ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বামনা প্রেসক্লাব পুনর্গঠন: সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা


বামনা প্রেসক্লাব পুনর্গঠন: সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা

দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা ও বিভিন্ন বিতর্কের অবসান ঘটিয়ে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়ে আলোচনা শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমান মন্টু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আ. হালিম, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা।

আরও পড়ুন: পাহাড়ের ৫০ বছরের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়: পার্বত্য মন্ত্রী

বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম আকন, মো. বাছির মোল্লা, ফেরদৌসী আক্তার রিনা, মাসুদ রেজা ফয়সল, ইকবাল কুরাইশি বাবু, মো. কামরুজ্জামান, ফোরকান মাহমুদ, মো. মিরাজ হোসাইন চৌধুরী, রিয়াদুল ইসলাম রিয়াদ, সিদ্দিকুর রহমান মান্না, নাসির উদ্দিন জমাদ্দার, সজীব হোসেন মুন্না ও আসাদুল ইসলাম আসাদসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকরা।

সভায় বক্তারা মন্তব্য করেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি, মানুষের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। এ ক্ষেত্রে একটি শক্তিশালী, কার্যকর ও গ্রহণযোগ্য প্রেসক্লাবের প্রয়োজনীয়তা অপরিসীম।

বক্তারা আরও উল্লেখ করেন, অতীতের বিভিন্ন বিতর্ক, মতবিরোধ ও সাংগঠনিক জটিলতার কারণে বামনা প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একাধিক কমিটি গঠনের ঘটনায় সাংগঠনিক স্থবিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত পরিবেশ ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যক্তিগত বলয়, বিভাজন ও মতবিরোধের ঊর্ধ্বে উঠে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফের উদ্যোগে বামনা প্রেসক্লাব পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবকে একটি সুসংগঠিত, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন: মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বামনা প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা নিয়োগপত্র, প্রকাশিত সংবাদের কপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, আবেদন ও দাখিল করা কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিকদের মতামত ও পেশাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই পুনর্গঠন উদ্যোগের মাধ্যমে বামনা প্রেসক্লাবের দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতার অবসান ঘটবে। ফিরে আসবে পারস্পরিক আস্থা, পেশাগত শৃঙ্খলা ও ঐক্যের পরিবেশ। একই সঙ্গে বামনায় সাংবাদিকতার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রেসক্লাবটি আবারও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন: কুমিল্লায় বিজিডিসিএলের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে

ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া জানিয়েছেন, সামরিক বাহিনীর প্রস্তুতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র এখনও সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে মোকাবিলার চেষ্টা করছে।

আকরামিনিয়া, সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডার এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় উল্লেখ করেন যে, সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসহ (আইআরজিসি) সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা এবং প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে আগের তুলনায়।

তিনি জানান, সেনাপ্রধান জেনারেল হাতামির নির্দেশে হরমুজ প্রণালিতে আরো কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যকর করা হয়েছে। আকরামিনিয়ার দাবি, আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে অননুমোদিত জাহাজ চলাচলের কারণে ঝুঁকি বেড়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় না করে চলাচল করা কিছু জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে।

জাহাজমালিকদের সতর্ক করে ইরানের এই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে হলে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। তিনি আরো বলেন, নতুন যুদ্ধব্যবস্থা যুক্ত করা, পুরোনো ব্যবস্থার উন্নয়ন এবং সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা জোরদারের মাধ্যমে প্রণালিটিতে নজরদারি অনেক বাড়ানো হয়েছে। এ কার্যক্রম পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানবিরোধী তৎপরতা প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের লক্ষ্য কেবল পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক বিষয় কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল না। তবে ইরানের দৃঢ় অবস্থান ও কার্যকর পদক্ষেপের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক—এই তিন ক্ষেত্রেই ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ করছে। একে তিনি শত্রুপক্ষের সমন্বিত ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: মেহের নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর

তরুণ প্রজন্মকে শিক্ষা ও ক্রীড়ায় সম্পৃক্ত করে মাদকমুক্ত পার্বত্য অঞ্চল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী (এমপি)। তিনি এলাকার যেকোনো সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বান্দরবান থেকে সড়কপথে রাঙামাটি যাওয়ার পথে রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে যাত্রাবিরতি করেন মন্ত্রী।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। মন্ত্রী জবাবে বলেন, "পার্বত্য চট্টগ্রামের মানুষের সেবা করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকভাবে পালন করতে চাই। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে শিক্ষা ও ক্রীড়ামুখী করতে হবে।"

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব নূরী চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিকেল ৩টার দিকে মন্ত্রী কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহার ঘাট এলাকার উদ্দেশ্যে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচটি ম্যাচ খেলে তারা একটিতেও পরাজিত হয়নি।

প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল করলেও নিজেদের জালে একটিও গোল হজম করতে হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় দলকে। অধিনায়ক রোকনুজ্জামান রোকনসহ খেলোয়াড়দের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ইশাম উজ্জামান শিহাব প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেছেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী ও অধিনায়ক রোকনুজ্জামান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপপরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)। নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের এই অর্জন অত্যন্ত গর্বের। টানা দ্বিতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সমন্বয়ের ফল। পুরো টুর্নামেন্টে তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং নিজেদের জালে কোনো গোল হজম না করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।”

গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারও অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ফুটবল দল নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ত্রিপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার দেখা মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


এবার ত্রিপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার দেখা মিলল

ভারতের কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোলের পর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের শীর্ষ কয়েকজন নেতা বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতীয় ইন্ডিগো বিমানে নেতারা আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা রাজ্যের রাষ্ট্রীয় অতিথিশালা সোনারতরী হোটেলে বৈঠকে বসেন বলে নির্ভয়যোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে, ত্রিপুরা রাজ্যের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা তাকে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন আগরতলা সীমান্তপথে। একই দিনে, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা বিকাল ৪টায় আখাউড়া-আগরতলা সীমান্ত পরিদর্শন করেন।

এই ঘটনার প্রেক্ষিতে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। টহল ও মহড়া চালানোর পাশাপাশি, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া, সীমান্তে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

ডিসেম্বরকে ঘিরে, রোববার দুপুরে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যুগান্তরকে জানান, ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে, নানকসহ আওয়ামী লীগের শীর্ষ চারজন নেতা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান।

অন্য নেতারা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%