বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৬ পি.এম
সরকার ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও শোষণ প্রতিরোধের উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়। একই দিনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে চিঠির মাধ্যমে বিষয়টি জানায়।
নির্দেশনার আওতায় থাকা ১২টি দেশের মধ্যে রয়েছে: সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু করা যাবে না।
এছাড়া, উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিশ্চিত না করে বহির্গমন ছাড়পত্র প্রদান করা যাবে না। ফলে, নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদন যাচাইয়ের পূর্বে কর্মীদের আর্থিক লেনদেন বা বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিদেশগামী কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত নেবেন না। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হবে।
সংশ্লিষ্টদের মতে, বিদেশে চাকরির ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা অপরিহার্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সদরপুরে ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৬) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিদ্যুৎ হাওলাদার (৪৭)।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৭ আগস্ট সদরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির নম্বর ১/১৫০।
মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৩২, ৪৩৫, ৪৩৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে। এতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, হামলা ও সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে।
সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা নয়, বরং প্রকৃত বিজয়ী হচ্ছে ইরান—এমন মন্তব্য করেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি।
তিনি বলেন, জ্বালানি সংকট সৃষ্টির কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে ভূমিকা রেখেছে তেহরান। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ‘মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়নি, জয়ী হয়েছে ইরান।’
পারসির মতে, ডেমোক্র্যাটদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থনের চেয়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ক্ষোভই ভোটারদের নির্বাচনে বেশি প্রভাবিত করেছে। তিনি ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য দায়ী করেন।
তিনি আরও বলেন, ‘ডেমোক্র্যাটদের রাজনৈতিক ভাবনার শক্তি ভোটারদের ভোটকেন্দ্রে টেনে আনেনি; বরং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে তীব্র ক্ষোভই তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে।’
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা চলতি বছরের জন্য মুনাফার পূর্বাভাস বৃদ্ধি করেছে। প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে হাইব্রিড গাড়ি ও অন্যান্য যানবাহনের জন্য জোরালো চাহিদা।
কোম্পানিটি চলতি বছরে ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ইয়েন (২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার) নিট মুনাফার পূর্বাভাস প্রদান করেছে।
বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানিয়েছে, তারা কাঁচামালের মূল্যবৃদ্ধি, ভূমিকম্প ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাব মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
এই কারণে, উৎপাদন কেন্দ্রগুলোতে পুনরুদ্ধার কার্যক্রমকে জোরদার করা হয়েছে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এসব প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
ফলস্বরূপ, তারা মোট যানবাহন বিক্রির ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।
বাজারে চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার জোগান থাকা সত্ত্বেও গত কয়েক দিন ধরে ডলারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং টাকার মান কমছে। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শুরুতে ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। তবে চলতি মাসের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৩২ পয়সায়।
বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০৫ নভেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—
মুদ্রার নাম বাংলাদেশি টাকা
ইউএস ডলার : ১২৪ টাকা ৩২ পয়সা
ইউরো : ১৩৯ টাকা ৫৭ পয়সা
পাউন্ড : ১৬৭ টাকা ৪৭ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ৯২ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ০৭ পয়সা
চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৬২ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৭ টাকা ১৭ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ৩১ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৭৫ পয়সা
সৌদি রিয়াল : ৩৩ টাকা ১৪ পয়সা
কাতারি রিয়াল : ৩৪ টাকা ১৫ পয়সা
কুয়েতি দিনার : ৪০০ টাকা ৬৮ পয়সা
আমিরাত দিরহাম : ৩৩ টাকা ৯০ পয়সা
*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ