০৪:৫৭ পি.এম
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া জেলায় আসার প্রেক্ষিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার উদ্দেশ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছে জেলা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় জুডিসিয়াল ডায়লগ প্রোগামে বিচারপতি আহমেদ সোহেল
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিএসবি-র ডিআইও (১) মো. আবু হেনা মিলন এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। সভায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন