০১:১০ এম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা আবশ্যক।
আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ
নতুন নির্দেশনার আওতায়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য কেবল মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে, অর্থাৎ এ গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।
এছাড়া, প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে।
এছাড়া, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ওয়ার্কশপে মোস্তফা (২২)কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার এবং নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন