ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাকসু নির্বাচনের দাবিতে ১২ দিনের অবস্থানে গুরুতর অসুস্থ ১ নেতা


রাকসু নির্বাচনের দাবিতে ১২ দিনের অবস্থানে গুরুতর অসুস্থ ১ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের জন্য ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই অবস্থান কর্মসূচি গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আন্দোলনকারীরা টানা ১২ দিন ধরে সেখানে অবস্থান করছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও, তাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

অবস্থানরত অবস্থায় শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন 'মঞ্চ ২৪'-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে আবার কর্মসূচিতে যোগদান করেন।

আরও পড়ুন: টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিখোঁজ আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

অবস্থানরত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, "আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে তার পরও আমরা এখান থেকে যায়নি। ১২ দিন ধরে আমরা এখানে আছি তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যতদিন না প্রশাসন কোনো পদক্ষেপ নিবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।"

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, "আমরা গত ১২ দিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আমার এক সহযোদ্ধাকে মাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের দাবি থেকে আমরা নড়ব না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। মৃত্যু হলেও দাবি আদায় না করে উঠব না।"

এমএইচ

আরও পড়ুন: পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় জুডিসিয়াল ডায়লগ প্রোগামে বিচারপতি আহমেদ সোহেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


অস্ট্রেলিয়ায় জুডিসিয়াল ডায়লগ প্রোগামে বিচারপতি আহমেদ সোহেল

সিডনী - সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অংশগ্রহণের জন্য গেছেন। তিনি গতকাল ঢাকা ত্যাগ করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন।

শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট থেকে এই তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও ইউএনএসডব্লিউতে ২৯ ও ৩০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিচারপতি আহমেদ সোহেল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিরা অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতি স্টিফেন গ্যাগেলার এসি এবং নিউজিল্যান্ডের প্রধান বিচারপতি ডেম হেলেন উইঙ্কেলম্যান এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করছেন।

বিচার বিভাগীয় সম্মেলনের প্রথম পর্বে অ্যাকাডেমিক কো-চেয়াররা সংশ্লিষ্ট অধিবেশনের জন্য নির্ধারিত ২ থেকে ৩টি পাঠ্য উপকরণ বা গবেষণাপত্রের ওপর প্রত্যেকে ১০ থেকে ১৫ মিনিট করে উপস্থাপনা করবেন। যেসব অধিবেশনে একজন মাত্র চেয়ার থাকবেন, সেখানে তিনি ২০ থেকে ৩০ মিনিট সময় নিয়ে বিষয়গুলো উপস্থাপন করবেন।

দ্বিতীয় পর্বে শুধুমাত্র বিচারপতিদের অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিচার বিভাগীয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর বিভিন্ন দেশের বিচারপতিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ফুটবল দল আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নারী ফুটবল দল আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : আগামীকাল সকালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশ ত্যাগ করবে, স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজের জন্য দুইটি ম্যাচ খেলার উদ্দেশ্যে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণের পর ৭১ দিনের বিরতির পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসছে।

প্রথম ম্যাচটি ১ ডিসেম্বর বিশান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিতীয় ম্যাচটি ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

দলের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন কোচ এরিক মিয়ের এবং অধিনায়ক মারিয়া মান্ডা আসন্ন সিরিজে দলের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন।

মিয়ের জানান, তিনি খেলোয়াড়দের মান এবং দলের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট। সফল সফরের ব্যাপারে তার আশাবাদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিনায়ক মারিয়া জানান, খেলোয়াড়েরা সুস্থ আছেন এবং দুটি ম্যাচের জন্য প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন করেছেন।

তিনি দেশের জন্য ভালো পারফরম্যান্স প্রদর্শন করে ইতিবাচক ফল অর্জনের আশা প্রকাশ করেন।

বাংলাদেশ দল : রূপনা চাকমা, মিলি আক্তার, হোমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার সিনিয়র, কহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, মারিয়া মান্ডা (অধিনায়ক), মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার রীপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রায়না সিদ্দিকী, মমিতা খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, মোছা. সাগরিকা, আইরিন খাতুন, স্বপ্না রানী, আলপি আক্তার ও সিনহা জাহান শিখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি ও মোদিকে পেট্রোল বোমা হামলায় দায়ী করলেন এমপি মালিক, স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


দিল্লি ও মোদিকে পেট্রোল বোমা হামলায় দায়ী করলেন এমপি মালিক, স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দিল্লি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে সংসদ সদস্য মালিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁকে হত্যা কিংবা গুম করার পরিকল্পনা করা হতে পারে। আজ শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এমপি মালিক মন্তব্য করেন, দিল্লি থেকে তাঁর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যদি কোনো কারণে তাঁর মৃত্যু ঘটে কিংবা গুমের শিকার হন, তাহলে এর পেছনে সংশ্লিষ্ট পক্ষের হাত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা সিলেট দখল নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যার বিরুদ্ধে প্রতিবাদ ও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এ দেশ মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে। তাই দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা বিদ্যমান। তবে এলাকার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মানবাধিকার রক্ষার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তিনি নিরীহ কাউকে যেন পুলিশ হয়রানি না করে, সে আহ্বানও জানান।

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার বিষয়ে এমপি মালিক বলেন, ওই ঘটনার পর তাঁর স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁরা এখনো মানসিক অস্থিরতা ও বিষণ্নতার মধ্যে সময় কাটাচ্ছেন। তবে হামলা, ভয়ভীতি কিংবা হুমকি দিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করেন। এমপি মালিক জানান, অতীতে বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি লন্ডনেও তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া, লন্ডন থেকেও তাঁকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেন এই সংসদ সদস্য। তবে তিনি কোনো ধরনের হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং নিজের অবস্থানে অটল থাকবেন বলে জানান।

এর আগে শনিবার গভীর রাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির টিনের চালের একটি অংশে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় সংসদ সদস্য ও তাঁর স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় ইউএনওর নেতৃত্বে টয়লেট দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


উখিয়ায় ইউএনওর নেতৃত্বে টয়লেট দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা র‍্যালি

কক্সবাজারের উখিয়ায় টয়লেট দিবস-২০২৬ উপলক্ষে একটি র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি এ সময় বলেন, "দূষণমুক্ত পরিবেশ রক্ষা, সুস্থ মানবদেহ গঠন এবং নিরাপদ ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।" তিনি আরও উল্লেখ করেন, আগামীর প্রজন্মকে পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানান নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিএম মোক্তাদির, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ওয়াশ সেক্টরের কো-অর্ডিনেটর ও ডিএসকের তফাজ্জল হোসাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীলিপ বাবু, এফএইচ অ্যাসোসিয়েশনের মোজাম্মেল হোসেন এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ সবার প্রত্যাশা। তবে মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। তারা বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হলেও তা স্থায়ী সমাধান নয়। এজন্য মানুষের দৃষ্টিভঙ্গি ও অভ্যাসের পরিবর্তনের পাশাপাশি পরিকল্পিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তারা আরও উল্লেখ করেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%