০৩:০৪ পি.এম
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকাকে অভিশংসনের দাবিতে স্বাক্ষর করেছেন ১০০ জনের বেশি আইন প্রণেতা। বুধবার নেওয়া এই উদ্যোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে।
জিবরান, যিনি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে, বর্তমানে সমালোচনার মুখোমুখি। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার নথিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়ার নির্ধারিত শর্ত পূরণে তার শিক্ষাগত নথিপত্র যথেষ্ট নয়। এই ঘটনার ফলে তার যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক চলাকালীন সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো (জোকোউ) এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর মধ্যে দূরত্ব বাড়ছে। এতে জিবরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা
মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে এক বৈঠকে জিবরান পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক আইনপ্রণেতা জিবরানকে অভিশংসনের দাবিতে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। তাদের একজন মুহাম্মদ খালিদ বলেছেন, "আদালতের রায়ের পর জিবরান ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তাই তার এ পদে থাকারও অধিকার নেই।"
খালিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আবেদনটি সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া হবে। আইনপ্রণেতাদের আনুষ্ঠানিক অবস্থান ঘোষণার মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে। মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক রায়ে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট জিবরান রাকাবুমিন রাকার শিক্ষাগত সমতা সনদ বাতিল করেছে। একই সঙ্গে দেশের শিক্ষা মন্ত্রণালয়কে সনদটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।
বিদেশে পড়াশোনা করা জিবরান এই সনদ ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ইন্দোনেশিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।
তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, জিবরানের উচ্চমাধ্যমিক পাসের দাবির পক্ষে যে নথি জমা দেওয়া হয়েছিল, তা দিয়ে তাঁর স্নাতক ডিগ্রি অর্জনের বিষয়টি প্রমাণিত হলেও উচ্চমাধ্যমিকের সমমানের যোগ্যতা প্রমাণিত হয় না। আদালত আরো বলেছেন, জিবরানের কাছে এমন কোনো বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার প্রমাণ পাওয়া যায়নি, যা ইন্দোনেশিয়ার উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত হতে পারে।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
সুপ্রিম কোর্ট তাদের রায়ে সাংবিধানিক আদালতের আগের সিদ্ধান্তও বিবেচনায় নিয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, জিবরানের শিক্ষাগত নথিপত্র নির্বাচনে অংশ নেওয়ার নির্ধারিত শর্ত পূরণ করে না।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক সানা জাফরির মতে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর অগোচরে বা অনুমতি ছাড়া আইনপ্রণেতারা জিবরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন, তা বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, "প্রাবোওর নীরবতা থেকে মনে হতে পারে, তিনি জিবরানকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিতে চান। তবে এ বিষয়ে সরাসরি জড়িত হয়ে রাজনৈতিক ঝুঁকি নিতে চান না।" বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। কারণ, তাদের সমর্থনই প্রাবোওর নির্বাচনী জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সানা জাফরি আরো বলেন, এই সংকটের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, দেশের কার্যকর ও স্থিতিশীল শাসনব্যবস্থার চেয়ে অল্প কয়েকজন প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক স্বার্থ বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ নিয়ে দেশি-বিদেশি মহলে উদ্বেগ আরও বাড়বে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন