১০:৫০ পি.এম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম দেশে গঠনের জন্য সংস্কৃতি এবং প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘বর্ষবরণ, গুণিজন সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই অনুষ্ঠানটির আয়োজন করেছে লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমী।
মন্ত্রী বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়। মানুষের মননশীলতা, সুসংহত নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধই টেকসই উন্নয়নের প্রকৃত মাপকাঠি। যদিও বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা মানুষের জীবনযাত্রা সহজ করেছে, তবে মানবিক সমাজ গঠন করতে হলে নৈতিকতা ও সংস্কৃতিচর্চার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন ছিনতাই
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচার রোধে সাংস্কৃতিক কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। তরুণ উদ্ভাবকদের জন্য এবারের বাজেটে প্রধানমন্ত্রী ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রেখেছেন। আমরা চাই, তরুণরা গবেষণা, জ্ঞান-বিজ্ঞান এবং উদ্ভাবনে এগিয়ে আসুক।’ তিনি তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে ‘কেউ পিছিয়ে থাকবে না’ নীতি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের লক্ষ্য হল একটাই, বাংলাদেশ হবে বিশ্বের কাছে একটি অনন্য দৃষ্টান্ত। যেখানে প্রযুক্তি এবং সংস্কৃতি একসঙ্গে এগিয়ে যাবে, যুবসমাজ স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেইসাথে গুণিজনরা সম্মানিত হবেন এবং নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।
ফকির মাহবুব আনাম তার বক্তব্যে সমাজে নীরবে-নিভৃতে কাজ করে যাওয়া জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য এবং শিল্প-সংস্কৃতির গুণিজনদের সংবর্ধনা প্রদানকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে প্রধান আলোচকদের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, ‘আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের নিরাপত্তার কথা বলে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতির চর্চায় উৎসাহ প্রদান করতে হবে। তরুণদের নিয়ে এই দেশটাকে গড়তে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ইকবাল হোসেন, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আরফাতুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন তাসিক আহমেদ।
বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন আয়োজক সংগঠনের সভাপতি সাহিদা আক্তার রেশমা এবং গ্ল্যামার মিডিয়া-র ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুল হক।
অনুষ্ঠানে গুণিজনদের সম্মাননা ক্রেস্ট এবং গ্ল্যামার মিডিয়ার সংগীত শিল্পীদের বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোঃ আবুল কালাম এমপি
শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রের শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন