০১:৩০ এম
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে ৭ লাখের বেশি মানুষ পালিয়ে এসেছিলেন। তাদের অনেকের সামনে স্বজনদের হত্যার দৃশ্য, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারীদের যৌন সহিংসতার শিকার হতে দেখা গেছে। প্রাণ বাঁচাতে কেউ জঙ্গল, পাহাড় ও নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন; কেউ আবার পালানোর পথে পরিবারের সদস্যদের হারিয়েছেন।
সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় এক দশক পরও অনেক রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেওয়ার পর তাদের বেঁচে থাকার সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে রোহিঙ্গা বেঁচে ফেরা কয়েকজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিক কায়মিল আহমেদ। তাদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া হয়ে উঠেছিল আসন্ন হত্যাযজ্ঞের সংকেত, কীভাবে রক্তে লাল হয়ে যাওয়া নদী পেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে এসেছিলেন।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের কাছে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া ছিল বিপদের সংকেত। দূর থেকে ধোঁয়া দেখা গেলে তারা বুঝতে পারতেন, পাশের গ্রামে হামলা হয়েছে, এবার তাদের গ্রামেও হামলা হতে পারে। কোথাও নদীতে ভেসে আসত লাশ। সেগুলো উদ্ধার করে দ্রুত দাফনের ব্যবস্থা করার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যেতেন মানুষ।
মিয়ানমার থেকে পালানোর সময় তাদের পাড়ি দিতে হয়েছে ঘন জঙ্গল, পাহাড় ও নদী। এর মধ্যে বর্ষার প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে। প্রাণ বাঁচানোর এই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে আইসিজে বিবেচনা করেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা কেবল জাতিগত নিধনের শিকার হননি; পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের হত্যা করা হয়েছে। এর মাধ্যমে মিয়ানমারের উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করা।
২০১৭ সালের সেই অভিযানে সংগঠিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই এসেছিলেন রাখাইনের তুলা তোলি ও আশপাশের এলাকা থেকে। তুলা তোলিতে হাজার হাজার মানুষকে একত্র করে হত্যা এবং গণকবরে পুঁতে ফেলার ঘটনা ঘটেছিল। অন্য অনেক গ্রামে পুরুষদের ধরে নিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুজনের প্রাণহানি
অনেক রোহিঙ্গা নিজ গ্রামের হামলা থেকে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েও স্বজনদের হত্যার দৃশ্য দেখেছেন। শেষ পর্যন্ত তাদের অনেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসেন। তাদের সংখ্যা দাঁড়ায় সাত লাখের বেশি।
তুলা তোলি গ্রামের দুই বোন মমতাজ বেগম ও দিলদার বেগমের অভিজ্ঞতা ছিল প্রায় একই রকম। মমতাজ যখন নিজের ওপর নেমে আসা নির্যাতনের কথা বলছিলেন, তখন পাশে বসে ছিলেন দিলদার। মমতাজের স্বামী ও সন্তানদের হত্যা করার পর তার একমাত্র জীবিত সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে মিয়ানমারের সেনারা।
দিলদার নীরবে বোনের কথা শুনছিলেন। কারণ, তিনি নিজেও একই গ্রামের বাসিন্দা হিসেবে একই ধরনের সহিংসতার শিকার হয়েছিলেন। দুই বোনই কয়েক মাস ধরে একে অপরকে মৃত বলে মনে করেছিলেন। পরে জানতে পারেন, দুজনই প্রাণে বেঁচে বাংলাদেশে পৌঁছেছেন, তবে আশ্রয় নিয়েছেন শিবিরের ভিন্ন ভিন্ন অংশে।
দুই বোনেরই কেবল একজন করে মেয়ে সন্তান বেঁচে ছিল। তাদের দুজনের মাথার পেছনেও ছিল প্রায় একই ধরনের ক্ষতচিহ্ন।
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড
আনোয়ারা বেগমের জীবনে শরণার্থী হওয়ার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দুবার তাকে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছিল। প্রথমবার ১৯৭৮ সালে, যখন তিনি শিশু। এরপর ১৯৯০-এর দশকের শুরুর দিকে তরুণী মা হিসেবে আবার বাংলাদেশে আসেন। সেবার বর্ষাকালে দুর্বল তাঁবুতে থাকার সময় শ্বাসতন্ত্রের রোগে তাঁর এক ছেলের মৃত্যু হয়।
পরে তাকে আবার মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়। কিন্তু যে নিপীড়ন থেকে পালিয়ে এসেছিলেন, তা বন্ধ হয়নি। এরপর নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, আর কখনো শরণার্থী হবেন না।
কিন্তু ২০১৭ সালে তুলা তোলি থেকে ভেসে আসা লাশে গ্রামের পাশের নদী ভরে যেতে দেখে সেই প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হন তিনি। তার স্বামী নদী থেকে যতটা সম্ভব মরদেহ তুলে দাফনের ব্যবস্থা করেন। এরপর তারা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদের দিকে রওনা হন।
নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য আনোয়ারাকে নিজের সব সোনা একজন বাংলাদেশি নৌকার মাঝির হাতে তুলে দিতে হয়েছিল। ওই সোনার মূল্য ছিল প্রায় ২০০ মার্কিন ডলার।
আরও পড়ুন: ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন
চারবার শরণার্থী হয়েছেন নুর আলম
মিয়ানমারের সেনাবাহিনীর হামলা থেকে বয়স্করাও রেহাই পাননি। প্রাণ বাঁচাতে পালানোর সময় বৃদ্ধ নুর আলমকে তার সন্তানদের কাঁধে করে বাংলাদেশে আনতে হয়েছিল। তার ১০ বছর বয়সী নাতি মামুন পুরো যাত্রায় তার হাত ধরে ছিল। শরণার্থীশিবিরে পৌঁছানোর পরও তারা একে অপরকে আঁকড়ে ছিল।
নুর আলমের জীবনে বাংলাদেশে শরণার্থী হওয়ার ঘটনা এ নিয়ে চতুর্থবার। ১৯৫০-এর দশকে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রথমবার তাকে দেশ ছাড়তে হয়েছিল। তখন মিয়ানমার বার্মা নামে পরিচিত ছিল এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।
২০১৭ সালে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অধিকাংশই প্রায় এক দশক পরও শরণার্থীশিবিরে রয়েছেন। তাদের সঙ্গে সেখানে রয়েছেন ১৯৯০-এর দশকের শুরুতে মিয়ানমারের সামরিক অভিযান ও দীর্ঘদিনের নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ জন
কক্সবাজারের শিবিরগুলোতে এখনো বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতে হচ্ছে তাদের। শিবিরের বাইরে যাওয়ার, কাজ করার কিংবা শিক্ষার সুযোগও তাদের সীমিত। দীর্ঘদিন ধরে এমন অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে লাখো রোহিঙ্গাকে।
এ বছর শরণার্থীশিবির থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সমুদ্রে শত শত রোহিঙ্গার মৃত্যুর খবরও পাওয়া গেছে। একই সময়ে মালয়েশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছে। ফলে আইসিজের সাম্প্রতিক রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রোহিঙ্গা অধিকারকর্মীরা। তাদের আশা, এ রায়ের ফলে জোরপূর্বক প্রত্যাবাসনের উদ্যোগ বন্ধ হবে এবং নিজ দেশে নিরাপদে ফেরার পথ তৈরি হবে।
তবে গণহত্যার রায় সত্ত্বেও রোহিঙ্গাদের দুর্দশার অবসান এখনো হয়নি। তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অধিকারকর্মীরা।
আরও পড়ুন: ইরান উন্মোচন করল একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন