শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক একটি সামরিক অভিযানে ভারত সমর্থিত ১২ জন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানের উদ্দেশ্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যক্রম জোরদার করা।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২০ নভেম্বর থেকে নুশকি, সেভি, পাঞ্জগুর এবং কেচ এলাকায় অভিযানগুলি পরিচালিত হয়েছে। সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা সবাই ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল, যা ইসলামাবাদের মতে ভারত সমর্থিত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং আফগানিস্তান সীমান্তবর্তী অন্যান্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে নির্দেশ করে।
অভিযান চলাকালীন একাধিক আস্তানা ধ্বংস এবং অস্ত্র জব্দের কথাও উল্লেখ করেছে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ থেকে মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার লক্ষ্যে সামরিক ও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হামলার কারণে ওই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ইসলামাবাদ বিভিন্ন সময় এসব সশস্ত্র গোষ্ঠীকে ভারত ও আফগান তালেবান সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে, তবে নয়াদিল্লি ও কাবুল উভয়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: ডেমোক্রাটা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতটি শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন। বাকি ১ হাজার ২৭২ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন। এর ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মান্দা এলাকায় সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে নিহতের চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নিহত সিয়াম চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র। পেশায় সে চার্জারভ্যান চালক ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সিয়াম চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকার খবর পরিবারের সদস্যরা পান। পরে ঘটনাস্থলে গিয়ে বাবা নজরুল ইসলাম তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে পড়াশোনা না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দিয়েছিলেন। তার অভিযোগ, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ