ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নীলফামারী জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময় সভা​


নীলফামারী জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময় সভা​

নীলফামারী জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি)। পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই সভায়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।" এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তারা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার আইনশৃঙ্খলার মানোন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগ, শতাধিক আইন প্রণেতার স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগ, শতাধিক আইন প্রণেতার স্বাক্ষর

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকাকে অভিশংসনের দাবিতে স্বাক্ষর করেছেন ১০০ জনের বেশি আইন প্রণেতা। বুধবার নেওয়া এই উদ্যোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

জিবরান, যিনি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে, বর্তমানে সমালোচনার মুখোমুখি। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার নথিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়ার নির্ধারিত শর্ত পূরণে তার শিক্ষাগত নথিপত্র যথেষ্ট নয়। এই ঘটনার ফলে তার যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক চলাকালীন সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো (জোকোউ) এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর মধ্যে দূরত্ব বাড়ছে। এতে জিবরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে এক বৈঠকে জিবরান পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক আইনপ্রণেতা জিবরানকে অভিশংসনের দাবিতে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। তাদের একজন মুহাম্মদ খালিদ বলেছেন, "আদালতের রায়ের পর জিবরান ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তাই তার এ পদে থাকারও অধিকার নেই।"

খালিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আবেদনটি সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া হবে। আইনপ্রণেতাদের আনুষ্ঠানিক অবস্থান ঘোষণার মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে। মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক রায়ে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট জিবরান রাকাবুমিন রাকার শিক্ষাগত সমতা সনদ বাতিল করেছে। একই সঙ্গে দেশের শিক্ষা মন্ত্রণালয়কে সনদটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।

বিদেশে পড়াশোনা করা জিবরান এই সনদ ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ইন্দোনেশিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, জিবরানের উচ্চমাধ্যমিক পাসের দাবির পক্ষে যে নথি জমা দেওয়া হয়েছিল, তা দিয়ে তাঁর স্নাতক ডিগ্রি অর্জনের বিষয়টি প্রমাণিত হলেও উচ্চমাধ্যমিকের সমমানের যোগ্যতা প্রমাণিত হয় না। আদালত আরো বলেছেন, জিবরানের কাছে এমন কোনো বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার প্রমাণ পাওয়া যায়নি, যা ইন্দোনেশিয়ার উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত হতে পারে।

সুপ্রিম কোর্ট তাদের রায়ে সাংবিধানিক আদালতের আগের সিদ্ধান্তও বিবেচনায় নিয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, জিবরানের শিক্ষাগত নথিপত্র নির্বাচনে অংশ নেওয়ার নির্ধারিত শর্ত পূরণ করে না।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক সানা জাফরির মতে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর অগোচরে বা অনুমতি ছাড়া আইনপ্রণেতারা জিবরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন, তা বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, "প্রাবোওর নীরবতা থেকে মনে হতে পারে, তিনি জিবরানকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিতে চান। তবে এ বিষয়ে সরাসরি জড়িত হয়ে রাজনৈতিক ঝুঁকি নিতে চান না।" বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। কারণ, তাদের সমর্থনই প্রাবোওর নির্বাচনী জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

সানা জাফরি আরো বলেন, এই সংকটের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, দেশের কার্যকর ও স্থিতিশীল শাসনব্যবস্থার চেয়ে অল্প কয়েকজন প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক স্বার্থ বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ নিয়ে দেশি-বিদেশি মহলে উদ্বেগ আরও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে শেরপুরের পৌর শহরস্থ শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পদকপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় শেরপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই,
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মোহসীনা সোবহান, সদর উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর লুৎফর রহমান, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আজমেরী, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক মোঃ রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান বাদল সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই পানি ও পয়োনিষ্কাশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই পানি ও পয়োনিষ্কাশন

পেরুর লা রিনকোনাদা, পৃথিবীর সর্বোচ্চ স্থায়ী জনবসতি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এবং চারদিকে বরফঢাকা পাহাড়, পাতলা বাতাস ও দুর্গম পরিবেশ দ্বারা পরিবেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই জনপদে বিশুদ্ধ পানির সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ নেই। সোনার খোঁজে প্রতিকূল পরিবেশে এখানে মানুষগুলো বসবাস করছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

নাসার চোখে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি

২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা লা রিনকোনাদাকে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি হিসেবে উল্লেখ করে। নাসার ল্যান্ডস্যাট-৮ স্যাটেলাইটের অপারেশনাল ল্যান্ড ইমেজার যন্ত্রে ২০১৯ সালের ১ আগস্ট তোলা ছবিতে এই জনপদ দেখা যায়। এটি দক্ষিণ-পূর্ব পেরুর আন্দিজ পর্বতমালায়, বলিভিয়া সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আনানেয়া পর্বতের ঢালে এবং লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহের নিচে গড়ে উঠেছে বসতিটি। স্প্যানিশ ভাষায় লা বেলা দুরমিয়েন্তে অর্থ ‘ঘুমন্ত সুন্দরী’ বলে পরিচিত।

নাসার তথ্যমতে, লা রিনকোনাদার যাত্রা শুরু হয়েছিল প্রায় চার দশক আগে অস্থায়ী খনিশ্রমিকদের বসতি হিসেবে। সেখানে শুরুতে স্থায়ী শহর গড়ে তোলার পরিকল্পনা ছিল না, তাই নাগরিক সুবিধা যেমন পানি, পয়োনিষ্কাশন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হয়নি।

সেখানে সোনার খনিতে শ্রমিকদের কাজের ব্যবস্থা ছিল ভিন্ন। পুরুষ খনিশ্রমিকরা একটানা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত খনিতে কাজ করতে পারতেন। এ সময় তাঁরা নির্দিষ্ট মজুরি পেতেন না, তবে খনি থেকে যতটুকু সোনা সংগ্রহ করতে পারতেন, তা নিজেদের কাছে রাখার সুযোগ ছিল। এই ব্যবস্থা অস্থায়ী খনিশিবিরটিকে স্থায়ী জনবসতিতে পরিণত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

সোনার দাম বাড়তেই বাড়ে জনসংখ্যা

জীবনযাপনের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ২০০০-এর দশকে লা রিনকোনাদার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। নাসার তথ্য অনুযায়ী, সোনার বাজারদর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এখানকার জনসংখ্যা বেড়েছিল ২৩০ শতাংশ। ওই দশকেই প্রথম বিদ্যুৎ পৌঁছায় জনপদটিতে।

তবে এখনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো কার্যকর ব্যবস্থা নেই। বাসিন্দাদের অনেকেই শহরের বাইরে আবর্জনা পুড়িয়ে ফেলেন বা মাটিচাপা দেন। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পাতলা বাতাসে বসবাসের স্বাস্থ্যঝুঁকি

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় হওয়ায় লা রিনকোনাদার বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম। নাসার তথ্য অনুযায়ী, এখানে শ্বাস নেওয়ার সময় শরীরে সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ অক্সিজেন প্রবেশ করে।

এমন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে মাথা ঘোরা, মাথাব্যথা, কানে শব্দ হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে হৃদ্‌যন্ত্র বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

নাসার গবেষকদের অনুমান, লা রিনকোনাদার প্রতি চারজন বাসিন্দার একজন এ সমস্যায় ভুগছেন। এ কারণে গবেষকেরা সেখানে যান উচ্চতাজনিত অক্সিজেনস্বল্পতার স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা করতে।

পর্যটকদের জন্য কি আদর্শ গন্তব্য?

পেরুতে রয়েছে মাচুপিচুর মতো বিশ্ববিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা আকর্ষণ। প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক এসব স্থান দেখতে যান। তবে লা রিনকোনাদা তেমন কোনো পর্যটনকেন্দ্র নয়।

২০২৫ সালে ট্রিপসাইডের এক প্রতিবেদনে জনপদটিকে প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ২০০০-এর দশকের শুরুর দিকে সোনার খোঁজে মানুষের আগমন বাড়তে থাকায় একসময়কার ছোট পাহাড়ি গ্রামটি ৫০ হাজারের বেশি মানুষের বসতিতে পরিণত হয়েছে।

প্রতিবেদনটিতে শহরটির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এগুলো ওই সংবাদমাধ্যমের নিজস্ব পর্যবেক্ষণ। নাসা ও ট্রিপসাইড—উভয় প্রতিবেদনেই উঠে এসেছে, লা রিনকোনাদা মূলত খনিশ্রমিকদের বসতি, পর্যটকদের জন্য পরিকল্পিত কোনো শহর নয়।

সোনার আকর্ষণে গড়ে ওঠা লা রিনকোনাদা প্রমাণ করে, প্রাকৃতিক সম্পদের সন্ধানে মানুষ কত প্রতিকূল পরিবেশেও বসতি গড়ে তুলতে পারে। তবে সেখানে জীবনযাপনের মৌলিক সুযোগ-সুবিধার অভাব একটি বড় বাস্তবতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যায় মোবারক হোসেনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যায় মোবারক হোসেনের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি এবং তাঁর মাতা তাহমিনা বেগমকে হত্যা সংক্রান্ত মামলায় মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে সুমাইয়াকে হত্যার জন্য দুই লাখ টাকা এবং তাহমিনা বেগমকে হত্যার জন্য এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সুমাইয়ার ভাই ও সহপাঠীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁরা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এ রায় প্রদান করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম, যিনি ফয়সাল নামে পরিচিত, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর জিআর ৭১২/২৫ এবং নারী ও শিশু মামলা নম্বর ১৮০/২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া এবং তাঁর মা তাহমিনা বেগম অবস্থান করছিলেন। ওই দিন রাত ১০টার দিকে তাজুল ইসলাম বাসায় গিয়ে বোনকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি বোনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁর মাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তাহমিনার মাথা ও কনুইয়ে রক্তের চিহ্ন এবং নাক-মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁদের হত্যা করে বাসা থেকে কয়েকটি মুঠোফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

মামলার তদন্তে ৯ সেপ্টেম্বর মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

জবানবন্দিতে মোবারক জানান, তিনি বালুতুপা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ঝাড়ফুঁক দেওয়ার সূত্রে সুমাইয়া ও তাঁর মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২ সেপ্টেম্বর তিনি তাঁদের বাসায় গিয়ে ঝাড়ফুঁক করেন। পরে ৭ সেপ্টেম্বর সকালে সুমাইয়ার মায়ের ডাকে তিনি ওই বাসায় যান।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন মোবারক সুমাইয়াকে ধর্ষণ করেন। বিষয়টি তাহমিনা বেগম দেখে ফেললে তিনি তাঁকে ধাক্কা দেন। পরে মোবারক তাঁকে গলা চেপে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এরপর সুমাইয়াকেও গলা চেপে হত্যা এবং বাসা থেকে ল্যাপটপসহ কয়েকটি জিনিস নিয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ জুলাই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। আদালত ১৬ আগস্ট মামলাটি আমলে নেন এবং ২০ আগস্ট অভিযোগ গঠন করেন। একই দিনে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আয়েশা আক্তারকে নিয়োগ দেওয়া হয়।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ১২ অক্টোবর ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৯ অক্টোবর আসামির বক্তব্য নেওয়া হয়। ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে ৫ নভেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত। পরে রায়ের তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সুমাইয়ার ভাই তাজুল ইসলাম। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।"

সুমাইয়ার সহপাঠী নূরানী শেখ বলেন, "আমরা শুরু থেকেই চেয়েছি, এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় ঘোষণার পর তা কার্যকর হতে যেন দীর্ঘ সময় না লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।"

আরেক সহপাঠী সামিউন সোলতানা ঐশী বলেন, "সুমাইয়া ও তাঁর মায়ের হত্যার রায় ঘোষণার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই, রায় ঘোষণার পর এর কার্যকরের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%