মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৫৬ এম
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের জন্য বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কার কারণে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে পৌঁছেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩.৩২ ডলারে উঠেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাজারে এখনও প্রভাব ফেলছে। যদিও অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তবে সরবরাহ নিয়ে উদ্বেগই বর্তমানে দাম বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে।
বিশ্লেষকদের মতে, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ববাজারে তেল সরবরাহ ও দামের ওপর এর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার কারণে জয় (২৩) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায়। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে জয় বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পর পুলিশ কাউকেই আটক করতে পারেনি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজনের পরিকল্পনা করছে।
এ সম্মিলন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান রূপান্তরমুখী অভিযাত্রা এবং পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে এ সম্মিলন বিশেষ তাৎপর্য বহন করে। দেশের কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে অধ্যক্ষবৃন্দের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ সম্মিলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ সম্মিলনের মাধ্যমে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষা-দর্শন, উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা সংক্রান্ত অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রেরণা লাভ করবেন।
এতে আরও বলা হয়েছে, অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংকে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ড থেকে অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ক্লিক করে যথাযথভাবে ফরম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরবর্তীতে আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নিতে অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে যোগদানের জন্য অধ্যক্ষ ও শিক্ষকদের বিধি মোতাবেক প্রতিষ্ঠান থেকে টিএ/ডিএ প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। সরকারের পক্ষ থেকে ২০২৭ সালের বাজেট ঘোষণার পূর্বে বর্তমানে এক হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, মজুরি আরও বেশি হওয়া উচিত।
বর্তমানে মালয়েশিয়ায় মাসিক ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকার সমান। সরকার এটি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়ে আলোচনা করছে, কিন্তু নতুন হার এবং কার্যকর হওয়ার সময় সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় ন্যূনতম মজুরি দুই হাজার রিঙ্গিত করার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর এর প্রভাবও বিবেচনায় নিতে হচ্ছে।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, "শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমই খাতের টিকে থাকা দুই দিকের মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।"
এর আগে, ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ন্যূনতম মজুরি বৃদ্ধির ইঙ্গিত দেন। ইউনিভার্সিটি টেকনোলজি মারার সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, "কোনো কোম্পানি বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত মুনাফা করবে, অথচ শ্রমিকরা এক হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাবেন এটি টেকসই নয়।"
তিনি আরও বলেন, উৎপাদনশীলতা ও কোম্পানির আয় বৃদ্ধি পেলে শ্রমিকদেরও উচ্চ মজুরির মাধ্যমে তার সুফল পাওয়া উচিত। এ বিষয়ে বাজেটে কিছু উদ্যোগ ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ব্যবস্থা ২০১৩ সালে চালু হয়, তখন মাসিক ন্যূনতম মজুরি ছিল ৯০০ রিঙ্গিত। এরপর ২০১৬ সালে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে তা ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়।
অর্থাৎ, ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম মজুরি বেড়েছে প্রায় ৮৮ দশমিক ৯ শতাংশ। বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের হার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট শ্রেণির নিয়োগকর্তার ক্ষেত্রে কার্যকর হয়। পরে ১ আগস্ট থেকে কর্মীর সংখ্যা নির্বিশেষে দেশজুড়ে তা কার্যকর করা হয়। তবে গৃহকর্মীরা এর আওতাভুক্ত নন।
বিদেশি শ্রমিকরাও পাবেন সুবিধা
মালয়েশিয়ার ন্যূনতম মজুরি আইন বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের যোগ্য বিদেশি শ্রমিকরাও স্থানীয় আইনে নির্ধারিত ন্যূনতম মৌলিক মজুরি পাওয়ার অধিকারী।
বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শ্রমিকরাও অন্তত এক হাজার ৭০০ রিঙ্গিত ন্যূনতম বেসিক বেতন পাওয়ার অধিকার রাখেন। নতুন হার দুই হাজার রিঙ্গিত হলে যোগ্য বিদেশি শ্রমিকদের বেসিক বেতনও সেই হারে বাড়বে।
মালয়েশিয়ায় প্রায় ৪ লাখ নেপালি শ্রমিক কাজ করেন। ন্যূনতম মজুরি বাড়লে তারা সরাসরি উপকৃত হবেন।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ও নেপালের কয়েকজন কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে।
তারা বলেন, খাবারের দাম বাড়ায় খরচ মেটানোর পর প্রতি মাসে অবশিষ্ট টাকা/ রুপি দেশে পাঠাতে পারেন। তবে ওভারটাইম না থাকলে সঞ্চয় করা কঠিন।
শ্রমিক ইউনিয়নের দাবি ৩,১০০ রিঙ্গিত
ন্যূনতম মজুরি দুই হাজার রিঙ্গিত করার আলোচনা চললেও মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) দাবি করেছে, ন্যূনতম মজুরি তিন হাজার ১০০ রিঙ্গিত করা হোক। বর্তমান এক হাজার ৭০০ রিঙ্গিতের তুলনায় এটি ৮২ শতাংশেরও বেশি।
ইতোমধ্যে কিছু সরকারি মালিকানাধীন কোম্পানি ও সরকারি বিনিয়োগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মাসে ৩ হাজার ১০০ রিঙ্গিতকে ‘লিভিং ওয়েজ’ বা জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। তবে এটিকে এখনো নতুন আইনগত ন্যূনতম মজুরি হিসেবে সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেনি।
এক হাজার ৭০০ থেকে সরাসরি তিন হাজার ১০০ রিঙ্গিতে মজুরি বাড়ালে ব্যবসাপ্রতিষ্ঠানের শ্রম ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে সীমিত মুনাফায় পরিচালিত ছোট ব্যবসাগুলোতে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে ব্যবসায়ী মহল উদ্বেগ জানিয়েছে। এর প্রভাব পণ্যের দাম ও নতুন নিয়োগের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
অর্থমন্ত্রী আকমান নাসির বলেছেন, দীর্ঘমেয়াদে টেকসই মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা, দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তার মতে, মজুরি বৃদ্ধির সঙ্গে উৎপাদনশীলতারও সমন্বয় থাকা প্রয়োজন।
মালয়েশিয়ার আইনে অন্তত দুই বছর পরপর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। এ সময় জাতীয় মজুরি পরামর্শ কাউন্সিলকে ন্যূনতম মজুরির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব মূল্যায়ন করতে হয়।
২০২৭ সালের বাজেটের প্রাক-বাজেট বিবৃতিতেও সরকারের ‘ডিসেন্ট ওয়েজ এজেন্ডা’ বা মর্যাদাপূর্ণ মজুরি কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশে ন্যূনতম মজুরি বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিত। একই সঙ্গে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো ৩ হাজার ১০০ রিঙ্গিতকে জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।
মালয়েশিয়ার ১৩তম পরিকল্পনাতেও ২০৩০ সালের মধ্যে অর্থনীতিকে উচ্চ আয় ও উচ্চ উৎপাদনশীলতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিদেশি শ্রমিকদের কর্মসংস্থান ব্যয়ের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে বেতনের ওপর মালয়েশিয়ার কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ)-এ নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিক উভয়কেই ২ শতাংশ করে অবদান রাখতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ‘মনগড়া ও ভিত্তিহীন জল্পনা-কল্পনা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাসটি এই অভিযোগের তীব্র নিন্দা জানায় এবং সতর্ক করে যে, এটি যুক্তরাজ্যে ইরানবিরোধী উসকানি ছড়ানোর একটি ষড়যন্ত্র।
বিবৃতিতে ইরানি দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে এমন বানানো খবর যুক্তরাজ্যের মাটিতে ইরানবিরোধী প্রচারণাকেই কেবল উসকে দেবে। মিথ্যা প্রচারণার বিরুদ্ধে দেশের অধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে তেহরান।
এদিকে, যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ জানায়, রবিবার বিমান ঘাঁটির দিকে তিনটি গাড়ি যেতে দেখে গ্লুচেস্টারশায়ারের ওয়েলফোর্ড এলাকা থেকে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও বিস্ফোরক আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে যুক্তরাজ্য পুলিশ ঘটনাটিকে একটি ‘অত্যন্ত জটিল ও বড় আকারের অভিযান’ হিসেবে তদন্ত করছে এবং গ্রেপ্তারকৃতদের পুলিশের হেফাজতে রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ