০৫:০৫ পি.এম
রাজধানীর আবাসন সংকট সমাধান এবং একটি পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সূচনা হয়েছিল। তবে তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও পূর্বাচল এখনো একটি পূর্ণাঙ্গ আবাসিক শহর হিসেবে গড়ে ওঠেনি। পানি, বিদ্যুৎ, গ্যাস, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধার অভাবে প্লট বরাদ্দ পাওয়া অনেক মালিক এখনো বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন না।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ হাজার কোটি টাকা। ৬ হাজার ১৫০ একর জমির ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লট রয়েছে। এর মধ্যে প্রায় ২১ হাজার প্লট মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব প্লটের বিপরীতে মাত্র ৩০০টির কিছু বেশি প্লটে বাড়ি নির্মাণ শুরু হয়েছে। ফলে বিপুলসংখ্যক প্লট এখনও আবাসিক ব্যবহারের বাইরে রয়ে গেছে। প্রকল্পের নকশা পাঁচবার পরিবর্তন এবং মেয়াদ সাত দফা বাড়ানো সত্ত্বেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি।
১৯৯৫ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও প্রকল্পের সব কার্যক্রম সম্পূর্ণ হয়নি। দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয়ের পরও পূর্বাচলে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার
স্থানীয় বাসিন্দা ও প্লট মালিকদের অভিযোগ, পূর্বাচলে এখনো পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। কোথাও পানি ও গ্যাসের সংকট, কোথাও বিদ্যুৎ ও সড়ক যোগাযোগের সমস্যা রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য সেবার ঘাটতিও রয়েছে। ফলে অনেক প্লট মালিক বাড়ি নির্মাণের পরিবর্তে অপেক্ষার পথ বেছে নিয়েছেন।
স্থানীয়দের মতে, পূর্বাচলে প্লট কেনাবেচার ক্ষেত্রে একশ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ বেশি। জমি ও প্লটের দাম বাড়লে বিক্রি করে মুনাফা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। নতুন ক্রেতারাও ভবিষ্যতে আরও বেশি দামে বিক্রির আশায় প্লট কিনছেন। ফলে আবাসিক শহর গড়ে তোলার পরিবর্তে অনেক ক্ষেত্রে প্লট বাণিজ্যই গুরুত্ব পাচ্ছে।
এদিকে পূর্বাচলের পরিকল্পনায় ১ হাজার ৩৩টি বাণিজ্যিক এবং ৪৭২টি প্রশাসনিক প্লট রয়েছে। পাশাপাশি দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ প্লটও রয়েছে। আবাসিক জনবসতি গড়ে ওঠার আগেই বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর বিস্তার নতুন করে নগর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে হলে শুধু সড়ক ও ভবন নির্মাণ করলেই হবে না; বরং পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, "একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে শুধু রাস্তা ও অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেখানে মানুষের বসবাসের উপযোগী সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।" পূর্বাচলের ক্ষেত্রে আবাসিক জনবসতি গড়ে ওঠার আগেই বিভিন্ন বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক স্থাপনার বিস্তার ঘটছে। অথচ মৌলিক সুবিধা যেমন পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন নিশ্চিত করা জরুরি। পরিকল্পনার ধারাবাহিকতা ও সঠিক বাস্তবায়ন না হলে বিপুল অর্থ ব্যয়ের পরও একটি শহর তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। তাই পূর্বাচলের মূল পরিকল্পনা পর্যালোচনা করে নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আবাসিক শহর হিসেবে এর বিকাশে অগ্রাধিকার দিতে হবে।
আরও পড়ুন: শেরপুর গারো পাহাড়ে শীতের তীব্রতা, লেপ-তোষকের দোকানে ভিড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন