শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
আগামী ছয় মাসের মধ্যে বিশ্বের ১৬টি সংকটপূর্ণ অঞ্চলে ক্ষুধার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফ্রিকার কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। শুক্রবার জাতিসংঘের দুটি সংস্থা এই সতর্কবার্তা প্রকাশ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া এবং ইয়েমেন। সংঘাত, মানুষের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, অর্থনৈতিক সংকট এবং চরম আবহাওয়ার কারণে এসব অঞ্চলে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে।
গত জুনে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে ক্ষুধার ঝুঁকিতে থাকা এলাকার সংখ্যা ছিল ১৩। বর্তমানে তা বেড়ে ১৬ হয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে চাদ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকার কিছু এলাকা এবং মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চল। অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছে লেবানন। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত পরিস্থিতি নিয়ে তৈরি যৌথ প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, মানবিক সহায়তার জন্য অর্থের অভাব বড় ধরনের খাদ্যসংকট ঠেকানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
এফএওর জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলাবিষয়ক দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা কনর এলিয়ট জানান, সবচেয়ে বেশি ক্ষুধার ঝুঁকিতে থাকা পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সহায়তার পরিমাণ দুই-তৃতীয়াংশ কমেছে। তিনি বলেন, “আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন।” তার মতে, সহায়তা কমে যাওয়ায় সংকটের প্রকৃত অবস্থা জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৬টি সংকটপূর্ণ এলাকার মধ্যে ১২টিতে সশস্ত্র সংঘাত ও সহিংসতার কারণে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি খাবার, জ্বালানি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এফএও এবং ডব্লিউএফপি জানিয়েছে, এল নিনোর প্রভাব পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এর ফলে দক্ষিণ আফ্রিকা এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চলে খরা এবং প্রচণ্ড গরম দেখা দিতে পারে। অন্যদিকে, পূর্ব আফ্রিকার কিছু এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।
কনর এলিয়ট বলেন, “এবার এল নিনোর প্রভাব খুব, খুব শক্তিশালী হবে।” তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক মাসে কিছু এলাকায় খরার পর ভারী বৃষ্টিপাত হতে পারে। সুদানের উত্তর দারফুর এবং দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। সেখানে সংঘাতের কারণে খাদ্য উৎপাদন, বাজারব্যবস্থা এবং ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমালিয়ার বাইদোয়া অঞ্চলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ এবং দক্ষিণ সুদানের কয়েকটি এলাকা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ সুদানে সহিংসতা বেড়ে যাওয়ায় আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
এছাড়াও, আফগানিস্তান, হাইতি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ফিলিস্তিনের গাজাকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে অঞ্চলটিকে উদ্বেগের সর্বোচ্চ স্তর থেকে এক ধাপ নিচে নামানো হয়েছে। তবে জাতিসংঘের সংস্থা দুটি সতর্ক করেছে, গাজার পরিস্থিতি এখনো ভয়াবহ। যেকোনো সময় তা আবার খারাপ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রীন লাইন পরিবহন ও বরিশাল এক্সপ্রেস নামের বাস দুটি এই দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এই ঘটনায় ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার সময় বসতঘরের সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে বাসের অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া রেলস্টেশন থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। মরদেহটি প্রায় ১১০টি টুকরো অবস্থায় পাওয়া যায়।
নিহত লিটন গাইবান্ধার সাঘাটা উপজেলা সদর এলাকার মৃত মোজাম্মেল হক মোজামের পুত্র। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লিটন সম্প্রতি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি বিয়েও করেন। শুক্রবার তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠেছিলেন। কিন্তু ঢাকায় পৌঁছানোর পূর্বেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্ত নগর ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার রেলওয়ে থানার এসআই ফজলুল হক জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তিনি হেলালিয়া রেলস্টেশনে যান। সেখানে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের খণ্ডিত অংশ সংগ্রহ করেন। পরে প্রায় ১১০টি টুকরো একত্র করে একটি ব্যাগে রাখেন। এ সময় ঘটনাস্থলে নিহতের একটি মুঠোফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সান্তাহার রেলওয়ে থানায় মরদেহ নিতে ছুটে আসেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ‘কিভাবে তার এমন মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে ফরহাদ মোল্যা (৫৪) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচরে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফরহাদ মোল্যা ওই গ্রামের মৃত গফুর মোল্যার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানারচরের একটি ধানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বায়েজিদ মোল্যা ও দাউদ মোল্যার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার, বায়েজিদ মোল্যার পক্ষ থেকে জমির ধান কাটতে কয়েকজন শ্রমিক যান। এ সময় দাউদ মোল্যা তাদের ধান কাটতে হুমকি দেন। একপর্যায়ে, লোকজন নিয়ে এসে শ্রমিকদের ওপর হামলা চালান দাউদ মোল্যা।
অন্য শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হলেও ফরহাদ মোল্যা পিছনে পড়ে যান। তখন তিনি মারধরের শিকার হয়ে আহত হন। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় দাউদ মোল্যা পক্ষীয় লোকজনের হামলায় বায়েজিদ মোল্যার ধান কাটা শ্রমিক ফরহাদ মোল্যা নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থা শক্তিশালী করার জন্য ২৫০ মিলিয়ন অর্থাৎ ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। এই অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে ব্যয় করা হবে।
ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই অর্থের মাধ্যমে পাকিস্তান সরকারের জন্য এমন অবকাঠামো প্রকল্প প্রস্তুতে সহায়তা করা হবে, যা বেসরকারি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় এবং বাস্তবায়নযোগ্য। বিশেষ করে উন্নত মানের ও ব্যয়সাশ্রয়ী অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা, মূল্যায়ন এবং বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হবে। একই সঙ্গে সরকারি আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনাও উন্নত করা হবে।
এডিবির পাকিস্তানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর এমা ফ্যান বলেন, "পাকিস্তানের পিপিপি প্রকল্পের তালিকাকে টেকসই অবকাঠামো বিনিয়োগে রূপ দিতে কঠোর প্রকল্প মূল্যায়ন, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং আর্থিক ঝুঁকির সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য।"
তিনি আরও বলেন, সরকারি বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন এই কর্মসূচি।
‘টেকসই সরকারি-বেসরকারি অংশীদারি উন্নয়ন কর্মসূচি’র দ্বিতীয় পর্যায়ের আওতায় পাকিস্তান সরকার কেন্দ্রীয় পর্যায়ের পিপিপি ও বেসরকারীকরণ-সংক্রান্ত কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর অধীনে আনার উদ্যোগ নিয়েছে। এর আগে ২০২৪ সালে অনুমোদিত প্রথম পর্যায়ে পিপিপি ব্যবস্থার আইনি ও নীতিগত কাঠামো শক্তিশালী করা হয়েছিল।
এডিবির বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে চারটি মন্ত্রণালয় ও সংস্থায় পিপিপিবিষয়ক বিশেষ ইউনিট গঠনে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পিপিপি প্রকল্পের কারণে সরকারের সম্ভাব্য আর্থিক দায় পর্যবেক্ষণ ও প্রকাশের জন্য একটি জাতীয় কাঠামো তৈরিতেও সহায়তা করছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ