ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করল নাউরু


আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করল নাউরু

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। দেশটির নতুন নাম এখন নাওয়েরো প্রজাতন্ত্র।

স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে মিল রেখেই এই নাম পরিবর্তন আনা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, ‘দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও বদলানো হবে। এতদিন আমাদের নাগরিকদের নাউরুয়ান বলা হলেও, এখন থেকে তাদের দেই নাওয়েরো নামে ডাকা হবে।’

আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত

বৃহস্পতিবার সরকারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই প্রত্যন্ত দ্বীপরাষ্ট্রটি তার ঐতিহ্যবাহী নামে ফিরে আসবে।

দেশটি আন্তর্জাতিকভাবে ‘নাউরু’ নামে পরিচিত হয়েছিল শুধুমাত্র এই কারণে যে, এর স্থানীয় নামটি বিদেশিদের উচ্চারণ করতে কঠিন ছিল এবং এটি পছন্দের বিষয় না হয়ে বরং সুবিধার জন্য রাখা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট অ্যাডিয়াং। তিনি বলেন, ‘এ পরিবর্তনের মাধ্যমে আমাদের ঐতিহ্য, ভাষা ও জাতীয় পরিচয়কে আরও যথাযথভাবে সম্মান জানানো হবে।’ পরে প্রয়োজনীয় দুই দফা ভোটে অনুমোদিত হয় প্রস্তাবটি।

নাওয়েরোতে মাত্র ১২ হাজার মানুষের বসবাস। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে রয়েছে শুধু টুভালু ও ভ্যাটিকান সিটি। নাওয়েরো একসময় জার্মানির উপনিবেশ ছিল। পরে এটি ছিল অস্ট্রেলিয়া প্রশাসনের অধীন। ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। ১৯৭০-এর দশকে ফসফেট খনির কারণে নাওয়েরো বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। তবে সেই শিল্প ধসে পড়ায় ১৯৯০-এর দশকে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে যায়।

বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি নাওয়েরো। এ কারণে নাগরিকত্বের বিনিময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ এলাকায় সরানোর তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি

প্রেসিডেন্ট অ্যাডিয়াং বলেন, ‘নাম পরিবর্তন জাতীয় গৌরবের নতুন সূচনা করবে। শুরুতে এ বিষয়ে গণভোটের পরিকল্পনা থাকলেও পরে দীর্ঘ আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেয়, গণভোটের প্রয়োজন নেই।’

এ পদক্ষেপের মধ্য দিয়ে ঔপনিবেশিক অতीतের পরিচয় থেকে সরে এসে ঐতিহ্যবাহী নাম গ্রহণ করা দেশগুলোর তালিকায় নাওয়েরো যুক্ত হয়েছে। এর আগে ২০১৮ সালে সোয়াজিল্যান্ড নাম বদলে এসওয়াতিনি এবং ২০২২ সালে তুরস্ক আন্তর্জাতিক পরিসরে তুর্কিয়ে নাম ব্যবহার শুরু করে।

নাউরুর এই সিদ্ধান্তের ফলে তাদের জাতীয় বিমান এবং জাহাজের নাম পরিবর্তন করতে হবে। সরকার ইতোমধ্যেই অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই পরিবর্তনকে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে বলে তাদের বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে দেশটির নতুন নাম নথিভুক্ত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, সরকার জুন মাসে এটি পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও চীনা দূতাবাসগুলোও তাদের ওয়েবসাইটে দেশটিকে ‘নাওয়েরো’ নামে উল্লেখ করেছে।

আরও পড়ুন: ইসরাইলি আরব কারা, নির্বাচনে তারা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে এটি আয়োজিত হয়।

সভাটি উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রিনা খাতুন এবং নৌ পুলিশের এসআই ইমরান হোসেন।

সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে উল্লেখযোগ্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহার রোধ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কাউখালী উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের সচেতন করা, নিষিদ্ধ জাল ও অবৈধভাবে মাছ আহরণ বন্ধে অভিযান জোরদার করা হবে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমরা চাই মৎস্য খাতে কাউখালী আরও এগিয়ে যাক এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।'

সভায় উপস্থিত কর্মকর্তারা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিজেদের দপ্তর থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশসহ চার দেশের যাত্রীদের জন্য, সৌদি আরব নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ওমরাহ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং মিসরের ওমরাহ যাত্রীদের জন্য রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার দ্য নিউজ পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে লাগবে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কেনা। এই ভাউচারের মূল্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল হতে হবে। এই অর্থ সরাসরি ওমরাহ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত হবে।

নতুন নিয়মের অনুসরণে, ওমরাহদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণযোগ্য হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড থাকবে। এই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।

নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত এবং সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা। তবে নতুন নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুম থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, কারাগারে ২ শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বাথরুম থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, কারাগারে ২ শিক্ষক

ঢাকার রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশুশিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে যাওয়া দুই আসামি হচ্ছেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরারী মাদরাসার শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫) এবং হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০)। গতকাল সোমবার দুপুরে, ওই মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ (১৩) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে তার মা নাজমা বেগম এই দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রাত ১০টার দিকে পুলিশ আসামিদের মাদরাসা থেকে গ্রেপ্তার করে। আজ মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন। তবে এসআই আব্দুস ছবুর জানিয়েছেন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার অভিযোগ থেকে জানা গেছে, নাজমা বেগমের দুই ছেলে ওই মাদরাসায় পড়াশোনা করে। আসামিরা বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করত। নাঈম বিষয়টি তার মাকে জানালে, নাজমা তার ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চান। কিন্তু আসামিরা জানায় যে, তারা মাদরাসা থেকে ছাড়পত্র দেবেন না। নাঈম পড়াশোনা করতে না চাওয়ায় তাদের ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা নির্যাতন করতে থাকে। সোমবার দুপুর ১টার দিকে নাঈম তার শিক্ষকদের জানায় যে, সে আর মাদরাসায় পড়বে না। তখন তাকে মারধর করা হয় এবং চ্যাঙ্গদোলা করে রাখা হয়। পরবর্তীতে দুপুর ১টার থেকে আড়াইটার মধ্যে, আসামিরা নাঈমকে শ্বাসরোধ করে হত্যা করেছে, এই অভিযোগ করেছেন নাজমা বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটি গঠন করেছে ঘটনার প্রকৃত কারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ আল মাহবুব, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশিদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি, তবে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"

এদিকে, তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানান, "আমি তদন্ত কমিটি সম্পর্কে আগে কিছুই জানতাম না। আমাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। সাধারণত কোনো কমিটিতে কারও নাম অন্তর্ভুক্ত করার আগে তার মতামত নেওয়া উচিত। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি। আজ আমি বিভাগের ইন্ডাস্ট্রি ভিজিটে রংপুরের বাইরে রয়েছি। বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকেই প্রথম জানতে পারলাম।"

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এলইডি স্ক্রিনে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করছিল।

ছাত্রদলের অভিযোগ ছিল, প্রদর্শিত একটি ফেস্টুনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কয়েকজন জামায়াত নেতার ছবি অন্তর্ভুক্ত ছিল। ওই ফেস্টুন অপসারণের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির সমর্থিত ব্রাকসু জিএস প্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিন এবং ছাত্রদলের নেতা আশিকসহ আরও কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এইভাবে সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%