০৫:১০ পি.এম
যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে নারীকর্মীরা সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহের ছুটি পেতে পারেন, যা একটি প্রতিষ্ঠিত নিয়ম। তবে, নতুন পোষ্য প্রাণী হিসেবে কুকুরছানা আনার পর প্রতিষ্ঠানগুলি কি ‘মাতৃত্বকালীন ছুটি’ দিতে বাধ্য? সম্প্রতি এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এক মার্কিন নারী নতুন কুকুরছানার জন্য বেতনসহ আট সপ্তাহের ‘মাতৃত্বকালীন ছুটি’ দাবি করেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে। তিনি হুমকি দিয়েছেন যে, ছুটি না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলবেন।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সঞ্চালকরা যুক্তরাষ্ট্রের একটি ঊর্ধ্বতন নারী কর্মকর্তার ভিডিও তুলে ধরেন। ওই কর্মকর্তা জানান, একটি নারীর ছুটির দাবির কারণে তাকে মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কারণ, ছুটি দিতে অস্বীকৃতি জানানোয় ওই কর্মী অভিযোগ করেছেন যে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।
আরও পড়ুন: মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে
রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো একটি ই-মেইল পড়ে শোনানো হয়। তিনি লিখেছেন, ‘সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি। এখন আমি আরেকটি প্রাণের অভিভাবক। সে প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। আমি একটুও ঘুমাতে পারছি না এবং একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, আমিও ঠিক তা-ই অনুভব করছি।’
তবে, এইচআর বিভাগ থেকে ওই নারী কর্মীকে জানানো হয়েছিল যে, মাতৃত্বকালীন ছুটি কেবল সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্য প্রযোজ্য। এর জবাবে ওই কর্মী বলেন, সন্তান জন্ম দেওয়া বা না–দেওয়ার বিষয়টি এখানে কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।
কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ উল্লেখ করে, তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি করেন ওই কর্মী। ই-মেইলের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ছুটি না দিলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ করবেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রোতাদের মধ্যে বেশিরভাগই ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে মত দেন। একজন মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অস্ত্রোপচারের পর শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মাত্র ছয় সপ্তাহের ছুটিতে ফিরতে হয়েছিল। আর উনি একটি কুকুরের জন্য আট সপ্তাহের ছুটি চান!’
আরও পড়ুন: আইইএ প্রধান: ২০২৭ সালেও জ্বালানির বাজার স্বাভাবিক হবে না
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কুকুরছানা লালন-পালনের কষ্টকে বিবেচনায় নেওয়ার কথা বললেও অনেকে বলেছেন, এমন ছুটি কোনো প্রাতিষ্ঠানিক অধিকার হতে পারে না।
যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার কোনো আইন বা বিধান নেই। তবে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের নিজেদের নিয়ম অনুযায়ী কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন