প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে অবস্থানরত এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা চলাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের ওপর।
আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আ. আলিমের ছেলে মো. জাহিদ হোসেন (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) এবং একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। স্থানীয় লোকজন যাত্রীদের চিৎকার শুনে এগিয়ে এসে প্রাইভেট কারের দুজন এবং মোটরসাইকেলের একজনসহ মোট তিনজনকে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ খবর পেয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার। পরে তিনজনকে থানায় নিয়ে আসা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন