ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্য আফ্রিকায় দৈনন্দিন জীবনেও প্রভাব বিস্তার করছে রাশিয়ার ওয়াগনার বাহিনী


মধ্য আফ্রিকায় দৈনন্দিন জীবনেও প্রভাব বিস্তার করছে রাশিয়ার ওয়াগনার বাহিনী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজধানী বাঙ্গুইয়ের রাশিয়া পরিচালিত ‘মস্কো’ নামের একটি পানশালায় বসে ফুটবল খেলা দেখছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের তরুণেরা, হাতে ভদকা কিংবা বিয়ারের বোতল নিয়ে।

পানশালার কিছু বোতলে স্থানীয় ভাষা সাঙ্গোতে লেখা রয়েছে, ‘রাশিয়ার প্রযুক্তিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তৈরি’।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে সংঘাত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একসময় প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে পরিচালিত হতো এই বাহিনী।

আফ্রিকার অন্যান্য দেশে ধীরে ধীরে ওয়াগনারের জায়গা নিচ্ছে ‘আফ্রিকা কোর’, যা সরাসরি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

রাজধানী বাঙ্গুইয়ের রাস্তায় প্রায়ই রাশিয়ার সেনা ইউনিফর্ম পরা লোকজনকে দেখা যায়, যাদের মুখ ঢাকা থাকে এবং কোমরে অস্ত্র থাকে।

রেস্তোরাঁ ও সুপারমার্কেটের সামনে তাদের সামরিক ছদ্মবেশী যানবাহন সহজেই চোখে পড়ে। এসব গাড়ি এতটাই পরিচিত যে, রাস্তায় অন্যান্য গাড়িগুলো দ্রুত সরে গিয়ে তাদের চলাচলের পথ করে দেয়।

আরও পড়ুন: ‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ – অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অচেনা নারীর কটাক্ষ

ভদকার ছোট প্যাকেটও বিক্রি হচ্ছে

২০১৮ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার অনুরোধে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করতে ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করা হয়। এরপর থেকে তারা সরকারের প্রধান নিরাপত্তা সহযোগী হয়ে ওঠে। বিনিময়ে, দেশটির স্বর্ণ ও হীরা খাতে লাভজনক ব্যবসায়িক চুক্তির সুযোগ পায় এই গোষ্ঠী।

এখন ব্যবসার পরিধি বাড়িয়ে পানীয় উৎপাদন ও বাজারজাতকরণেও নিজেদের অবস্থান শক্ত করছে ওয়াগনার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে দেশেই তৈরি হচ্ছে পানি, কোমল পানীয়, বিয়ার ও ভদকা।

আরও পড়ুন: তিন সপ্তাহ পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো

এসব পণ্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম দামে বিক্রি করা হচ্ছে।

এমনকি রাস্তার বিক্রেতারাও ৫০ মিলিলিটারের নারকেলের স্বাদযুক্ত ভদকার ছোট প্যাকেট বিক্রি করছেন। প্রতিটির দাম ১৫০ সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২৫ মার্কিন সেন্টের সমান।

মধ্য আফ্রিকান গবেষক সোলেইল-পারফে কালেসোপো এএফপিকে বলেন, ‘তারা যত ছোট পরিসরই হোক না কেন, সব জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে চায়। ক্যাস্টেল গ্রুপই এখন তাদের একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী।’

ফরাসি প্রতিষ্ঠান ক্যাস্টেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোকাফ ব্রুয়ারি ১৯৫৩ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ব্যবসা করছে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরা আসার আগে দেশটির মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়ের বাজারে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

দেশটিতে নিজেদের উৎপাদনের পরিমাণ সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ক্যাস্টেল কোনো তথ্য দেয়নি।

২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটির একটি কারখানায় আগুন দেওয়া হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওয়াগনার ভাড়াটে যোদ্ধাদের মতো পোশাক পরা মুখোশধারী চার ব্যক্তি সেখানে পেট্রলবোমা ছুড়ছেন।

রুশ প্রতিদ্বন্দ্বীদের আগমনের পর ব্যবসায়িক পরিস্থিতি কেমন—এমন প্রশ্নের জবাবে ক্যাস্টেল গ্রুপ জানায়, ‘২০২৩ সালের ঘটনাগুলো এখন অতীত।’

জুন আফ্রিক সাময়িকীর তথ্য অনুযায়ী, রাশিয়ার উৎপাদিত পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রধান দিমিত্রি সিতি। তিনি বাঙ্গুইয়ে অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালকও। ‘অল আইজ অন ওয়াগনার’ নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠী তাকে মধ্য আফ্রিকায় ওয়াগনার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী লুক্সন সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন, মধ্যপন্থী দল গঠনে নিয়ন্ত্রক

‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’

২০২১ সালে চালু হওয়া রাশিয়ান হাউস বাঙ্গুইয়ের বাসিন্দাদের জন্য বিনামূল্যে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে। সেখানে রুশ ভাষা শেখার সুযোগও রয়েছে।

প্রতিদিন বিকেলে কেন্দ্রটির বাগানে শিশুরা গোলচত্বর, ট্রাম্পোলিন ও দোলনায় খেলাধুলা করে। এ সময় সেখানে রাশিয়ার প্রচারমূলক ভিডিও প্রচারিত হয়।

সাংস্কৃতিক কেন্দ্রটির সামনে উবাঙ্গি নদীর তীরে রয়েছে ওয়াগনার প্রধান প্রিগোজিনের একটি ভাস্কর্য। ২০২৩ সালে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।

আরও পড়ুন: নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

এর মাত্র দুই মাস আগে রাশিয়ায় তার নেতৃত্বে ব্যর্থ বিদ্রোহের ঘটনা ঘটেছিল।

দেশটিতে রাশিয়ার উপস্থিতির আরেকটি প্রতীক দেখা যায় একটি বাজারের দেয়ালে আঁকা দেয়ালচিত্রে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদেরার সঙ্গে করমর্দন করতে দেখা যায়।

তবে দেশটির অনেক মানুষই রাশিয়ানদের ভয় পান। প্রতিশোধ বা হয়রানির আশঙ্কায় তাদের উপস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেও অনেকে রাজি হন না।

গবেষক কালেসোপো বলেন, ‘তাদের দমন-পীড়নের ধরন ও কর্মকৌশল এমন যে, সাধারণ মানুষ সত্যিই আতঙ্কিত হয়ে পড়ে।’

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশে ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন।

বিরোধী রাজনৈতিক জোট রিপাবলিকান ব্লক ফর দ্য ডিফেন্স অব দ্য কনস্টিটিউশনের (বিআরডিসি) সদস্য ও আইনজীবী ক্রেপিন মবোলি-গুম্বা মনে করেন, অর্থনীতি ও রাজনীতিতে ওয়াগনার যোদ্ধাদের সম্পৃক্ততা গণতন্ত্রপন্থী মানুষ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।

ওয়াগনার ও আফ্রিকা কর্পসের ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মালির মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও ওয়াগনারের জায়গায় আফ্রিকা কর্পসকে প্রতিষ্ঠিত করতে চাইছে মস্কো। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট তোয়াদেরের কিছুটা অনীহা রয়েছে। কারণ, কয়েক বছর ধরে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওয়াগনার-সংশ্লিষ্ট বাহিনী।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন মন্ত্রী এএফপিকে নিশ্চিত করেছেন, দেশটিতে আফ্রিকা কর্পসের উপস্থিতি রয়েছে। তবে বিষয়টি এখনো বেশ স্পর্শকাতর।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো প্রকল্পবিষয়ক মন্ত্রী পাসকাল বিদা কোয়াগবেলে বলেন, ‘একটি চুক্তি হয়েছিল।’

তিনি আরও বলেন, ওয়াগনার সদস্যদের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা স্থানীয় পরিস্থিতি ও ভূখণ্ড সম্পর্কে ভালো জানেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা।

তিনি বলেন, ‘ওয়াগনার হোক কিংবা আফ্রিকা কর্পস—তাতে কিছু যায় আসে না।’

রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ সের্গেই এলেদিনভ বলেন, আফ্রিকা কর্পসের সঙ্গে ‘সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা’ বাড়ানোর অর্থ এই নয় যে ওয়াগনার বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে।

তবে ওয়াগনার ও আফ্রিকা কর্পসের দায়িত্ব ও ভূমিকা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা দেশটির অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী রাজনীতিক আনিসে-জর্জ দোলোগেলে।

তার মতে, প্রেসিডেন্ট তোয়াদেরা বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেন—এমন মানুষ খুব বেশি দেখিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের "প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান-২০২৬" শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের "প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান-২০২৬" শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচী প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান-২০২৬ শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ ২৫ নভেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জের জামি'আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসা এলাকায় গ্রুপ দাওয়াতের মাধ্যমে এঅভিযান শুরু করা হয়।

সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের নেতৃত্বে পরিচালিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমির মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা সভাপতি আবু সাঈদ,
সেক্রেটারি নাজিম হাসান স্বপ্ন, বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম, মাদ্রাসা বিভাগের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সিয়াম, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ফতুল্লা থানা প্রচার সম্পাদক নাজমুল হক , সিরাজুল উলুম মাদ্রাসা শাখা সভাপতি আলাউর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে আল নূর বেকারিকে অব্যবস্থাপনার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


নরসিংদীতে আল নূর বেকারিকে অব্যবস্থাপনার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

নরসিংদী, ২৭ নভেম্বর, ২০২৬ : জেলার মনোহরদীতে অবস্থিত আল নূর বেকারির বিরুদ্ধে বৈধ কাগজপত্রের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আরোপ করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানটি মনোহরদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক। এ সময় মনোহরদী থানা পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন বেকারিটির বৈধ কাগজপত্রের অভাব, খাদ্য তৈরিতে অনুমোদনহীন রঙের ব্যবহার এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

পরিদর্শনের সময় বেকারিটির কর্তৃপক্ষ বিএসটিআই অনুমোদন, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।

এছাড়া, বেকারিটির উৎপাদন কক্ষে অপরিচ্ছন্ন পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

খাদ্যদ্রব্যে অনুমোদনহীন উপাদান ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ঘাটতি ছিল।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম বাসসকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আল নূর বেকারিতে অভিযানকালে কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


অস্ট্রেলিয়া আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

অস্ট্রেলিয়া, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং নিষেধাজ্ঞার আওতায় আসা দুই ব্যক্তির নাম প্রকাশ করেছেন। তাদের নাম হলো জোহাইর হাসিব এবং কাজেম হামাদ। ২০২৪ সালে সিডনিতে একটি ইহুদি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান এবং মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে উল্লিখিত দুই ব্যক্তিকে অর্থসহায়তা প্রদান কিংবা তাদের সম্পদের সঙ্গে কোনো লেনদেন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

অস্ট্রেলিয়া, ইরানের বিরুদ্ধে দেশের ভূখণ্ডে ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার অভিযোগ ওঠার পর আইআরজিসিকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের’ সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। এর এক বছর পর দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো।

এছাড়া, এসব অভিযোগের প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতসহ দেশটির চার কূটনীতিককে বহিষ্কার করেছিল। তবে তেহরান অস্ট্রেলিয়ার আনা এসব অভিযোগ অস্বীকার করেছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় কমবে আড়াই ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় কমবে আড়াই ঘণ্টা

॥ সৈয়দ রুবাইয়াত হাবিব ॥

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মাণের ফলে বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই প্রকল্পের মাধ্যমে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার হ্রাস পাবে এবং যাত্রীদের জন্য ভ্রমণ সময় প্রায় আড়াই ঘণ্টা কমে যাবে।

দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা যেমন রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের মধ্যে সরাসরি ও দ্রুত রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ও পরিবহন বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং উত্তরাঞ্চলের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বর্তমানে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে ঢাকায় পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে আসতে হয়। সিরাজগঞ্জের যমুনা নদীর পূর্ব তীরে আসার জন্য সান্তাহার জংশন, নাটোর ও ঈশ্বরদী হয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেল সংযোগ চালু হলে এই দীর্ঘ পথ ঘুরে যাওয়ার প্রয়োজন হবে না। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমবে এবং যাত্রী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।

তিনি আরও জানান, সান্তাহার থেকে কাহালু পর্যন্ত ৩০ কিলোমিটার সংযোগ রেললাইন নির্মাণের কাজও সমান্তরালভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক (পিডি) মো. আবু জাফর মিয়া বলেন, নির্মাণকাজ ও তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করা হয়েছে। আগ্রহপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে।

প্রকল্পের মূল নির্মাণকাজের দরপত্র দলিল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য পাঠানো হয়েছে। আবু জাফর মিয়া বলেন, ‘ব্যাংকের অনাপত্তিপত্র পাওয়ার পর মূল নির্মাণকাজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।’

তিনি আরও বলেন, নতুন রেল সংযোগ চালু হলে বগুড়া ও ঢাকার মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে রাজধানী ও উত্তরাঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সক্ষমতাও বাড়বে।

উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে তাজা শাকসবজি, খাদ্যশস্য ও শিল্পপণ্য দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দ্রুত এবং কম খরচে পরিবহন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের নথি অনুযায়ী, ‘বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পটির মোট অনুমোদিত ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৩ হাজার ৮১ কোটি টাকা। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মাধ্যমে বৈদেশিক প্রকল্প সহায়তা হিসেবে ৭ হাজার ৪৮৪ কোটি ৪০ লাখ টাকা পাওয়া যাবে। এছাড়া প্রকল্পটিতে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান রয়েছে।

২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ক্রমপুঞ্জীভূত আর্থিক অগ্রগতি ২৭ দশমিক ৭২ শতাংশ ছিল। প্রকল্পের আওতায় ৮৬ দশমিক ৫১ কিলোমিটার মূল রেললাইন ও ১৬ দশমিক ৩০ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে।

ট্রেন ক্রসিংয়ের সুবিধা ও যাত্রীদের ওঠানামা সহজ করতে রেলপথের বিভিন্ন স্থানে সাতটি আধুনিক স্টেশন ভবন নির্মাণ করা হবে। নিরাপদ ও দক্ষ ট্রেন চলাচল নিশ্চিত করতে ছয়টি স্টেশনে কম্পিউটার ভিত্তিক সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা স্থাপন করা হবে।

এছাড়া নিচু এলাকা, খাল, নদী ও অন্যান্য জলপথ পারাপারের জন্য বিভিন্ন আকারের ১২১টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। এসব সেতু ও কালভার্টের নকশা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

ভূমি অধিগ্রহণের বিষয়ে প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া জানান, প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে ইতোমধ্যেই পাঠানো হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসনগুলোর কাছে ভূমি অধিগ্রহণের অর্থ পৌঁছে দেওয়ায় মাঠপর্যায়ে জমি বুঝে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা, যোগ্য ও অভিজ্ঞ ঠিকাদার নিয়োগ দেওয়া এবং মূল নির্মাণকাজ শুরু করা।’

প্রকল্পটি সম্পন্ন হলে জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সকল জেলা ও প্রধান শহরকে একটি সমন্বিত আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

উন্নত পরিবহন যোগাযোগের ফলে শিল্পায়ন উৎসাহিত হবে, কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারিত হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য কমাতে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে আবু জাফর মিয়া বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে এবং প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করে নতুন এই সরাসরি রেলপথে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%