শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৯ এম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন, রাজনীতিতে ফিরে আসার জন্য কেবল একটি ঘোষণা যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেন, "জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে না।" শহীদ ডা. মিলনের স্মরণে তিনি বলেন, তা প্রতিহত করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে সাইফুল হক এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগ স্বৈরাচার এরশাদের বিচার হতে দেয়নি। নব্বইয়ের আন্দোলনে ব্যক্তিগত স্বৈরাচারকে বিদায় করা হলেও, শেখ হাসিনা ক্ষমতায় এসে জনগণের ভোট ও ভাতের অধিকারের কথা বলার পরও আবারও ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রেখেছিলেন।
তিনি উল্লেখ করেন, "আমরা দেখছি সংসদে থেকেও কেউ কেউ আরেকটি অভ্যুত্থানের ডাক দিচ্ছেন, যাতে উৎসাহ জোগাচ্ছেন ভারতে পালিয়ে থাকার।"
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা আরও বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আত্মসমর্পণের সুযোগ ছিল, কিন্তু তখন ফিরে না এসে এখন নানাভাবে অনেকে ফেরার ডাক দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ এক মাসের বেশি বিরতির পর আজ আবার মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। সর্বশেষ ২৪ অক্টোবর লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল।
এরপর জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে লিগটি বন্ধ হয়ে যায়। আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৫টায় কিংস-ফর্টিস ম্যাচ অনুষ্ঠিত হবে। গাজীপুরে দুপুর আড়াইটায় বাংলাদেশ পুলিশ এফসি ও আবাহনী এবং একই সময়ে চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্স পরস্পরের মুখোমুখি হবে।
অন্যদিকে, দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জের মাঠে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে মোহামেডান। লিগে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান, আর ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা কিংস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শুক্রবার প্রকাশিত দেশটির চলতি মাসের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল।
তবে আসনসংখ্যার ব্যবধান ছিল অত্যন্ত কম। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে লুক্সনের দল দুটি আসন হারিয়েছে। ফলে পপুলিস্ট দল এনজেড ফার্স্ট ও উদারপন্থী অ্যাক্ট পার্টিকে নিয়ে গঠিত তার জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র এক আসন পিছিয়ে পড়েছে।
নির্বাচনের পর লুক্সন দাবি করেছিলেন, নতুন সরকার গঠনের জন্য জনগণের কাছ থেকে তিনি ম্যান্ডেট পেয়েছেন।
গত ৭ নভেম্বরের নির্বাচনের পর থেকে লুক্সন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এখন সরকার পরিচালনা করতে হলে তাকে কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন নতুন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি’র সমর্থন নিতে হবে।
দলটির সঙ্গে সমঝোতা না হলে, দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
সহনশীল ও নমনীয় রাজনৈতিক চর্চার প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে ওংয়ের দল।
কয়েক দশকের মধ্যে এই প্রথম সাবেক কোনো মন্ত্রীর নেতৃত্ব ছাড়াই একটি দল নিউজিল্যান্ডের সংসদে জায়গা করে নিল।
ওং প্রতিশ্রুতি দিয়েছেন, সংসদে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তাদের সঙ্গেই কাজ করবেন।
তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো ও রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে তার দলের নির্ধারিত শর্তগুলো নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারের সময় ওং জানিয়েছিলেন, এনজেড ফার্স্ট দলের নেতা উইনস্টন পিটার্স পররাষ্ট্রমন্ত্রী থাকলে তিনি সেই সরকারের সঙ্গে কাজ করবেন না।
এর আগে চীনে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের এক আইনপ্রণেতাকে পিটার্স বলেছিলেন, ‘নিজের দেশে ফিরে যান।’
সরকার গঠনে নির্ধারক মধ্যপন্থী দল
নির্বাচনের পর লুক্সন ও প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স—দুজনই ওংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
নিউজিল্যান্ডের পরবর্তী সরকার গঠনে এখন নির্ধারক অবস্থানে উঠে এসেছেন ওং।
৩৮ বছর বয়সী ওং আগে বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে কাজ করতেন। গত বছরের আগস্টে তিনি এমন একটি দলের নেতৃত্ব গ্রহণ করেন, জনমত জরিপে যার সমর্থন ছিল মাত্র এক শতাংশের মতো।
ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের বিপরীতে তিনি ‘বাস্তবভিত্তিক রাজনীতি’র কথা বলেন।
তার ভাষায়, ‘আমি রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে চাই।’
চলতি মাসের নির্বাচনে জয়ী হওয়ার পর ওং বলেন, বিশ্বজুড়ে এক দশক ধরে পপুলিজম ও উগ্রবাদের বিস্তারের পর এবারের ফলাফল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বিশ্বজুড়েই বাস্তবভিত্তিক রাজনীতির পক্ষে মানুষের সমর্থন বাড়ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর পরিচালিত এসব অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় দুজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ছয়জন এবং অন্যান্য আইনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ আভিযানিক কার্যক্রমে বিভিন্ন অপরাধে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার রয়েছেন তিনজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজধানী বাঙ্গুইয়ের রাশিয়া পরিচালিত ‘মস্কো’ নামের একটি পানশালায় বসে ফুটবল খেলা দেখছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের তরুণেরা, হাতে ভদকা কিংবা বিয়ারের বোতল নিয়ে।
পানশালার কিছু বোতলে স্থানীয় ভাষা সাঙ্গোতে লেখা রয়েছে, ‘রাশিয়ার প্রযুক্তিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তৈরি’।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একসময় প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে পরিচালিত হতো এই বাহিনী।
আফ্রিকার অন্যান্য দেশে ধীরে ধীরে ওয়াগনারের জায়গা নিচ্ছে ‘আফ্রিকা কোর’, যা সরাসরি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
রাজধানী বাঙ্গুইয়ের রাস্তায় প্রায়ই রাশিয়ার সেনা ইউনিফর্ম পরা লোকজনকে দেখা যায়, যাদের মুখ ঢাকা থাকে এবং কোমরে অস্ত্র থাকে।
রেস্তোরাঁ ও সুপারমার্কেটের সামনে তাদের সামরিক ছদ্মবেশী যানবাহন সহজেই চোখে পড়ে। এসব গাড়ি এতটাই পরিচিত যে, রাস্তায় অন্যান্য গাড়িগুলো দ্রুত সরে গিয়ে তাদের চলাচলের পথ করে দেয়।
ভদকার ছোট প্যাকেটও বিক্রি হচ্ছে
২০১৮ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার অনুরোধে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করতে ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করা হয়। এরপর থেকে তারা সরকারের প্রধান নিরাপত্তা সহযোগী হয়ে ওঠে। বিনিময়ে, দেশটির স্বর্ণ ও হীরা খাতে লাভজনক ব্যবসায়িক চুক্তির সুযোগ পায় এই গোষ্ঠী।
এখন ব্যবসার পরিধি বাড়িয়ে পানীয় উৎপাদন ও বাজারজাতকরণেও নিজেদের অবস্থান শক্ত করছে ওয়াগনার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে দেশেই তৈরি হচ্ছে পানি, কোমল পানীয়, বিয়ার ও ভদকা।
এসব পণ্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম দামে বিক্রি করা হচ্ছে।
এমনকি রাস্তার বিক্রেতারাও ৫০ মিলিলিটারের নারকেলের স্বাদযুক্ত ভদকার ছোট প্যাকেট বিক্রি করছেন। প্রতিটির দাম ১৫০ সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২৫ মার্কিন সেন্টের সমান।
মধ্য আফ্রিকান গবেষক সোলেইল-পারফে কালেসোপো এএফপিকে বলেন, ‘তারা যত ছোট পরিসরই হোক না কেন, সব জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে চায়। ক্যাস্টেল গ্রুপই এখন তাদের একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী।’
ফরাসি প্রতিষ্ঠান ক্যাস্টেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোকাফ ব্রুয়ারি ১৯৫৩ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ব্যবসা করছে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরা আসার আগে দেশটির মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়ের বাজারে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল।
দেশটিতে নিজেদের উৎপাদনের পরিমাণ সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ক্যাস্টেল কোনো তথ্য দেয়নি।
২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটির একটি কারখানায় আগুন দেওয়া হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওয়াগনার ভাড়াটে যোদ্ধাদের মতো পোশাক পরা মুখোশধারী চার ব্যক্তি সেখানে পেট্রলবোমা ছুড়ছেন।
রুশ প্রতিদ্বন্দ্বীদের আগমনের পর ব্যবসায়িক পরিস্থিতি কেমন—এমন প্রশ্নের জবাবে ক্যাস্টেল গ্রুপ জানায়, ‘২০২৩ সালের ঘটনাগুলো এখন অতীত।’
জুন আফ্রিক সাময়িকীর তথ্য অনুযায়ী, রাশিয়ার উৎপাদিত পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রধান দিমিত্রি সিতি। তিনি বাঙ্গুইয়ে অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালকও। ‘অল আইজ অন ওয়াগনার’ নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠী তাকে মধ্য আফ্রিকায় ওয়াগনার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।
‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’
২০২১ সালে চালু হওয়া রাশিয়ান হাউস বাঙ্গুইয়ের বাসিন্দাদের জন্য বিনামূল্যে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে। সেখানে রুশ ভাষা শেখার সুযোগও রয়েছে।
প্রতিদিন বিকেলে কেন্দ্রটির বাগানে শিশুরা গোলচত্বর, ট্রাম্পোলিন ও দোলনায় খেলাধুলা করে। এ সময় সেখানে রাশিয়ার প্রচারমূলক ভিডিও প্রচারিত হয়।
সাংস্কৃতিক কেন্দ্রটির সামনে উবাঙ্গি নদীর তীরে রয়েছে ওয়াগনার প্রধান প্রিগোজিনের একটি ভাস্কর্য। ২০২৩ সালে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
এর মাত্র দুই মাস আগে রাশিয়ায় তার নেতৃত্বে ব্যর্থ বিদ্রোহের ঘটনা ঘটেছিল।
দেশটিতে রাশিয়ার উপস্থিতির আরেকটি প্রতীক দেখা যায় একটি বাজারের দেয়ালে আঁকা দেয়ালচিত্রে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদেরার সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
তবে দেশটির অনেক মানুষই রাশিয়ানদের ভয় পান। প্রতিশোধ বা হয়রানির আশঙ্কায় তাদের উপস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেও অনেকে রাজি হন না।
গবেষক কালেসোপো বলেন, ‘তাদের দমন-পীড়নের ধরন ও কর্মকৌশল এমন যে, সাধারণ মানুষ সত্যিই আতঙ্কিত হয়ে পড়ে।’
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশে ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন।
বিরোধী রাজনৈতিক জোট রিপাবলিকান ব্লক ফর দ্য ডিফেন্স অব দ্য কনস্টিটিউশনের (বিআরডিসি) সদস্য ও আইনজীবী ক্রেপিন মবোলি-গুম্বা মনে করেন, অর্থনীতি ও রাজনীতিতে ওয়াগনার যোদ্ধাদের সম্পৃক্ততা গণতন্ত্রপন্থী মানুষ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।
ওয়াগনার ও আফ্রিকা কর্পসের ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মালির মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও ওয়াগনারের জায়গায় আফ্রিকা কর্পসকে প্রতিষ্ঠিত করতে চাইছে মস্কো। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট তোয়াদেরের কিছুটা অনীহা রয়েছে। কারণ, কয়েক বছর ধরে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওয়াগনার-সংশ্লিষ্ট বাহিনী।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন মন্ত্রী এএফপিকে নিশ্চিত করেছেন, দেশটিতে আফ্রিকা কর্পসের উপস্থিতি রয়েছে। তবে বিষয়টি এখনো বেশ স্পর্শকাতর।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো প্রকল্পবিষয়ক মন্ত্রী পাসকাল বিদা কোয়াগবেলে বলেন, ‘একটি চুক্তি হয়েছিল।’
তিনি আরও বলেন, ওয়াগনার সদস্যদের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা স্থানীয় পরিস্থিতি ও ভূখণ্ড সম্পর্কে ভালো জানেন।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা।
তিনি বলেন, ‘ওয়াগনার হোক কিংবা আফ্রিকা কর্পস—তাতে কিছু যায় আসে না।’
রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ সের্গেই এলেদিনভ বলেন, আফ্রিকা কর্পসের সঙ্গে ‘সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা’ বাড়ানোর অর্থ এই নয় যে ওয়াগনার বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে ওয়াগনার ও আফ্রিকা কর্পসের দায়িত্ব ও ভূমিকা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা দেশটির অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী রাজনীতিক আনিসে-জর্জ দোলোগেলে।
তার মতে, প্রেসিডেন্ট তোয়াদেরা বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেন—এমন মানুষ খুব বেশি দেখিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ