বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১০:৫২ পি.এম
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় এবং বৃহস্পতিবার সকালে সাভারের কাঞ্চনপুর বেঁদেপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আসলাম ভূইয়া (৩১), রংপুরের মিঠাপুকুরের মিঠুন মিয়া (২৯), আশুলিয়ার উত্তর গাজীরচটের সুমন (২২), খুলনার সোনাডাঙ্গার দুলাল শেখ (৪৪), সাভারের বেঁদেপাড়া এলাকার ললিতা আক্তার (৩০), মহসীন (২৯), জাকিরুল ইসলাম (৩০) ও শেরাওয়ানা আক্তার (২৪)।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পুলিশের পৃথক তিনটি দল অভিযান চালায়। বুধবার দুপুরে বগাবাড়ি বসুন্ধরা নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে আসলাম ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন রাতে গাজীরচট এলাকার ভূইয়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালিয়ে মিঠুন মিয়া ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের আড়িয়ারা মোড় নলিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুলাল শেখকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে সাভারের কাঞ্চনপুর বেঁদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তার, মহসীন, জাকিরুল ইসলাম ও শেরাওয়ানা আক্তারকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে ১৪ বছর ৩ মাস বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেয় প্রশাসন। পরে যাচাই-বাছাইয়ে বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হন তারা। পরে বিয়ে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কনের বাড়িতে বিয়ের সব আয়োজনই ছিল। প্রতিবেশী ও অতিথিদের খাবারের আয়োজন করা হয়। শুধু অপেক্ষা ছিলো বরযাত্রীর। তবে বাল্যবিবাহের খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার মধ্যে চাঁদপুর জেলা স্টেডিয়াম ব্যবহারের জটিলতা ও অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ফলপ্রসূ আলোচনা শেষে কোয়াব তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার অফিস রুমে এই যৌথ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, ফুটবল কমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আহমেদ হাসান আল জায়েদ রিফাই, এবং সাবেক কৃতি ফুটবলার আমিনুল। কোয়াবের প্রতিনিধিত্ব করেন জাতীয় দলের ক্রিকেটার ও কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রানা, কোয়াব চাঁদপুর ইনচার্জ মোরসালিন খান, সদস্য সাদ্দাম হোসাইন, আল ফাহাদ, সাদ্দাম হোসেন মিঠু ও ফয়সাল হোসেন নকীবসহ স্থানীয় উদীয়মান ক্রিকেট খেলোয়াড়রা।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদিন জনু মন্তব্য করেন, “আমরা চাই চাঁদপুরে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স ও কাবাডিসহ সকল ইভেন্টের খেলাধুলা সচল থাকুক। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।” তিনি আরও জানান, স্থানীয় খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্য এবং ফুটবলের পাশাপাশি সপ্তাহে ১-২ দিন ম্যাচ বাদ দিয়ে বাকি দিনগুলোতে ক্রিকেটারদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য সুব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোয়াবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান রানা বলেন, “অক্টোবর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত আমাদের মূল ক্রিকেট মৌসুম। এই সময়ে মাঠ না পেলে স্থানীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ ও টুর্নামেন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তবে জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসের কথা উল্লেখ করে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে সমাধান না হওয়া পর্যন্ত কোয়াব তাদের মানববন্ধনের কর্মসূচি স্থগিত রেখেছে।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে একটি সন্তোষজনক ও মধ্যস্থতামূলক সমাধানের জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট-উভয় খেলার সুস্থ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ‘স্বাধীনতা কাপ ২০২৬’, ‘সুপার কাপ ২০২৬’, ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’ এবং ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর খেলা আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব স্টেডিয়ামটিকে তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে গত ২২ আগস্ট ২০২৬ থেকে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত মাঠ, ড্রেসিং রুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাফুফের অনুকূলে ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘসময় মাঠ ফুটবলকে দেওয়ায় স্থানীয় ক্রিকেট চর্চা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৫ জন বেকার যুবকের মাঝে ১৫টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জেলা পরিষদ কার্যালয় চত্বরে তাদের আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র বেকারদের হাতে এসব ভ্যানগাড়ির বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় তিনি বলেন, বেকারত্ব দূর করতে ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এই ভ্যানগাড়িগুলো বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার পাশাপাশি তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম। এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও কুয়েত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বিশেষ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল-মাশআনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার বৈঠকে হুমায়ুন কবির চলমান মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-কুয়েত যৌথ কমিশনের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়।
হুমায়ুন কবির কুয়েতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান, বাংলাদেশও শিগগিরই যৌথ কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত। বৈঠকে বাংলাদেশ-কুয়েত সম্পর্কের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ