ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কঙ্গোতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল


কঙ্গোতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি হয়ে গেছে। দেশটিতে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ হাজার ৪২ জনের শরীরে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৩৮৭ জন মারা গেছেন। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ বিষয়টি জানা যায়।

এবারের প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের বিরল প্রজাতি বান্দিবুগিও থেকে। গত মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। এই প্রজাতির বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবের পর এটি ইবোলার দ্বিতীয় বৃহত্তম এবং প্রাণঘাতী প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে। পূর্ববর্তী প্রাদুর্ভাবের সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল এবং তাদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে।

কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলা ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তিদের অনেকেই চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছেন। আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগ শনাক্তকরণের দেরি, সংঘাত এবং স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আফ্রিকায় এর আগে ইবোলার কোনো প্রাদুর্ভাব এত বড় এলাকায় ছড়ায়নি।

আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর গাড়ি উঠলে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর গাড়ি উঠলে নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গিয়ে তিনজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় দমকল বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের নর্থ হলিউড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এলএএফডি, অর্থাৎ লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট, একটি অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, খবর পাওয়ার পর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করেন।

সিবিএস নিউজের সহযোগী স্থানীয় টেলিভিশন স্টেশন কেসিএএল-টিভি জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি বাস স্টপের নিকটবর্তী খাবারের দোকানে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সঠিক কারণ বা কিভাবে গাড়িটি পথচারীদের ওপর উঠে গেল, সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবরণ পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একুশেও কেন আবাসনের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


একুশেও কেন আবাসনের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় বলতে শুধু ক্লাসরুম, পরীক্ষার হল অথবা ডিগ্রির সনদ বোঝায় না; এটি এমন একটি পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা, চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করতে পারে। কিন্তু নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে পড়ে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম জন্মবার্ষিকীতে আবাসন সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। পুরান ঢাকার সীমিত পরিসর এবং ব্যয়বহুল জীবনযাত্রার কারণে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা দীর্ঘদিনের। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য এটি শুধুমাত্র সুবিধার বিষয় নয়; অনেক সময় এটি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। বাসাভাড়া, খাবার ও যাতায়াত খরচ বহন করা সীমিত আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়ায়।

এই কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি টিউশনি কিংবা অন্যান্য কাজ করতে হয়। টিউশনি করেও উল্লেখযোগ্য আয় পাওয়া কঠিন। ফলে পড়াশোনা, গবেষণা, পাঠাগারে অধ্যয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সময় কমে যায়। এতে শিক্ষার্থীদের শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আবাসন শুধুমাত্র মাথা গোঁজার জায়গা নয়; এটি শিক্ষার্থীর নিরাপত্তা, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষার ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। উপযুক্ত আবাসিক পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সম্মিলিত জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করে। কিন্তু পুরান ঢাকার মেসের পরিবেশ, খাবারের মান এবং দাম—কোনোটিই শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক নয়। শ্রেণিকক্ষে শেখার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

ছাত্রীদের জন্য একটি হল থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে আরো দুটি হলের নির্মাণ কাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে আবাসন সংকটের সমাধান কবে হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের আবাসনকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেটিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিকল্পনা থাকলেই হবে না, বাস্তবায়নও দৃশ্যমান হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশ বছরে পদার্পণের এই সময়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী এবং পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার উদ্যোগে গতি আনা জরুরি। কারণ আবাসন অতিরিক্ত সুবিধা নয়; মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার মৌলিক শর্ত।

লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে মালিকপক্ষ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও তারা কাজে যোগ না দেওয়ার ফলে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে পোশাক কারখানার কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, সকালে পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে এবং কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। পরে যখন কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে, তখন শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে।

এছাড়া, বেশিরভাগ পোশাক কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে, সাভারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী দখল বন্ধ করবে কে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


নদী দখল বন্ধ করবে কে?

বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী, খাল-বিল ও জলাশয় এ দেশের বুক চিরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু নদীমাতৃক বাংলার পূর্বের রূপ আজ আর নেই। বিভিন্ন কারণে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদী দেশের অর্থনীতির প্রাণ, কৃষির সহায়ক, যোগাযোগের মাধ্যম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার।

বিশ্বের বড় বড় সভ্যতার অধিকাংশই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সহজ যোগাযোগ, কৃষির জন্য পানির প্রাপ্যতা এবং উর্বর পলিমাটির কারণে নদীর তীরে জনপদ, হাটবাজার ও নগর গড়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও খাদ্যনিরাপত্তাহীনতার কারণে নদী ও মিঠাপানির গুরুত্ব আরো বেড়েছে। অনেক দেশ পানির সংকটে ভুগছে। শুষ্ক ও মরুপ্রবণ দেশগুলো কৃষিকাজ টিকিয়ে রাখতে খাল, সেচব্যবস্থা ও পানি সংরক্ষণ প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশেও কৃষির জন্য বড় সেচখাল নির্মাণ ও পুরোনো খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কিন্তু যে নদী আমাদের এত কিছু দিয়েছে, সেই নদীকেই আমরা প্রতিনিয়ত হত্যা করছি। নানা উপায়ে নদী দূষণ করছি এবং নদী ভরাটের উৎসবে নেমে পড়ছি। নদী ভরাটের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নদী অস্তিত্ব হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে।

নদীর তীরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ফেলে নদী ভরাট করা হচ্ছে। কোথাও নদীর জায়গা দখল করে দোকানপাট, বাজার কিংবা মার্কেট গড়ে উঠছে। শহর বা বড় কোনো বাজারের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলোর জায়গা ধীরে ধীরে ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। একসময় যে নদী বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকত, সেই নদী আজ পানিশূন্য হয়ে পড়েছে।

ছোট নদীগুলোর ক্ষেত্রে এই চিত্র আরো ভয়াবহ। মাটি ফেলে ধীরে ধীরে নদীর বুক সংকুচিত করা হচ্ছে। সেখানে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট কিংবা অন্য স্থাপনা গড়ে তোলা হচ্ছে। কয়েক বছর পর পুরো নদীটি সরু নালা কিংবা ড্রেনে পরিণত হয়ে যায়। একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। বড় নদীগুলোও দখল ও ভরাটের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের কেউ কেউ নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন। নদীর পাড়ে অবৈধ শিল্পকারখানা গড়ে ওঠাও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলার ফলে নদী ভরাটের পাশাপাশি পানিও দূষিত হচ্ছে।

নদী ভরাট ও দখল বন্ধে প্রতিটি নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। নদী ভরাট করে স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দখলকারী যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি করতে হবে। নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

যেসব নদী ভরাট হয়ে এরই মধ্যে সংকুচিত হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পুনঃখনন করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্রেজিং করা যেতে পারে। তবে ড্রেজিংয়ের নামে যেন অবৈধ বালু উত্তোলন বা নদীর তীর ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। নদীর তীরে অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে। শহর কিংবা বাজার নদীর দিকে সম্প্রসারণের আগে পরিবেশ ও জলপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। নদীর তীর দখলমুক্ত করে পার্ক, সবুজ বেষ্টনী বা উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। নদী দখলকারীর রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব যদি তাকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায়, তাহলে কোনো আইনই কার্যকর হবে না। নদী রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়; রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সবার। আজ আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশ কৃষির জন্য পানি নিশ্চিত করতে খাল নির্মাণ ও সেচব্যবস্থার উন্নয়ন করছে। অথচ আমরা নদীমাতৃক দেশের মানুষ হয়েও প্রতিনিয়ত নদীকে নিজেদের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেবল বইয়ের পাতায় পড়বে—অতীতে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিল। তাই এখনই নদী ভরাট ও দখল বন্ধ করতে হবে।

নদীকে বাঁচানো মানে শুধু নদীকে বাঁচানো নয়; নদীকে বাঁচানো মানে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন-জীবিকাকে নিরাপদ রাখা। তাই উন্নয়নের নামে নদীর বুক ভরাট করা নয়, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার—‘নদী ভরাট বন্ধ করো; নদীকে বাঁচতে দাও; নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%