প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ সাঈদ মোহাম্মদ পিতু ॥
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ধারাবাহিকতার অভাবে বাংলাদেশের ক্রিকেটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিজেদের শীর্ষ পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্যা দ্বারা।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে বাংলাদেশ দীর্ঘ সংস্করণে উদীয়মান দল থেকে শক্তিশালী দলে পরিণত হওয়ার জন্য লড়াই করে আসছে। এ পথে কিছু আশাব্যঞ্জক সময় এবং স্মরণীয় জয় এলেও ধারাবাহিক অগ্রগতি অধরাই থেকে গেছে।
টেস্ট র্যাঙ্কিংয়ে একটি দলের অবস্থানকে তার উন্নতির অন্যতম স্পষ্ট সূচক হিসেবে ধরা হয়। বাংলাদেশের রেকর্ড অবশ্য অপূর্ণ সম্ভাবনার গল্প বলে।
একসময় সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ দলগুলো আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশকে হারানোর ঘোষণা দিতে পারত। কিন্তু বছর ধরে বাংলাদেশ আরও বেশি সম্মান অর্জন করেছে, বিশেষ করে নিজেদের মাঠে।
তবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে ওঠার এই অগ্রগতি এখনও টেস্টে সত্যিকারের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতায় রূপ নেয়নি।
গত এক দশকে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কিন্তু সেই উন্নতি কখনোই এত দীর্ঘস্থায়ী হয়নি যে বলা যায়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পরবর্তী ধাপে পৌঁছে গেছে।
র্যাঙ্কিংয়ে এই বাস্তবতার প্রতিফলন রয়েছে। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। এর আগে কখনো ষষ্ঠ স্থানের ওপরে উঠতে পারেনি দলটি। এর ব্যাখ্যা পরিচিত- ধারাবাহিকতার অভাব।
২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। যদিও বিশেষভাবে তৈরি করা দেশের মাটির উইকেটে এসেছিল জয় দুটি। তবু ঐতিহাসিক সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বিশ্বাস তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে জয় সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ও ছিল আরেকটি বড় মাইলফলক।
কিন্তু প্রায় প্রতিটি বড় অর্জনের পরই এসেছে হতাশাজনক পারফরম্যান্স।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। ওই জয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের উল্লেখযোগ্য উন্নতি হয়। প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে আসে দলটি। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়েও আশা তৈরি হয়েছিল।
কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ দেখিয়ে দেয়, বাংলাদেশের অগ্রগতি কতটা নড়বড়ে হতে পারে।
যে টেস্টে জেতার কথা ছিল, সেখানে আফগানিস্তানের সাথে ড্র করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারে দলটি, যদিও সিরিজ শুরুর আগে বাংলাদেশকেই ফেবারিট মনে করা হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টি নিছক অঘটন ছিল কি না, সেই প্রশ্নও ওঠে।
ধারাবাহিকতার এই পরিচিত সমস্যার কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে।
২০২৫ সালের এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের কাছে বাংলাদেশের হারের পর দেশটির সাবেক উইকেটকিপার ও ক্রিকেট বিশ্লেষক দিনেশ কার্তিকের একটি মন্তব্য বিশেষভাবে আলোচনায় আসে। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে বাংলাদেশ এত ধারাবাহিকভাবে এমন কাজ করে আসছে, যা আসলে তাদের ধারাবাহিকতার অভাবকেই তুলে ধরে।”
বাংলাদেশের ক্রিকেটকে বছরের পর বছর ধরে যে বৈপরীত্য সংজ্ঞায়িত করেছে, কার্তিকের মন্তব্যে সেটিই ফুটে উঠেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সামর্থ্য থাকলেও প্রত্যাশা বেশি থাকলে পরবর্তী সময়ে হতাশাজনক ফল করে দলটি।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ধারাবাহিকতার অভাবকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
শান্ত বলেন, “টেস্ট ক্রিকেটে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং ভালো খেলছিলাম। কিন্তু সম্প্রতি শেষ চার-পাঁচটি টেস্টে ভালো ক্রিকেট খেলতে পারিনি। পরবর্তী ধাপে যেতে হলে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ।”
তবে ধারাবাহিকতার অভাব কাটাতে তিনি সেই পুরোনো বিষয়গুলোর ওপরই জোর দিয়েছেন।
তিনি বলেন, “আমরা ঘরের মাঠে খেলি কিংবা বাইরে, জিতি কিংবা হারি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ থাকা গুরুত্বপূর্ণ। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে এবং আরও ধারাবাহিক দল হয়ে ওঠার জন্য কাজ করতে হবে।”
তবে দলের সমস্যার পেছনে সামর্থ্যে সীমাবদ্ধতাও রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
শান্ত বলেন, “অবশ্যই, আমাদের সামর্থ্যরে সীমাবদ্ধতা রয়েছে। এটি মেনে নিতে হবে। তবে নির্দিষ্ট কিছু সময়ে আমরা ভালো ক্রিকেটও খেলেছি। জয়-পরাজয় থাকবেই, কিন্তু কোথায় আমরা পিছিয়ে পড়ছি, তা খুঁজে বের করতে হবে।”
বিসিবি সভাপতি তামিম ইকবালের মতে, বাংলাদেশের ধারাবাহিকতার অভাব শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়। মাত্র কয়েক দিন আগেও জাতীয় দলের অংশ থাকায় সমস্যাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তামিমের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাবেক এই অধিনায়ক ধারাবাহিকতার সমস্যার পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন- ক্রিকেটের কাঠামো, প্রশাসন, উন্নয়নব্যবস্থা, শক্তিশালী ঘরোয়া ক্রিকেট এবং সামগ্রিক মানসিকতা।
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, “শুধু ব্যক্তিগত খেলোয়াড়দের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স দিতে সক্ষম একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।”
সম্ভবত সেখানেই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি লুকিয়ে আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন