ি পুড়ে যাওয়ার বিষয়ে তথ্য পেয়েছি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। যোগাযোগ করলে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব।"

স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করেছিলেন নাসিমা। কিন্তু ক্যান্সার ও অগ্নিকাণ্ডের পর তার সেই লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। নিজের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা এবং বসতঘর পুনর্নির্মাণের সামর্থ্য নেই পরিবারের। এমন পরিস্থিতিতে নাসিমার চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

অসহায় নাসিমা বেগমের সঙ্গে যোগাযোগ ও সহায়তায় বিকাশ নম্বর: ০১৩২৪-০১৪৯২৮।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টিভ হার্ভে জানান, তাঁর পুত্র ইসলাম গ্রহণে আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


স্টিভ হার্ভে জানান, তাঁর পুত্র ইসলাম গ্রহণে আগ্রহী

মার্কিন টিভি উপস্থাপক ও কমেডিয়ান স্টিভ হার্ভে জানিয়েছেন, তাঁর কনিষ্ঠ পুত্র ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। এই তথ্যটি তিনি শারজাহর শাসক শেখ সুলতান আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর জানান। ছেলের এই সিদ্ধান্তে তিনি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

হার্ভে ২০২৬ সালের শারজাহ আন্তর্জাতিক বইমেলার (এসআইবিএফ) ফাঁকে ধারণ করা এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হার্ভে জানান, কনিষ্ঠ পুত্রের এই ইচ্ছায় তিনি মোটেও অবাক হননি। তাঁর ভাষ্যমতে, ছেলে জন্মের পর থেকেই তাঁর ভেতরে এমন এক অনুভূতি কাজ করত যে, সন্তানটি বড় হয়ে কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে। সেই অনুভূতির কারণে তিনি ছেলের নাম রেখেছিলেন ‘আলী’ বলে উল্লেখ করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। হার্ভে বলেন, আরব আমিরাতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর ছিল শারজাহতে, যেখানে তিনি বইমেলায় অংশ নেন এবং শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।

হার্ভে উল্লেখ করেন, মাত্র এক দিনের আলোচনায় এক আল্লাহর প্রতি বিশ্বাসের যে মূল ধারণা শেখ সুলতান তাঁকে বুঝিয়েছেন, তা ইসলাম সম্পর্কে তাঁর আগের অস্পষ্টতা দূর করে এক নতুন উপলব্ধি দিয়েছে।

এ সময় তিনি শারজাহ আমিরাতের ভূয়সী প্রশংসা করেন। হার্ভে একে শিক্ষা ও সংস্কৃতির কদর করা এক শান্তিপূর্ণ স্থান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পরিবার, উদ্যোক্তা এবং যাঁরা স্থিতিশীলতা ও ব্যক্তিসম্মান খুঁজছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী জায়গা। বহু বছর ধরেই তাঁর এখানে আসার ইচ্ছা ছিল উল্লেখ করে তিনি অন্যদেরও নিজ চোখে জায়গাটি ঘুরে দেখার আহ্বান জানান।

স্টিভ হার্ভে এই সফরকে নিজের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁর ছেলে ইসলাম গ্রহণের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। এর আগে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে সংবাদমাধ্যম ‘গালফ টুডে’ হার্ভের এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রযুক্তি ও ডিজাইনে হোন্ডা হর্নেট ২.০ বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


নতুন প্রযুক্তি ও ডিজাইনে হোন্ডা হর্নেট ২.০ বাজারে

বাংলাদেশের বাজারে নতুন ‘হোন্ডা হর্নেট ২.০’ (Honda Hornet 2.0) উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, যা আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্ট্রিটফাইটার ডিজাইনের সমন্বয়ে তৈরি। আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মডেলটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯৯৬ সালে হর্নেট সিরিজের যাত্রা শুরু হওয়ার পর থেকে এবং ২০২৪ সাল থেকে বাংলাদেশের সড়কে হর্নেট ২.০-এর উপস্থিতি আরও সমৃদ্ধ করার জন্য নতুন এই মডেলে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সংযোজন করা হয়েছে।

নতুন হর্নেট ২.০ বাইকটিতে ১৮৪.৪ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন রয়েছে, যা ৮৫০০ আরপিএমে ১৬.৬ পিএস পাওয়ার এবং ৬০০০ আরপিএমে ১৫.১ এনএম টর্ক উৎপন্ন করে। রাইডিংকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে এতে হোন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), বশের (BOSCH) ডুয়েল-চ্যানেল এবিএস এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ যুক্ত করা হয়েছে। শোয়া (SHOWA) ব্র্যান্ডের গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক, ১৪০ মিলিমিটার চওড়া রিয়ার টায়ার এবং সামনে ২৭৬ মিলিমিটার ও পেছনে ২২০ মিলিমিটার পেটাল ডিস্ক ব্রেক বাইকটির স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ ও ব্রেকিং সিস্টেমকে উন্নত করেছে।

প্রযুক্তিগত সংযোজনের মধ্যে নতুন কালার টিএফটি মিটার অন্তর্ভুক্ত, যেখানে গিয়ার পজিশন, রিয়েল-টাইম মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য দূরত্ব দেখার সুবিধা রয়েছে। তিনটি ব্রাইটনেস লেভেল ও দুটি ডিসপ্লে থিমের পাশাপাশি টাইপ-সি চার্জিং পোর্টও যুক্ত হয়েছে। সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, এক্স-শেপড এলইডি টেইল ল্যাম্প, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ইএসএস), সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরসহ ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ইঞ্জিন স্টপ সুইচ বাইকটির নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা বাড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া হোন্ডার ‘দ্য পাওয়ার অব ড্রিমস’ দর্শনের কথা উল্লেখ করে বলেন, নতুন হর্নেট ২.০-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে, যা বাংলাদেশের রাইডারদের চাহিদা ও প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান নতুন টিএফটি মিটারের ব্যবহারিক সুবিধা এবং এইচএসটিসি ও ডুয়েল-চ্যানেল এবিএসের মাধ্যমে উন্নত নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন।

নতুন হোন্ডা হর্নেট ২.০ রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক—এই তিনটি রঙে উপলব্ধ। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা। এখন থেকে দেশব্যাপী হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমগুলোতে বাইকটি পাওয়া যাচ্ছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.bdhonda.com অথবা facebook.com/bdhondaofficial। প্রয়োজনে যোগাযোগ করা যাবে হোন্ডার টোল-ফ্রি হটলাইন ০৮০০০৪৩০৪৩০ নম্বরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে, ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই। এই উদ্যোগের মাধ্যমে দেশটি বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে।

মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এই পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলকভাবে কম খরচে তৈরি হবে। যুদ্ধের প্রয়োজনে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখে নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বৃদ্ধি, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ।

বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সক্ষম হয়।

২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।

এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে।

চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।

এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি।

এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%