ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নদী দখল বন্ধ করবে কে?


নদী দখল বন্ধ করবে কে?

বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী, খাল-বিল ও জলাশয় এ দেশের বুক চিরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু নদীমাতৃক বাংলার পূর্বের রূপ আজ আর নেই। বিভিন্ন কারণে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদী দেশের অর্থনীতির প্রাণ, কৃষির সহায়ক, যোগাযোগের মাধ্যম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার।

বিশ্বের বড় বড় সভ্যতার অধিকাংশই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সহজ যোগাযোগ, কৃষির জন্য পানির প্রাপ্যতা এবং উর্বর পলিমাটির কারণে নদীর তীরে জনপদ, হাটবাজার ও নগর গড়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও খাদ্যনিরাপত্তাহীনতার কারণে নদী ও মিঠাপানির গুরুত্ব আরো বেড়েছে। অনেক দেশ পানির সংকটে ভুগছে। শুষ্ক ও মরুপ্রবণ দেশগুলো কৃষিকাজ টিকিয়ে রাখতে খাল, সেচব্যবস্থা ও পানি সংরক্ষণ প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশেও কৃষির জন্য বড় সেচখাল নির্মাণ ও পুরোনো খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কিন্তু যে নদী আমাদের এত কিছু দিয়েছে, সেই নদীকেই আমরা প্রতিনিয়ত হত্যা করছি। নানা উপায়ে নদী দূষণ করছি এবং নদী ভরাটের উৎসবে নেমে পড়ছি। নদী ভরাটের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নদী অস্তিত্ব হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: জেন্ডার বৈষম্যের প্রাতিষ্ঠানিক পুনরুৎপাদন নিয়ে রাষ্ট্রের কাছে প্রশ্ন

নদীর তীরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ফেলে নদী ভরাট করা হচ্ছে। কোথাও নদীর জায়গা দখল করে দোকানপাট, বাজার কিংবা মার্কেট গড়ে উঠছে। শহর বা বড় কোনো বাজারের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলোর জায়গা ধীরে ধীরে ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। একসময় যে নদী বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকত, সেই নদী আজ পানিশূন্য হয়ে পড়েছে।

ছোট নদীগুলোর ক্ষেত্রে এই চিত্র আরো ভয়াবহ। মাটি ফেলে ধীরে ধীরে নদীর বুক সংকুচিত করা হচ্ছে। সেখানে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট কিংবা অন্য স্থাপনা গড়ে তোলা হচ্ছে। কয়েক বছর পর পুরো নদীটি সরু নালা কিংবা ড্রেনে পরিণত হয়ে যায়। একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। বড় নদীগুলোও দখল ও ভরাটের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের কেউ কেউ নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন। নদীর পাড়ে অবৈধ শিল্পকারখানা গড়ে ওঠাও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলার ফলে নদী ভরাটের পাশাপাশি পানিও দূষিত হচ্ছে।

নদী ভরাট ও দখল বন্ধে প্রতিটি নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। নদী ভরাট করে স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দখলকারী যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি করতে হবে। নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

যেসব নদী ভরাট হয়ে এরই মধ্যে সংকুচিত হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পুনঃখনন করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্রেজিং করা যেতে পারে। তবে ড্রেজিংয়ের নামে যেন অবৈধ বালু উত্তোলন বা নদীর তীর ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। নদীর তীরে অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে। শহর কিংবা বাজার নদীর দিকে সম্প্রসারণের আগে পরিবেশ ও জলপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। নদীর তীর দখলমুক্ত করে পার্ক, সবুজ বেষ্টনী বা উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। নদী দখলকারীর রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব যদি তাকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায়, তাহলে কোনো আইনই কার্যকর হবে না। নদী রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়; রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সবার। আজ আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশ কৃষির জন্য পানি নিশ্চিত করতে খাল নির্মাণ ও সেচব্যবস্থার উন্নয়ন করছে। অথচ আমরা নদীমাতৃক দেশের মানুষ হয়েও প্রতিনিয়ত নদীকে নিজেদের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেবল বইয়ের পাতায় পড়বে—অতীতে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিল। তাই এখনই নদী ভরাট ও দখল বন্ধ করতে হবে।

আরও পড়ুন: প্রত্যক্ষদর্শী দুই সেনা কর্মকর্তার লেখায় ৭ নভেম্বরের বিপ্লবের চিত্র তুলে ধরা

নদীকে বাঁচানো মানে শুধু নদীকে বাঁচানো নয়; নদীকে বাঁচানো মানে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন-জীবিকাকে নিরাপদ রাখা। তাই উন্নয়নের নামে নদীর বুক ভরাট করা নয়, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার—‘নদী ভরাট বন্ধ করো; নদীকে বাঁচতে দাও; নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপাবলির রাতে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, আহত হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


দীপাবলির রাতে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, আহত হাসপাতালে

ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের ফলে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তার মাথায় আঘাত করে। আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দীপাবলি উপলক্ষে সৌরভ বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে যে, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। প্রথমে একটি গুলি দেয়ালে আঘাত করে পরে সৌরভের মাথায় লাগে। গুলিটি সৌরভের কানের ঠিক পেছনে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে পূর্বে পরিচয় ও সুসম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বাহিনীতে কর্মরত সৌরভ দীপাবলি উদ্‌যাপনে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার, জানিয়েছেন বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার, জানিয়েছেন বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের মধ্যে নতুন বাণিজ্যিক বিমানবন্দর চালু করার অনুমতি নেই। তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার এ শর্তে উদ্বিগ্ন নয়। যদিও এক এভিয়েশন বিশেষজ্ঞ এটি অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাকগলানো হিসেবে দেখছেন।

বর্তমানে একটি রানওয়ে এবং অতিরিক্ত ফ্লাইট ও যাত্রী চাপের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থায় অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য জোর প্রস্তুতি চলছে। বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য খসড়া চুক্তির শর্তে সম্মত হয়েছে।

চুক্তির একটি শর্ত হলো, বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের মধ্যে অন্য কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু করা যাবে না। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ, নির্মাণকাজ পরিচালনা অথবা সামরিক স্থাপনা উন্নয়নে কোনো বাধা থাকবে না।

বিমানমন্ত্রী এ বিষয়ে মন্তব্য করে বলেন, সরকার জাপানের শর্তে উদ্বিগ্ন নয়। তিনি উল্লেখ করেন যে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর তৈরি করতে ১৫ বছর সময় লাগবে।

এদিকে, এ চুক্তিকে নিজেদের বিষয়ে জাপানের নাকগলানো হিসেবে অভিহিত করে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, চুক্তি নিয়ে শুরু থেকেই আরও সতর্ক হওয়া উচিত ছিল বাংলাদেশের।

তিনি বলেন, "থার্ড পার্টি যদি বলে দেয় যে তুমি এটা করবে, আবার এটা করতে পারবে না। এটা যদি অন্যরা আমাদের বলে, তাহলে সেটা আমি মনে করি, আমাদের ওপর নাকগলানো হয় আর কী। আমরা যদি আমাদের চাহিদাটা প্রথমে জানিয়ে দিতাম, তাহলে তো এই সুযোগটা আজ আসত না। আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি তাদের জন্য।"

তৃতীয় টার্মিনাল চালুর জন্য জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তিটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষরের চেষ্টা চলছে এবং ডিসেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা সরকারের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি বিরোধে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


জমি বিরোধে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু, গ্রেফতার ৩

শরীয়তপুরের গোসাইরহাটে জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের ফলে ভাতিজার ঘুসিতে আহত হয়ে এক চাচার মৃত্যু ঘটেছে। এই ঘটনার পর দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে ভাতিজা, তার বাবা ও মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মামলার প্রধান আসামি ইব্রাহিম সরদার (২৫), তার বাবা সুরুজ মিয়া সরদার (৫০) এবং মা সেলিনা বেগম (৪৫)। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (৫৮)। তিনি গোসাইরহাট উপজেলার খাটরা গ্রামের মৃত দুলা মিয়া সরদারের পুত্র।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে খাটরা গ্রামে জমির সীমানা নির্ধারণ নিয়ে ওসমান সরদারের সঙ্গে তার ছোট ভাই সুরুজ মিয়া সরদার, সুরুজের স্ত্রী সেলিনা বেগম এবং তাদের দুই ছেলে ইব্রাহিম ও ইছাহাকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইব্রাহিম তার চাচা ওসমান সরদারের নাকে ঘুসি মারেন, ফলে তার নাক ফেটে গুরুতর জখম হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ওসমানকে। চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু ঘটে।

এই ঘটনায় নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে গোসাইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ওসমান সরদারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেফতার, রাজমিস্ত্রি স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেফতার, রাজমিস্ত্রি স্বামী পলাতক

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানমকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিক ব্যাগে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সাবানা বেগমকে আটক করা হলেও তার স্বামী ফারুক পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বেচাকেনা চালিয়ে আসছেন তারা। সাবানা গৃহিণী ও তার স্বামী রাজমিস্ত্রীর পাশাপাশি মাদক কারবারে জড়িত।

এদিকে, স্বামী-স্ত্রী মিলে মাদক বেচাকেনা খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%