০৫:০৭ পি.এম
লালমনিরহাট, ২৮ নভেম্বর, ২০২৬ : পুলিশ জেলায় ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় লালমনিরহাট পৌরসভার মিশন মোড়ের সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে জুলফিকার আলী নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগের তল্লাশির মাধ্যমে জাল নোটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটগুলোর মধ্যে ৫০০ টাকার ৩০০টি এবং ২০০ টাকার ১৩০টি নোট রয়েছে। এছাড়া, তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলম নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিখোঁজ আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তারা অনলাইনের মাধ্যমে সারা দেশে জাল টাকার নোটের কারবার করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পুলিশের অভিযান এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেফতার হওয়া দুজন ছাড়াও এ চক্রে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন