প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজধানী বাঙ্গুইয়ের রাশিয়া পরিচালিত ‘মস্কো’ নামের একটি পানশালায় বসে ফুটবল খেলা দেখছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের তরুণেরা, হাতে ভদকা কিংবা বিয়ারের বোতল নিয়ে।
পানশালার কিছু বোতলে স্থানীয় ভাষা সাঙ্গোতে লেখা রয়েছে, ‘রাশিয়ার প্রযুক্তিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তৈরি’।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একসময় প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে পরিচালিত হতো এই বাহিনী।
আফ্রিকার অন্যান্য দেশে ধীরে ধীরে ওয়াগনারের জায়গা নিচ্ছে ‘আফ্রিকা কোর’, যা সরাসরি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
রাজধানী বাঙ্গুইয়ের রাস্তায় প্রায়ই রাশিয়ার সেনা ইউনিফর্ম পরা লোকজনকে দেখা যায়, যাদের মুখ ঢাকা থাকে এবং কোমরে অস্ত্র থাকে।
রেস্তোরাঁ ও সুপারমার্কেটের সামনে তাদের সামরিক ছদ্মবেশী যানবাহন সহজেই চোখে পড়ে। এসব গাড়ি এতটাই পরিচিত যে, রাস্তায় অন্যান্য গাড়িগুলো দ্রুত সরে গিয়ে তাদের চলাচলের পথ করে দেয়।
ভদকার ছোট প্যাকেটও বিক্রি হচ্ছে
২০১৮ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার অনুরোধে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করতে ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করা হয়। এরপর থেকে তারা সরকারের প্রধান নিরাপত্তা সহযোগী হয়ে ওঠে। বিনিময়ে, দেশটির স্বর্ণ ও হীরা খাতে লাভজনক ব্যবসায়িক চুক্তির সুযোগ পায় এই গোষ্ঠী।
এখন ব্যবসার পরিধি বাড়িয়ে পানীয় উৎপাদন ও বাজারজাতকরণেও নিজেদের অবস্থান শক্ত করছে ওয়াগনার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে দেশেই তৈরি হচ্ছে পানি, কোমল পানীয়, বিয়ার ও ভদকা।
এসব পণ্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম দামে বিক্রি করা হচ্ছে।
এমনকি রাস্তার বিক্রেতারাও ৫০ মিলিলিটারের নারকেলের স্বাদযুক্ত ভদকার ছোট প্যাকেট বিক্রি করছেন। প্রতিটির দাম ১৫০ সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২৫ মার্কিন সেন্টের সমান।
মধ্য আফ্রিকান গবেষক সোলেইল-পারফে কালেসোপো এএফপিকে বলেন, ‘তারা যত ছোট পরিসরই হোক না কেন, সব জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে চায়। ক্যাস্টেল গ্রুপই এখন তাদের একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী।’
ফরাসি প্রতিষ্ঠান ক্যাস্টেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোকাফ ব্রুয়ারি ১৯৫৩ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ব্যবসা করছে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরা আসার আগে দেশটির মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়ের বাজারে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল।
দেশটিতে নিজেদের উৎপাদনের পরিমাণ সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ক্যাস্টেল কোনো তথ্য দেয়নি।
২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটির একটি কারখানায় আগুন দেওয়া হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওয়াগনার ভাড়াটে যোদ্ধাদের মতো পোশাক পরা মুখোশধারী চার ব্যক্তি সেখানে পেট্রলবোমা ছুড়ছেন।
রুশ প্রতিদ্বন্দ্বীদের আগমনের পর ব্যবসায়িক পরিস্থিতি কেমন—এমন প্রশ্নের জবাবে ক্যাস্টেল গ্রুপ জানায়, ‘২০২৩ সালের ঘটনাগুলো এখন অতীত।’
জুন আফ্রিক সাময়িকীর তথ্য অনুযায়ী, রাশিয়ার উৎপাদিত পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রধান দিমিত্রি সিতি। তিনি বাঙ্গুইয়ে অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালকও। ‘অল আইজ অন ওয়াগনার’ নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠী তাকে মধ্য আফ্রিকায় ওয়াগনার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।
‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’
২০২১ সালে চালু হওয়া রাশিয়ান হাউস বাঙ্গুইয়ের বাসিন্দাদের জন্য বিনামূল্যে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে। সেখানে রুশ ভাষা শেখার সুযোগও রয়েছে।
প্রতিদিন বিকেলে কেন্দ্রটির বাগানে শিশুরা গোলচত্বর, ট্রাম্পোলিন ও দোলনায় খেলাধুলা করে। এ সময় সেখানে রাশিয়ার প্রচারমূলক ভিডিও প্রচারিত হয়।
সাংস্কৃতিক কেন্দ্রটির সামনে উবাঙ্গি নদীর তীরে রয়েছে ওয়াগনার প্রধান প্রিগোজিনের একটি ভাস্কর্য। ২০২৩ সালে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
এর মাত্র দুই মাস আগে রাশিয়ায় তার নেতৃত্বে ব্যর্থ বিদ্রোহের ঘটনা ঘটেছিল।
দেশটিতে রাশিয়ার উপস্থিতির আরেকটি প্রতীক দেখা যায় একটি বাজারের দেয়ালে আঁকা দেয়ালচিত্রে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদেরার সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
তবে দেশটির অনেক মানুষই রাশিয়ানদের ভয় পান। প্রতিশোধ বা হয়রানির আশঙ্কায় তাদের উপস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেও অনেকে রাজি হন না।
গবেষক কালেসোপো বলেন, ‘তাদের দমন-পীড়নের ধরন ও কর্মকৌশল এমন যে, সাধারণ মানুষ সত্যিই আতঙ্কিত হয়ে পড়ে।’
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশে ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন।
বিরোধী রাজনৈতিক জোট রিপাবলিকান ব্লক ফর দ্য ডিফেন্স অব দ্য কনস্টিটিউশনের (বিআরডিসি) সদস্য ও আইনজীবী ক্রেপিন মবোলি-গুম্বা মনে করেন, অর্থনীতি ও রাজনীতিতে ওয়াগনার যোদ্ধাদের সম্পৃক্ততা গণতন্ত্রপন্থী মানুষ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।
ওয়াগনার ও আফ্রিকা কর্পসের ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মালির মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও ওয়াগনারের জায়গায় আফ্রিকা কর্পসকে প্রতিষ্ঠিত করতে চাইছে মস্কো। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট তোয়াদেরের কিছুটা অনীহা রয়েছে। কারণ, কয়েক বছর ধরে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওয়াগনার-সংশ্লিষ্ট বাহিনী।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন মন্ত্রী এএফপিকে নিশ্চিত করেছেন, দেশটিতে আফ্রিকা কর্পসের উপস্থিতি রয়েছে। তবে বিষয়টি এখনো বেশ স্পর্শকাতর।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো প্রকল্পবিষয়ক মন্ত্রী পাসকাল বিদা কোয়াগবেলে বলেন, ‘একটি চুক্তি হয়েছিল।’
তিনি আরও বলেন, ওয়াগনার সদস্যদের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা স্থানীয় পরিস্থিতি ও ভূখণ্ড সম্পর্কে ভালো জানেন।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা।
তিনি বলেন, ‘ওয়াগনার হোক কিংবা আফ্রিকা কর্পস—তাতে কিছু যায় আসে না।’
রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ সের্গেই এলেদিনভ বলেন, আফ্রিকা কর্পসের সঙ্গে ‘সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা’ বাড়ানোর অর্থ এই নয় যে ওয়াগনার বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে ওয়াগনার ও আফ্রিকা কর্পসের দায়িত্ব ও ভূমিকা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা দেশটির অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী রাজনীতিক আনিসে-জর্জ দোলোগেলে।
তার মতে, প্রেসিডেন্ট তোয়াদেরা বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেন—এমন মানুষ খুব বেশি দেখিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন