ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রাণিসম্পদ খাতে তিন মাসে আয় ৩০৯ কোটি টাকা: প্রতিমন্ত্রী


প্রাণিসম্পদ খাতে তিন মাসে আয় ৩০৯ কোটি টাকা: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, গত তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা।

তিনি শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত একটি র‍্যালিতে এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: মুরগির দাম কমলেও মাছ-সবজির দাম বেড়েছে

তিনি আরও জানান, দেশের গরুর মাংসের রফতানি মধ্যপ্রাচ্যের বাজারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সরকার এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে সব কথা জানাবেন: মুফতি আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


প্রধানমন্ত্রীকে সব কথা জানাবেন: মুফতি আমির হামজা

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসার কথা জানিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ওই দিন প্রধানমন্ত্রীকে সব কথা জানিয়ে দেব। তিনি বলেন, "হঠাৎ করে এই ঘটনা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব।"

তিনি আরও বলেন, "উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।"

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা জানাতে। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।

আমির হামজা বলেন, "একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।"

আমির হামজা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল কুষ্টিয়ায় নয়, দেশের বিভিন্ন স্থানে ঠিক নেই। তিনি বলেন, "গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।"

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমির হামজা বলেন, "কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।"

আমির হামজা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও ঠিক নেই। তিনি বলেন, "গত ৫৫ বছরের মধ্যে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ।"

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।"

আমির হামজা অভিযোগ করেন, "আওয়ামী লীগের সঙ্গে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই। আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সঙ্গে তো বাস্তবের কোনো মিল নেই।"

এ সময় শাজাহান আলী অভিযোগ করেন, "বালুবোঝাই ডাম্পট্রাক সড়ক দিয়ে চলাচল করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে তার বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপির নেতাকর্মীরা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। থানায় হত্যাচেষ্টা মামলা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত আ.লীগ সমর্থক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত আ.লীগ সমর্থক আটক

রাজশাহী, ২৭ নভেম্বর, ২০২৬ : শিবগঞ্জে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে গুরুতর আহত আওয়ামী লীগের সমর্থক মো. নাজমুল কবির নুরুল (৩২) কে রাজশাহী থেকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে, নগরীর তেরোখাদিয়া এলাকার একটি বাড়ি থেকে আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

পুলিশের কাছে তাকে হস্তান্তরের পর জানা যায়, নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার চৌকা এলাকার মো. ফাইজুদ্দিনের ছেলে।

আজ শুক্রবার সকালে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এসআরবি জানায়, ২৫ নভেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। টমাস নামের এক ব্যক্তি নিয়মিত ককটেল তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিস্ফোরণে পারদর্শী ছিলেন।

ঘটনার দিন দুপুরে টমাস নাজমুলকে ডেকে নিয়ে যান। ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস নিহত হন।

বিস্ফোরণের সময় নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের অংশ ছিটকে লেগে গুরুতর আহত হন। গ্রেফতারের ভয়ে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।

পরে তার স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা করান।

নাজমুলকে আত্মগোপনে রাখার জন্য রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসার ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিএসসি, এসআরবি-৫-এর একটি যৌথ অপারেশন দল রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়া (গ্রিন চিলির পেছনে) এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে নাজমুলের অবস্থান শনাক্ত করে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজমুলের স্ত্রী ও ফুফুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুল একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।

এসআরবি-৫ জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনাটি আরও বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে আর কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত, আহত তিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত, আহত তিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেপরোয়া গতির ট্রাকের আঘাতে মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর গ্রামে জন্মগ্রহণ করেন এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) এবং সায়েম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার সময় একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও দোকানে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইমাম আকরাম হোসেন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে নিহত ইমামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অচেনা নারীর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অচেনা নারীর কটাক্ষ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক অচেনা নারীর মন্তব্যের কারণে কতটা আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কথা বলেছেন। ওই শিক্ষার্থীর নাম কামাক্ষী। তার দাবি, ওইদিন বাকি সময় তিনি নিজেকে ‘ছোট’ করে রাখার চেষ্টা করেছিলেন, যেন কারও নজরে না পড়েন।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে কামাক্ষী বলেছেন, এটি অক্সফোর্ডে বর্ণের মানুষের ওপর বর্ণবাদ ও ছোট ছোট অবমাননার একটি বড় চিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছেন এবং বর্ণবাদীদের মঞ্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

কামাক্ষী জানান, আগের একটি পোস্টে তিনি বর্ণবাদী মন্তব্যের কথা উল্লেখ করেছিলেন। সেই পোস্টে অনেকেই তার পাশে দাঁড়ান এবং তার প্রতি রাগও প্রকাশ করেন। এরপর তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে আরও কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘তখন বুঝলাম, অক্সফোর্ডে মানুষ যে খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তা নিয়ে আপনাদের সঙ্গে কথা না বলে আমি আসলে আপনাদের প্রতি অবিচার করছিলাম।’

ঘটনাটি তিনি বর্ণনা করেছেন। কামাক্ষী একটি দোকানে কেনাকাটা করছিলেন, তখন এক শ্বেতাঙ্গ নারী তার চারপাশে ঘুরছিলেন। এতে তিনি অস্বস্তিতে পড়েন। পরে ওই নারী তার কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’

কামাক্ষী বলেন, তিনি জমে গিয়েছিলেন এবং কোনো জবাব দিতে পারেননি। এরপর ওই নারী চলে যান। তার ভাষায়, ‘আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে সে চলে গেছে।’

এই মন্তব্যটি তাকে বিশেষভাবে কষ্ট দিয়েছে, কারণ তিনি যে পারফিউম ব্যবহার করেন, তার সঙ্গে ব্যক্তিগত আবেগ জড়িত। এটি তার বাবার প্রিয় সুগন্ধি। কিন্তু সেই মুহূর্তে তিনি ওই সুগন্ধির সঙ্গে জড়িত ভালোবাসা অনুভব করতে পারেননি। বরং তিনি আহত ও হতাশ হয়ে পড়েন। সারাটা দিন তিনি নিজেকে কম চোখে পড়ার মতো করে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘পুরো দিন আমি নিজেকে ছোট দেখানোর চেষ্টা করেছি, যেন কারও নজরে না পড়ি।’

কামাক্ষী জোর দিয়ে বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি রাস্তায় প্রতিদিনের ছোট ছোট অবমাননার কথা বলেছেন এবং প্রাতিষ্ঠানিক বর্ণবাদের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটা বাস্তবতা যে এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই, যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা অন্তত কোনো সমস্যাজনক ইতিহাস নেই।’

এত কষ্টের পরও কামাক্ষী নিজের পরিচয় ছাড়তে রাজি নন। তিনি যে অংশগুলো তাকে দেশের সঙ্গে যুক্ত রাখে, তা তিনি ধরে রাখতে চান। ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথা তিনি মনে করেছেন। সেই বন্ধু বলেছিলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’ কামাক্ষী বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি। এখনো ঝুমকা পরি। এখনো টিপ পরি। এখনো একই পারফিউম ব্যবহার করি।’

তার এই বক্তব্য নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থী ও অন্য বর্ণের মানুষ যে বর্ণবাদের মুখে পড়েন, তা নিয়ে কথা হচ্ছে। নামী প্রতিষ্ঠানে এর মোকাবিলা করা কতটা কঠিন, সেই প্রশ্নও উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%