০১:৫৯ এম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি বাখরনগর উত্তরপাড়া এলাকায় সংঘর্ষটি ঘটে। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে নারীও রয়েছেন।
এ ঘটনায় দুলাল মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার বাসিন্দা কাউসার মিয়া।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শতবর্ষী পৈতৃক ও সরকারি চলাচলের রাস্তা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে চলাচলের রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করেন, যা পথ বন্ধ করে দেয়। বাদীপক্ষ এ নির্মাণকাজে বাধা দেওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমরান চৌধুরী
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের হামলায় দেশীয় অস্ত্র ও লোহার পাইপের আঘাতে আলমগীর মোল্লা (৩৫), হাবিবুর রহমান (৫০), রুশিয়া বেগম (৬৫), কাউসার মিয়া (৩৮) ও খাদিজা আক্তার (৩২) আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আলমগীর মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। হামলার সময় বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বিষয়টি সম্পর্কে ফোনে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা, ছাত্রলীগ-যুবলীগের: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন