০৯:২৫ এম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানের মাধ্যমে প্রায় ১৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের তিন যাত্রী এবং ব্যাগেজ বেল্ট থেকে মালিকবিহীন অবস্থায় এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
এর আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ৩৪ লাখ টাকা হবে। রবিবার (৩১ মে) রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ৩ নম্বর গেটের কাছে এই অভিযানটি পরিচালিত হয়। বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এই অভিযানটি করে।
বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি৯-৫২০ ফ্লাইটের ৩ জন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করার ফলে ১ হাজার ২ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে, অ্যারাইভাল হলের লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: “মা, আমি মারা গেলে আমার গায়েবানা জানাজা দিও” রাশিয়া থেকে বাংলাদেশি যুবকের হৃদয়বিদারক ভিডিও বার্তা
উদ্ধারকৃত মোট ১ হাজার ৬৯৮ কার্টুন সিগারেটের মধ্যে রয়েছে নামি ব্র্যান্ড ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’। এই চালানের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। অবৈধভাবে সিগারেট বহনে জড়িত থাকার অভিযোগে আটক ৩ যাত্রীর মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আটক পণ্যসমূহ ডিপার্টমেন্টাল মেমোরান্ডা (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন