ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন


জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচটি ম্যাচ খেলে তারা একটিতেও পরাজিত হয়নি।

প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল করলেও নিজেদের জালে একটিও গোল হজম করতে হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় দলকে। অধিনায়ক রোকনুজ্জামান রোকনসহ খেলোয়াড়দের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ইশাম উজ্জামান শিহাব প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেছেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী ও অধিনায়ক রোকনুজ্জামান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: আইপিএল নিলামে ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ঈসাখিল

জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপপরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)। নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের এই অর্জন অত্যন্ত গর্বের। টানা দ্বিতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সমন্বয়ের ফল। পুরো টুর্নামেন্টে তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং নিজেদের জালে কোনো গোল হজম না করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।”

গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারও অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ফুটবল দল নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

আরও পড়ুন: ফার্নান্দেস: পর্তুগালের সতীর্থরা রোনালদোকে অসম্মান করেননি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ত্রিপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার দেখা মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


এবার ত্রিপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার দেখা মিলল

ভারতের কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোলের পর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের শীর্ষ কয়েকজন নেতা বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতীয় ইন্ডিগো বিমানে নেতারা আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা রাজ্যের রাষ্ট্রীয় অতিথিশালা সোনারতরী হোটেলে বৈঠকে বসেন বলে নির্ভয়যোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে, ত্রিপুরা রাজ্যের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা তাকে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন আগরতলা সীমান্তপথে। একই দিনে, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা বিকাল ৪টায় আখাউড়া-আগরতলা সীমান্ত পরিদর্শন করেন।

এই ঘটনার প্রেক্ষিতে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। টহল ও মহড়া চালানোর পাশাপাশি, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া, সীমান্তে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

ডিসেম্বরকে ঘিরে, রোববার দুপুরে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যুগান্তরকে জানান, ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে, নানকসহ আওয়ামী লীগের শীর্ষ চারজন নেতা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান।

অন্য নেতারা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। এক দফা সময় বাড়ানোর পর, ১৫-২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায়।

তদন্ত কমিটির প্রধান, কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম, প্রতিবেদনটি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করার পর সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন।’ তবে তিনি গোপনীয়তার কারণে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

কমিটির অন্য তিন সদস্য হলেন— বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। তদন্তকালে তারা ওই বাড়ির বাসিন্দা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করেন এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর গভীর রাতে বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন নুসরাত তাবাসসুম।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে। প্রথমে তিন কার্যদিবসের সময় দেওয়া হলেও পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়, যার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার খুনিরা জামিন পাওয়ায় মা-বোন নিয়ে আতঙ্কে পশ্চিমবঙ্গের সিজেপি কর্মী হাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


বাবার খুনিরা জামিন পাওয়ায় মা-বোন নিয়ে আতঙ্কে পশ্চিমবঙ্গের সিজেপি কর্মী হাফিজ

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি সরকারি স্কুল পরিদর্শনের ফলে বাড়িতে হামলার ঘটনায় বাবাকে হারানো ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) এক কর্মী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাবার হত্যার ঘটনায় অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর মা, বোন এবং নিজের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজ।

হাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, হামলার স্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। তাদের মুক্তির পর পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চরম শঙ্কা প্রকাশ করেন।

ঘটনার সূচনা ২০২৬ সালের ১৩ আগস্ট। সিজেপির ‘স্কুল ঠিক করো’ প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সরকারি স্কুলগুলোর দুরবস্থা তুলে ধরতে সেদিন বাঁকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন হাফিজ। ঠিক দুই দিন পর, ১৫ আগস্ট, একদল দুষ্কৃতী বাঁকুড়ার করিশুন্ডা গ্রামে হাফিজদের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে মারা যান হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিক।

স্কুল পরিদর্শনের পরপরই এই হামলার ঘটনা ঘটায় হাফিজের পরিবার এবং সিজেপি সমর্থকদের অভিযোগ, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হাফিজের সক্রিয় আন্দোলনের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় এক বিজেপি নেতাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছিল। তবে বিজেপি শুরু থেকেই এই ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্প্রতি অভিযুক্তদের জামিন পাওয়ার খবর হাফিজের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভিডিও বার্তায় তিনি বলেন, অভিযুক্তদের মুক্তির ফলে তিনি এবং তার পরিবার চরম হুমকির মুখে রয়েছেন। সংবাদমাধ্যম ‘মাকতুব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, “আমি এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি, তবে জানতে পেরেছি যে আমার বাবা হত্যার জন্য দায়ীরা জামিন পেয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি সবার সামনে তুলে ধরতে এবং আমরা যে চরম হুমকির মুখে আছি তা সবাইকে জানাতেই আমি ভিডিওটি করেছি। ওরা যদি আমার বাবাকে খুন করতে পারে, তবে আমাদেরও ক্ষতি করতে পারে। আজ রাতেই আদালতের জামিনের নথিপত্র হাতে পাওয়ামাত্রই আমি তা জনসমক্ষে প্রকাশ করব। প্রয়োজনে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।”

এ বিষয়ে সিজেপির জাতীয় সম্পাদক আফরিন নওয়াজ মাকতুবকে বলেন, “আমরা আদালতের আদেশের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এমন কোনো আদেশ আসলেই দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ের ৫০ বছরের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়: পার্বত্য মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


পাহাড়ের ৫০ বছরের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি মন্তব্য করেছেন যে, পাহাড়ে ৫০ বছরের মধ্যে সৃষ্ট সমস্যাগুলোর জট একদিনে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, "এখানে আমরা যারা জাতীয় ও আঞ্চলিক রাজনীতি করি, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রথাগত প্রতিনিধি সবাই একসাথে কাজ করলে সমস্যা সমাধান হবে।"

তিনি বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সমন্বয় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।

পার্বত্য মন্ত্রী আরও উল্লেখ করেন, পাহাড়ের পতিত জমিতে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে এলাকার অর্থনৈতিক চেহারা পাল্টে দেওয়া সম্ভব।

এ সময় তিনি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।" বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে পাহাড়ে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহামদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%