ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সামঞ্জস্যহীনতার সাথে বাংলাদেশের ক্রিকেটের অন্তহীন লড়াই


সামঞ্জস্যহীনতার সাথে বাংলাদেশের ক্রিকেটের অন্তহীন লড়াই

॥ সাঈদ মোহাম্মদ পিতু ॥

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ধারাবাহিকতার অভাবে বাংলাদেশের ক্রিকেটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিজেদের শীর্ষ পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্যা দ্বারা।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে বাংলাদেশ দীর্ঘ সংস্করণে উদীয়মান দল থেকে শক্তিশালী দলে পরিণত হওয়ার জন্য লড়াই করে আসছে। এ পথে কিছু আশাব্যঞ্জক সময় এবং স্মরণীয় জয় এলেও ধারাবাহিক অগ্রগতি অধরাই থেকে গেছে।

আরও পড়ুন: বল টেম্পারিংয়ের অভিযোগে নাথান লায়ন চাপে

টেস্ট র‌্যাঙ্কিংয়ে একটি দলের অবস্থানকে তার উন্নতির অন্যতম স্পষ্ট সূচক হিসেবে ধরা হয়। বাংলাদেশের রেকর্ড অবশ্য অপূর্ণ সম্ভাবনার গল্প বলে।

একসময় সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ দলগুলো আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশকে হারানোর ঘোষণা দিতে পারত। কিন্তু বছর ধরে বাংলাদেশ আরও বেশি সম্মান অর্জন করেছে, বিশেষ করে নিজেদের মাঠে।

তবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে ওঠার এই অগ্রগতি এখনও টেস্টে সত্যিকারের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতায় রূপ নেয়নি।

গত এক দশকে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কিন্তু সেই উন্নতি কখনোই এত দীর্ঘস্থায়ী হয়নি যে বলা যায়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পরবর্তী ধাপে পৌঁছে গেছে।

আরও পড়ুন: সিরিজের দ্বিতীয় টেস্টে বাদ সিরাজ, উইকেটশূন্য বুমরাহ, লাথাম-ব্লান্ডেলের ফিফটি

র‌্যাঙ্কিংয়ে এই বাস্তবতার প্রতিফলন রয়েছে। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। এর আগে কখনো ষষ্ঠ স্থানের ওপরে উঠতে পারেনি দলটি। এর ব্যাখ্যা পরিচিত- ধারাবাহিকতার অভাব।

২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। যদিও বিশেষভাবে তৈরি করা দেশের মাটির উইকেটে এসেছিল জয় দুটি। তবু ঐতিহাসিক সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বিশ্বাস তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে জয় সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ও ছিল আরেকটি বড় মাইলফলক।

কিন্তু প্রায় প্রতিটি বড় অর্জনের পরই এসেছে হতাশাজনক পারফরম্যান্স।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। ওই জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের উল্লেখযোগ্য উন্নতি হয়। প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে আসে দলটি। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়েও আশা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: সিমন্স অধ্যায় শেষ হচ্ছে, নতুন হেডকোচের খোঁজে বিসিবি

কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ দেখিয়ে দেয়, বাংলাদেশের অগ্রগতি কতটা নড়বড়ে হতে পারে।

যে টেস্টে জেতার কথা ছিল, সেখানে আফগানিস্তানের সাথে ড্র করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারে দলটি, যদিও সিরিজ শুরুর আগে বাংলাদেশকেই ফেবারিট মনে করা হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টি নিছক অঘটন ছিল কি না, সেই প্রশ্নও ওঠে।

ধারাবাহিকতার এই পরিচিত সমস্যার কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে।

২০২৫ সালের এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের কাছে বাংলাদেশের হারের পর দেশটির সাবেক উইকেটকিপার ও ক্রিকেট বিশ্লেষক দিনেশ কার্তিকের একটি মন্তব্য বিশেষভাবে আলোচনায় আসে। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে বাংলাদেশ এত ধারাবাহিকভাবে এমন কাজ করে আসছে, যা আসলে তাদের ধারাবাহিকতার অভাবকেই তুলে ধরে।”

আরও পড়ুন: রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা

বাংলাদেশের ক্রিকেটকে বছরের পর বছর ধরে যে বৈপরীত্য সংজ্ঞায়িত করেছে, কার্তিকের মন্তব্যে সেটিই ফুটে উঠেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সামর্থ্য থাকলেও প্রত্যাশা বেশি থাকলে পরবর্তী সময়ে হতাশাজনক ফল করে দলটি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।

শান্ত বলেন, “টেস্ট ক্রিকেটে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং ভালো খেলছিলাম। কিন্তু সম্প্রতি শেষ চার-পাঁচটি টেস্টে ভালো ক্রিকেট খেলতে পারিনি। পরবর্তী ধাপে যেতে হলে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ।”

তবে ধারাবাহিকতার অভাব কাটাতে তিনি সেই পুরোনো বিষয়গুলোর ওপরই জোর দিয়েছেন।

আরও পড়ুন: আজ মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, ষষ্ঠ রাউন্ডে আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংসের অংশগ্রহণ

তিনি বলেন, “আমরা ঘরের মাঠে খেলি কিংবা বাইরে, জিতি কিংবা হারি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ থাকা গুরুত্বপূর্ণ। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে এবং আরও ধারাবাহিক দল হয়ে ওঠার জন্য কাজ করতে হবে।”

তবে দলের সমস্যার পেছনে সামর্থ্যে সীমাবদ্ধতাও রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

শান্ত বলেন, “অবশ্যই, আমাদের সামর্থ্যরে সীমাবদ্ধতা রয়েছে। এটি মেনে নিতে হবে। তবে নির্দিষ্ট কিছু সময়ে আমরা ভালো ক্রিকেটও খেলেছি। জয়-পরাজয় থাকবেই, কিন্তু কোথায় আমরা পিছিয়ে পড়ছি, তা খুঁজে বের করতে হবে।”

বিসিবি সভাপতি তামিম ইকবালের মতে, বাংলাদেশের ধারাবাহিকতার অভাব শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়। মাত্র কয়েক দিন আগেও জাতীয় দলের অংশ থাকায় সমস্যাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তামিমের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া বাদ দিতে চলেছে ৫৭৭ উইকেটের মালিক নাথান লায়নকে

সাবেক এই অধিনায়ক ধারাবাহিকতার সমস্যার পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন- ক্রিকেটের কাঠামো, প্রশাসন, উন্নয়নব্যবস্থা, শক্তিশালী ঘরোয়া ক্রিকেট এবং সামগ্রিক মানসিকতা।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, “শুধু ব্যক্তিগত খেলোয়াড়দের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স দিতে সক্ষম একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।”

সম্ভবত সেখানেই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি লুকিয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের সতর্কতা: বিশ্বে ক্ষুধার সংকট বাড়ছে, দুর্ভিক্ষের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


জাতিসংঘের সতর্কতা: বিশ্বে ক্ষুধার সংকট বাড়ছে, দুর্ভিক্ষের ঝুঁকি

আগামী ছয় মাসের মধ্যে বিশ্বের ১৬টি সংকটপূর্ণ অঞ্চলে ক্ষুধার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফ্রিকার কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। শুক্রবার জাতিসংঘের দুটি সংস্থা এই সতর্কবার্তা প্রকাশ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া এবং ইয়েমেন। সংঘাত, মানুষের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, অর্থনৈতিক সংকট এবং চরম আবহাওয়ার কারণে এসব অঞ্চলে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে।

গত জুনে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে ক্ষুধার ঝুঁকিতে থাকা এলাকার সংখ্যা ছিল ১৩। বর্তমানে তা বেড়ে ১৬ হয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে চাদ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকার কিছু এলাকা এবং মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চল। অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছে লেবানন। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত পরিস্থিতি নিয়ে তৈরি যৌথ প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, মানবিক সহায়তার জন্য অর্থের অভাব বড় ধরনের খাদ্যসংকট ঠেকানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

এফএওর জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলাবিষয়ক দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা কনর এলিয়ট জানান, সবচেয়ে বেশি ক্ষুধার ঝুঁকিতে থাকা পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সহায়তার পরিমাণ দুই-তৃতীয়াংশ কমেছে। তিনি বলেন, “আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন।” তার মতে, সহায়তা কমে যাওয়ায় সংকটের প্রকৃত অবস্থা জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৬টি সংকটপূর্ণ এলাকার মধ্যে ১২টিতে সশস্ত্র সংঘাত ও সহিংসতার কারণে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি খাবার, জ্বালানি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এফএও এবং ডব্লিউএফপি জানিয়েছে, এল নিনোর প্রভাব পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এর ফলে দক্ষিণ আফ্রিকা এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চলে খরা এবং প্রচণ্ড গরম দেখা দিতে পারে। অন্যদিকে, পূর্ব আফ্রিকার কিছু এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।

কনর এলিয়ট বলেন, “এবার এল নিনোর প্রভাব খুব, খুব শক্তিশালী হবে।” তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক মাসে কিছু এলাকায় খরার পর ভারী বৃষ্টিপাত হতে পারে। সুদানের উত্তর দারফুর এবং দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। সেখানে সংঘাতের কারণে খাদ্য উৎপাদন, বাজারব্যবস্থা এবং ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমালিয়ার বাইদোয়া অঞ্চলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ এবং দক্ষিণ সুদানের কয়েকটি এলাকা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ সুদানে সহিংসতা বেড়ে যাওয়ায় আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

এছাড়াও, আফগানিস্তান, হাইতি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ফিলিস্তিনের গাজাকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে অঞ্চলটিকে উদ্বেগের সর্বোচ্চ স্তর থেকে এক ধাপ নিচে নামানো হয়েছে। তবে জাতিসংঘের সংস্থা দুটি সতর্ক করেছে, গাজার পরিস্থিতি এখনো ভয়াবহ। যেকোনো সময় তা আবার খারাপ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে ৮ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে ৮ যাত্রী আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রীন লাইন পরিবহন ও বরিশাল এক্সপ্রেস নামের বাস দুটি এই দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এই ঘটনায় ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় বসতঘরের সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে বাসের অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া রেলস্টেশন থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। মরদেহটি প্রায় ১১০টি টুকরো অবস্থায় পাওয়া যায়।

নিহত লিটন গাইবান্ধার সাঘাটা উপজেলা সদর এলাকার মৃত মোজাম্মেল হক মোজামের পুত্র। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লিটন সম্প্রতি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি বিয়েও করেন। শুক্রবার তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠেছিলেন। কিন্তু ঢাকায় পৌঁছানোর পূর্বেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্ত নগর ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার রেলওয়ে থানার এসআই ফজলুল হক জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তিনি হেলালিয়া রেলস্টেশনে যান। সেখানে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের খণ্ডিত অংশ সংগ্রহ করেন। পরে প্রায় ১১০টি টুকরো একত্র করে একটি ব্যাগে রাখেন। এ সময় ঘটনাস্থলে নিহতের একটি মুঠোফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সান্তাহার রেলওয়ে থানায় মরদেহ নিতে ছুটে আসেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ‘কিভাবে তার এমন মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ধান কাটার সময় ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নড়াইলে ধান কাটার সময় ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে ফরহাদ মোল্যা (৫৪) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচরে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফরহাদ মোল্যা ওই গ্রামের মৃত গফুর মোল্যার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানারচরের একটি ধানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বায়েজিদ মোল্যা ও দাউদ মোল্যার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার, বায়েজিদ মোল্যার পক্ষ থেকে জমির ধান কাটতে কয়েকজন শ্রমিক যান। এ সময় দাউদ মোল্যা তাদের ধান কাটতে হুমকি দেন। একপর্যায়ে, লোকজন নিয়ে এসে শ্রমিকদের ওপর হামলা চালান দাউদ মোল্যা।

অন্য শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হলেও ফরহাদ মোল্যা পিছনে পড়ে যান। তখন তিনি মারধরের শিকার হয়ে আহত হন। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় দাউদ মোল্যা পক্ষীয় লোকজনের হামলায় বায়েজিদ মোল্যার ধান কাটা শ্রমিক ফরহাদ মোল্যা নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%