প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ২৭ নভেম্বর, ২০২৬ : শিবগঞ্জে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে গুরুতর আহত আওয়ামী লীগের সমর্থক মো. নাজমুল কবির নুরুল (৩২) কে রাজশাহী থেকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে, নগরীর তেরোখাদিয়া এলাকার একটি বাড়ি থেকে আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
পুলিশের কাছে তাকে হস্তান্তরের পর জানা যায়, নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার চৌকা এলাকার মো. ফাইজুদ্দিনের ছেলে।
আজ শুক্রবার সকালে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এসআরবি জানায়, ২৫ নভেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। টমাস নামের এক ব্যক্তি নিয়মিত ককটেল তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিস্ফোরণে পারদর্শী ছিলেন।
ঘটনার দিন দুপুরে টমাস নাজমুলকে ডেকে নিয়ে যান। ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস নিহত হন।
বিস্ফোরণের সময় নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের অংশ ছিটকে লেগে গুরুতর আহত হন। গ্রেফতারের ভয়ে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।
পরে তার স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা করান।
নাজমুলকে আত্মগোপনে রাখার জন্য রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসার ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিএসসি, এসআরবি-৫-এর একটি যৌথ অপারেশন দল রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়া (গ্রিন চিলির পেছনে) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে নাজমুলের অবস্থান শনাক্ত করে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুলের স্ত্রী ও ফুফুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুল একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।
এসআরবি-৫ জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনাটি আরও বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে আর কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন