ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খিলগাঁওয়ে ওয়ার্কশপে মোস্তফা (২২)কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪


খিলগাঁওয়ে ওয়ার্কশপে মোস্তফা (২২)কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় পূর্বশত্রুতার কারণে মোস্তফা (২২) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোস্তফাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে নাগদারপাড় এলাকার একটি পেট্রোল পাম্পের বিপরীত পাশে অবস্থিত ওয়ার্কশপের ভেতরে মোস্তফাকে মারধর করে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

নিহতের বড় বোন জুলেখার অভিযোগ, শনিবার রাত ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাঁকে ডেকে নাগদারপাড়ের ওই ওয়ার্কশপে নিয়ে যান। পরে সেখানে হোসেন, তাঁর সহযোগী ইউনুস, খানসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে মোস্তফার মৃত্যু ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

জুলেখা আরও অভিযোগ করেন, প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের পরিবারের সঙ্গে হোসেনের বিরোধ সৃষ্টি হয়। সেই সময় হোসেন তাঁর লোকজন নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের মারধর করেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে সেই মামলা চলমান রয়েছে এবং তাঁরা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।

বিরোধের কারণ সম্পর্কে তিনি বলেন, মাছ চাষের জন্য তাঁরা একটি ডোবা কিনেছিলেন। কিন্তু হোসেন তাঁদের ওই ডোবা থেকে মাছ ধরতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং পরে মামলা হয়।

নিহতের বোনের দাবি, তাঁর ভাই সহজ-সরল প্রকৃতির ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হোসেন ও তাঁর সহযোগীরা হত্যা করেছেন। এ ছাড়া তাঁদের পরিবারের সঙ্গে আর কারও শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে

জুলেখা জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবার নাম নেয়ামত আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ এম


সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা আবশ্যক।

নতুন নির্দেশনার আওতায়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য কেবল মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে, অর্থাৎ এ গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।

এছাড়া, প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে।

এছাড়া, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার এবং নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে নির্ধারিত নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ এম


বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে নির্ধারিত নিয়ম

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। এই নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের জন্য ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়ম এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।

১৫ নভেম্বর ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, বকেয়া পেনশন পরিশোধের জন্য আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলছে। এই কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এই সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) ও জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানোর অনুমতি নেই। তাদেরকে নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

অন্যদিকে, সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয় সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবেন।

এ নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়েছে। পেনশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.pension.gov.bd ওয়েবসাইট অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, ইডেন শিক্ষার্থীরা ৯টি বাস আটকে রাখলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ এম


হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, ইডেন শিক্ষার্থীরা ৯টি বাস আটকে রাখলেন

শিক্ষার্থীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডার ফলস্বরূপ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা ৯টি বাস আটকে দিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে, শিক্ষার্থীরা বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন। এ সময় পরিবহনটির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

সূত্র অনুযায়ী, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) ইডেন কলেজের শিক্ষার্থী ফাল্গুনীর সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের একজন হেলপারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। প্রতিবাদের অংশ হিসেবে, আজ ক্যাম্পাসের সামনের সড়কে পরিবহনটির ৯টি বাস আটকে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, নীলাচল পরিবহনের একটি বাসে চলার সময়, বাসের হেল্পার একজন শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেছেন। এই ঘটনার জন্য, শিক্ষার্থীরা দাবি করেছেন যে হেল্পারকে ওই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। তাদের দাবি, হেল্পার ক্ষমা না চাওয়া পর্যন্ত বাসগুলো আটকে রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ অনিল কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে প্যারিসে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি, অভিনেতা ইনস্টাগ্রামে এই সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন।

অনিল কাপুর তার ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেছেন যে, ভারতে প্রথমবার ম্যাঁখোর সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিনের কথোপকথন এতটাই সহজ ও আন্তরিক ছিল যে মনে হয়েছিল, তারা অনেকদিনের পরিচিত। প্যারিসে পুনরায় সাক্ষাৎ হওয়ার পরও তিনি সেই উষ্ণতা অনুভব করেন।

কাপুর আরও জানিয়েছেন যে, ম্যাঁখোর অফিসে তারা নেপোলিয়নের সময়ের কিছু শিল্পকর্ম দেখার সুযোগ পেয়েছেন। ইতিহাসের শিক্ষা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাওয়া উচিত, এই বিষয়েও তাদের আলোচনা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অনিল কাপুর ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতে ভারতে ম্যাঁখোকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন।

অনিল কাপুরের এই পোস্টে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘অভিজাত্যের মিলন, নিখুঁত সৌন্দর্য।’ অন্য একজন তাকে বিশ্বের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ, অনিল কাপুরকে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ছবিতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%