শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৪ পি.এম
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার ফলেই এটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় আসার পর তারা এই ব্যবস্থা বাতিল করেছে, যা ক্ষমতা কুক্ষিগত করার জন্য করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, যদি দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম এবং নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতো, তাহলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা সম্ভব হতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে আঘাতের ফলে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে টানা তিন সপ্তাহের দরপতনের ধারা ভাঙতে যাচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার, দাম প্রায় ২ ডলার বেড়ে ৬ নভেম্বরের পর সর্বোচ্চ দামে লেনদেন শেষ করে ব্রেন্ট।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়নি।
এএনজেড ব্যাংকের বিশ্লেষক ব্রায়ান মার্টিন ও ড্যানিয়েল হাইনস একটি নোটে উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা না বাড়লেও ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে, সে ক্ষেত্রে সরবরাহ বাস্তবে সীমিত হয়ে পড়ার প্রমাণ পাওয়া প্রয়োজন।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না বাড়ানোর সিদ্ধান্ত নেন। এতে বাজারে স্বস্তি তৈরি হওয়ায় কয়েক সপ্তাহ ধরে তেলের দাম কম ছিল। তবে ইরান এখনও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে, যা তেল রপ্তানিতে বিঘ্ন ঘটাচ্ছে। একই সময়ে ইয়েমেনের হুথিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক সিম মোহ সিয়ং মন্তব্য করেছেন, ২০২৭ সালে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার এবং ভূরাজনৈতিক ঝুঁকি কমে এলে তেলের দাম নিম্নমুখী হতে পারে। তবে, তেলের মজুত কমে যাওয়া, জাহাজ চলাচলে ঝুঁকি এবং শোধনাগার মেরামতে ধীরগতির কারণে বাজার এখনও অস্থিরতার ঝুঁকিতে রয়েছে।
এদিকে, ইরান যুদ্ধের প্রভাব বিবেচনায় নিয়ে ওপেক প্লাস আগামী রোববারের বৈঠকে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখতে পারে। সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, গত তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা।
তিনি শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি র্যালিতে এই তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, দেশের গরুর মাংসের রফতানি মধ্যপ্রাচ্যের বাজারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সরকার এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসার কথা জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ওই দিন প্রধানমন্ত্রীকে সব কথা জানিয়ে দেব। তিনি বলেন, "হঠাৎ করে এই ঘটনা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব।"
তিনি আরও বলেন, "উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা জানাতে। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।
আমির হামজা বলেন, "একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।"
আমির হামজা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল কুষ্টিয়ায় নয়, দেশের বিভিন্ন স্থানে ঠিক নেই। তিনি বলেন, "গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।"
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমির হামজা বলেন, "কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।"
আমির হামজা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও ঠিক নেই। তিনি বলেন, "গত ৫৫ বছরের মধ্যে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ।"
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।"
আমির হামজা অভিযোগ করেন, "আওয়ামী লীগের সঙ্গে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই। আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সঙ্গে তো বাস্তবের কোনো মিল নেই।"
এ সময় শাজাহান আলী অভিযোগ করেন, "বালুবোঝাই ডাম্পট্রাক সড়ক দিয়ে চলাচল করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে তার বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপির নেতাকর্মীরা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। থানায় হত্যাচেষ্টা মামলা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৭ নভেম্বর, ২০২৬ : শিবগঞ্জে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে গুরুতর আহত আওয়ামী লীগের সমর্থক মো. নাজমুল কবির নুরুল (৩২) কে রাজশাহী থেকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে, নগরীর তেরোখাদিয়া এলাকার একটি বাড়ি থেকে আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
পুলিশের কাছে তাকে হস্তান্তরের পর জানা যায়, নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার চৌকা এলাকার মো. ফাইজুদ্দিনের ছেলে।
আজ শুক্রবার সকালে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এসআরবি জানায়, ২৫ নভেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। টমাস নামের এক ব্যক্তি নিয়মিত ককটেল তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিস্ফোরণে পারদর্শী ছিলেন।
ঘটনার দিন দুপুরে টমাস নাজমুলকে ডেকে নিয়ে যান। ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস নিহত হন।
বিস্ফোরণের সময় নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের অংশ ছিটকে লেগে গুরুতর আহত হন। গ্রেফতারের ভয়ে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।
পরে তার স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা করান।
নাজমুলকে আত্মগোপনে রাখার জন্য রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসার ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিএসসি, এসআরবি-৫-এর একটি যৌথ অপারেশন দল রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়া (গ্রিন চিলির পেছনে) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে নাজমুলের অবস্থান শনাক্ত করে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুলের স্ত্রী ও ফুফুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুল একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।
এসআরবি-৫ জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনাটি আরও বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে আর কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ