ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা


টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ, ২৭ নভেম্বর, ২০২৬ : টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান আসামি হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লাকে চিহ্নিত করা হয়েছে, এবং অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী গত সোমবার (২৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ সিয়াম হোসেনের মরদেহ সকালে বাঁশঝাড়ে মিলল

আজ শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বাসসকে নিশ্চিত করেছেন যে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে নিউটন মোল্লা ছাড়াও আটজনের নাম। এদের মধ্যে সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।

এসময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে বিজিবি নিলফা বাজারে পৌঁছালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে।

বিজিবির সদস্যদের সরে যেতে অনুরোধ জানানো হলে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে। হামলার ফলে বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫১

বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, হামলার ফলে বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্থ হয়।

বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি বাসসকে নিশ্চিত করে বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে ৫০০৮ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ মিনারে মাতিয়া বানু শুকুর শেষ শ্রদ্ধা, শিক্ষার্থী ও সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


শহীদ মিনারে মাতিয়া বানু শুকুর শেষ শ্রদ্ধা, শিক্ষার্থী ও সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। তারা ফুল দিয়ে প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিদায়ের এই মুহূর্তে অনেকের চোখে ছিল অশ্রু।

সকাল সাড়ে ৯টার দিকে মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হয় চারুকলার বকুলতলায়। তিনি নিজেও এই অনুষদের শিক্ষার্থী ছিলেন। তাই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা উপস্থিত হন।

পরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে নাট্যকার ও নির্মাতাকে শেষ বিদায় জানান।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, আকরাম খান, হাবিবুল ইসলাম, চয়নিকা চৌধুরী, নূরুল আলম আতিক, নূর ইমরান মিঠু, কবি কামরুজ্জামান কামু, লেখক সুমন রহমান, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী স্বাগতা, সংগীতশিল্পী প্রবর রিপন ও নির্মাতা আকা রেজা গালিবসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। মাতিয়া বানু শুকুর তিন সন্তানও এ সময় উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা যান। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চা-বাগানে ভোটের প্রস্তুতি, নতুন নেতৃত্বের খোঁজে লক্ষাধিক শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


চা-বাগানে ভোটের প্রস্তুতি, নতুন নেতৃত্বের খোঁজে লক্ষাধিক শ্রমিক

বাগানের প্রতিটি কোণে উৎসবের পরিবেশ বিরাজমান। প্রার্থীরা ভোটের জন্য সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘ আট বছরের বিরতির পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশের লক্ষাধিক চা শ্রমিক ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। স্থানীয় প্রশাসন ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের ব্রিফিংও করা হয়েছে।

১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলো উঠান বৈঠক, সভা ও মিছিলে মুখরিত হয়ে উঠেছে। প্রার্থীরা বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। নির্বাচনের আবহে বাগানগুলোতে পরিবর্তনের হাওয়া বইছে। তবে উৎসবমুখর এই প্রচারণার আড়ালে শ্রমিকদের মৌলিক অধিকারের চেয়ে প্রার্থীদের রাজনৈতিক ‘ট্যাগ’ দেওয়ার প্রবণতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশগ্রহণ করবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার অধীনে মোট ১৩৫টি পঞ্চায়েতে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা মন্তব্য করেন, আট বছর পর ভোটের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি; বাগানে ঈদ-পূজার মতো আনন্দের পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, "নেতা এমন হোক, যারা সারা বছর শ্রমিকদের পাশে থাকবেন।"

কানিহাটি চা-বাগানের তরুণ শ্রমিক নেতা সৌরভ বিন জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক দাবি অমীমাংসিত রয়ে গেছে। তিনি বলেন, "শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব আসুক, যারা মালিকপক্ষের সঙ্গে দাঁড়িয়ে ন্যায্য অধিকার আদায় করতে পারবেন।"

কুলাউড়ার গাজীপুর চা-বাগানের নারী শ্রমিক মালতী নায়েক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন নেতৃত্বের কাছে প্রধান দাবি হল ন্যায্য মজুরি ও রেশন বৃদ্ধি, পাশাপাশি নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সুবিধা।

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক কার্তিক বাউরি জানান, বাগানে বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। তিনি বলেন, "যারা এসব সমস্যা সমাধানে আন্তরিক হবেন, তাদেরই ভোট দেবেন তারা।"

শ্রমিকেরা আশা করছেন, মজুরি নির্ধারণে মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ব্যবস্থা আবার চালু হবে এবং নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে আরো দক্ষতার পরিচয় দেবে।

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি মন্তব্য করেন, সরকারি সহায়তায় শ্রমিকেরা গোপন ব্যালটে ভোট দিতে পারছেন, এটি একটি ইতিবাচক বিষয়। তবে তিনি বলেন, ইউনিয়ন যেন নিজেই নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করে, যাতে প্রতি তিন বছর পরপর নিয়মিত নির্বাচন সম্ভব হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সন্দীপ তালুকদার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে অবস্থানরত এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা চলাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের ওপর।

আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আ. আলিমের ছেলে মো. জাহিদ হোসেন (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) এবং একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। স্থানীয় লোকজন যাত্রীদের চিৎকার শুনে এগিয়ে এসে প্রাইভেট কারের দুজন এবং মোটরসাইকেলের একজনসহ মোট তিনজনকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ খবর পেয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার। পরে তিনজনকে থানায় নিয়ে আসা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের জন্য ৭টি স্নিগ্ধ ও মায়াবী ভ্যানিলা পারফিউম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নারীদের জন্য ৭টি স্নিগ্ধ ও মায়াবী ভ্যানিলা পারফিউম

ভ্যানিলার জনপ্রিয়তা সুগন্ধির জগতে দীর্ঘকাল ধরে বিদ্যমান। এই সুগন্ধি উপাদানটি মিষ্টি, উষ্ণ ও কোমল ঘ্রাণের জন্য অনেকের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। শীতকালে ভ্যানিলার সাথে ক্যারামেল, মাস্ক, অ্যাম্বার অথবা ফুলের ঘ্রাণের মিশ্রণ পারফিউমে এক ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিদিনের ব্যবহারের জন্য থেকে শুরু করে সন্ধ্যার বিশেষ আয়োজন—বিভিন্ন উপলক্ষে বাজারে ভ্যানিলা পারফিউমের বহু ধরনের বিকল্প রয়েছে। বাংলাদেশের বাজারেও দেশি-বিদেশি ব্র্যান্ডের এসব সুগন্ধি পাওয়া যাচ্ছে।

১. কায়ালি ভ্যানিলা ২৮

ভ্যানিলার মিষ্টি ও উষ্ণ ঘ্রাণের জন্য পরিচিত কায়ালি ভ্যানিলা ২৮। এই পারফিউমে ভ্যানিলা অর্কিড, জেসমিন, ব্রাউন সুগার, টনকা বিন, অ্যাম্বার ও মাস্কের ঘ্রাণের সমন্বয় রয়েছে। এতে মিষ্টি সুবাসের পাশাপাশি উষ্ণ ও কিছুটা গভীর ঘ্রাণের আমেজও বিদ্যমান। বিশেষ আয়োজন কিংবা সন্ধ্যার বাইরে যাওয়ার সময় এটি ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের অনলাইন বাজারে ৫০ মিলিলিটারের বোতলের একটি তালিকাভুক্ত দাম ১৫ হাজার ৩০ টাকা থেকে শুরু।

২. প্যারিস কর্নার এশাল ভ্যানিলা

যদি ভ্যানিলার সাথে ফুলের ঘ্রাণ পছন্দ হয়, তবে প্যারিস কর্নারের এশাল ভ্যানিলা একটি ভালো বিকল্প। এর ঘ্রাণে রয়েছে চিনি, জেসমিন, গোলাপ, ভ্যানিলা, ক্যারামেল ও মাস্কের মিশ্রণ। মিষ্টি ও ফুলেল সুবাসের এই পারফিউমটি প্রতিদিনের ব্যবহার অথবা বিশেষ আয়োজনে ব্যবহার করা যেতে পারে। ১০০ মিলিলিটারের বোতলটির অনলাইন তালিকাভুক্ত দাম ৩ হাজার ৬০০ টাকা।

৩. প্যারিস কর্নার ডুলজুরা ভ্যানিলা এনভি

প্যারিস কর্নারের ডুলজুরা ভ্যানিলা এনভিতে ভ্যানিলার সাথে বাদাম ও ফুলের সুবাসের মিশ্রণ রয়েছে। এতে অ্যানিস, আদা, আমন্ড, জেসমিন, লিলি অব দ্য ভ্যালি, ভ্যানিলা, অ্যাম্বার ও মাস্কের ঘ্রাণ বিদ্যমান। মিষ্টি সুবাসের পাশাপাশি এতে মসলাদার ও ফুলেল আমেজও পাওয়া যায়। ১০০ মিলিলিটারের বোতলটির অনলাইন তালিকাভুক্ত দাম ৩ হাজার ৫৫০ টাকা।

৪. প্লাম বডিলাভিন স্মোকিন ভ্যানিলা

যারা মিষ্টি ভ্যানিলার পাশাপাশি কিছুটা গভীর ঘ্রাণ পছন্দ করেন, তাদের জন্য প্লাম বডিলাভিন স্মোকিন ভ্যানিলা একটি বিকল্প হতে পারে। এতে ভ্যানিলার সাথে মাস্ক, হানিসাকল ও উডি ঘ্রাণের সমন্বয় রয়েছে। ফলে এটি প্রচলিত মিষ্টি ভ্যানিলা সুবাসের চেয়ে কিছুটা আলাদা অনুভূতি দিতে সক্ষম। ৫০ মিলিলিটারের বোতলটির অনলাইন তালিকাভুক্ত দাম ১ হাজার ৮৬০ টাকা।

৫. প্লাম বডিলাভিন ভ্যানিলা ক্যারামেলো

প্লাম বডিলাভিন ভ্যানিলা ক্যারামেলোতে ভ্যানিলা ও ক্যারামেলের মিষ্টি ঘ্রাণের সমন্বয় রয়েছে। গুরমাঁ ঘরানার এই সুগন্ধিতে ক্রিমি ও মিষ্টি সুবাসের আমেজ পাওয়া যায়। যারা খাবারের মতো মিষ্টি ঘ্রাণের পারফিউম পছন্দ করেন, তাদের কাছে এটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। ৫০ মিলিলিটারের বোতলটির অনলাইন তালিকাভুক্ত দাম ১ হাজার ৮৮০ টাকা।

৬. ভিক্টোরিয়াস সিক্রেট বেয়ার ভ্যানিলা

হালকা ও কোমল সুবাস পছন্দ করলে ভিক্টোরিয়াস সিক্রেটের বেয়ার ভ্যানিলা একটি ভালো পছন্দ হতে পারে। এতে হুইপড ভ্যানিলা ও অ্যাপল ব্লসমের ঘ্রাণের সমন্বয় রয়েছে। এটি সাধারণ পারফিউম নয়, বরং ফ্র্যাগরেন্স মিস্ট। তাই যারা ভারী সুগন্ধির পরিবর্তে হালকা সুবাস ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প। ২৫০ মিলিলিটারের বোতলটির অনলাইন বাজারে তালিকাভুক্ত দাম প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭৫০ টাকা।

৭. লাতাফা ইয়ারা

যদি ভ্যানিলার সাথে ফলের মিষ্টি ঘ্রাণ পছন্দ করেন, তাহলে লাতাফা ইয়ারা একটি ভালো বিকল্প হতে পারে। এর ঘ্রাণে অর্কিড, হেলিওট্রোপ, ম্যান্ডারিন, গুরমাঁ নোট, ভ্যানিলা, মাস্ক ও চন্দনের সমন্বয় রয়েছে। মিষ্টি ও ফলেল সুবাসের এই ইডিপি পারফিউমটি নারীদের জন্য বাজারজাত করা হয়। ১০০ মিলিলিটারের বোতলটির একটি অনলাইন তালিকাভুক্ত দাম ৩ হাজার ৩৭০ টাকা।

পারফিউম বাছাইয়ে যা খেয়াল রাখবেন

ভ্যানিলা ঘ্রাণের পারফিউম কেনার সময় নিজের পছন্দের পাশাপাশি ব্যবহারের উপলক্ষও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রতিদিনের ব্যবহারের জন্য হালকা ও কোমল সুবাস বেছে নেওয়া যেতে পারে। অন্যদিকে, সন্ধ্যার অনুষ্ঠান বা বিশেষ আয়োজনে অ্যাম্বার, মাস্ক কিংবা ক্যারামেলের সাথে ভ্যানিলার মিশ্রণ ভালো লাগতে পারে। অফিসের জন্য অতিরিক্ত তীব্র নয়, এমন ভারসাম্যপূর্ণ ঘ্রাণ বেছে নেওয়া উচিত।

পারফিউমের ঘ্রাণ দীর্ঘস্থায়ী রাখতে পরিষ্কার ও ময়েশ্চারাইজ করা ত্বকে ব্যবহার করা উচিত। কবজি, গলা ও কানের পেছনের মতো পালস পয়েন্টে স্প্রে করলে সুবাস উপভোগ করা সহজ হয়। পারফিউমকে সরাসরি সূর্যের আলো ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখাও জরুরি।

ভ্যানিলা পারফিউমের ক্ষেত্রে শুধুমাত্র মিষ্টি ঘ্রাণ নয়, এর সাথে মিশে থাকা অন্যান্য উপাদানও সুবাসের ধরন পরিবর্তন করে। তাই কেনার আগে সম্ভব হলে ত্বকে পরীক্ষা করে নিজের পছন্দের ঘ্রাণটি বেছে নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%