০৯:৫৫ এম
নারীর প্রতি সহিংসতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে শত শত পুরুষ মিছিল করেছে। তাদের দাবি হলো, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, বরং এ সমস্যা মোকাবিলায় পুরুষদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার দীর্ঘদিনের উদ্বেগের প্রেক্ষিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের শক্তিশালী অবস্থান তৈরি করা অত্যন্ত জরুরি। অনলাইনে ডানপন্থি ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের মনোভাব ছড়ানো হচ্ছে। এটি বিভিন্ন অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক। এসব প্ল্যাটফর্মে পুরুষের শ্রেষ্ঠত্ব প্রচার এবং নারীবাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এ ধরনের প্রভাবশালীরা আরও উৎসাহিত হন। অনলাইনে নারীদের নিয়ে বিদ্রূপ ও হুমকি ছড়ানোর ক্ষেত্রেও তারা সক্রিয় হয়ে ওঠেন।
আরও পড়ুন: যুদ্ধের পরেও ইরানের কাছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত
বার্নের বিক্ষোভের সহ-আয়োজক ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও কুইয়ার জনগণের প্রতি সহিংসতা। এ কারণেই আমাদের অবস্থান নেওয়া জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’
৪২ বছর বয়সী গোস্তেলি একজন সমাজকর্মী। ‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে তিনি এই কর্মসূচির আয়োজন করেন।
এদিকে, গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী সংস্থা মেনকেয়ার একটি জরিপ প্রকাশ করে। জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সি পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই পুরুষত্ব সম্পর্কে ‘সংকীর্ণ ও আধিপত্যভিত্তিক’ ধারণা পোষণ করেন। তাদের মধ্যে এমন উদ্বেগও রয়েছে যে সমাজে ‘প্রকৃত পুরুষেরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন।
জরিপের গবেষকেরা মনে করেন, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের ধারণা নিয়ে সমাজজুড়ে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। তারা এ আলোচনা স্কুল থেকেই শুরু করার সুপারিশ করেছেন।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র
নারীর প্রতি অনলাইনে সহিংসতা ও হয়রানির ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে সুইজারল্যান্ডের সরকারের। এ মাসের শুরুর দিকে এ বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন দেশটির বিচারমন্ত্রী বিট ইয়ান্স।
গত ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগই পুরুষেরা করেন। ধর্ষণের ঘটনায় এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।
বিট ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিবারই অপরাধী পুরুষ।’
তিনি আরো বলেন, ‘পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। পুরুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।’
আরও পড়ুন: স্পেসএক্সের রকেট পুনর্ব্যবহারে নতুন যুগান্তকারী সাফল্য
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন