প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে টিনের চালের মাধ্যমে পানি পড়ে। কিছু জায়গায় ভেজা মেঝে দেখা যায়, আবার কোথাও জরাজীর্ণ দরজা ও জানালা রয়েছে। মাঠজুড়ে জমে থাকে পানি। পর্যাপ্ত শিক্ষা উপকরণ, আধুনিক ল্যাব কিংবা কারিগরি শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এমন প্রতিকূল পরিবেশে পড়াশোনা করছে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের পিটিডি একাডেমি ও পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এমনকি এই প্রতিষ্ঠান গড়ে তুলতে একটি পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্কুলঘর নির্মাণের জন্য প্রতিষ্ঠাতার মায়ের গলার হার বন্ধক রাখতে হয়েছিল। কৃষিজমিও বন্ধক রাখতে হয়েছিল। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে বিনা বেতনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
একটি পরিবারের ত্যাগ ও স্বপ্নের ভিত্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজও নানা সংকটে টিকে আছে। একদিকে শিক্ষার্থীদের সাফল্য, অন্যদিকে জরাজীর্ণ অবকাঠামো ও আর্থিক অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটির জন্য দ্রুত একটি আধুনিক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা জরুরি।
বাবার স্বপ্ন পূরণে ছেলের ফিরে আসা
১৯৮২ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। একুশে পদকপ্রাপ্ত প্রয়াত এম এ মান্নান তখন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এই জনপ্রতিনিধির স্বপ্ন ছিল এলাকায় একটি আধুনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা। নিজের অর্থে জমি কিনে প্রতিষ্ঠান গড়ার উদ্যোগও নিয়েছিলেন তিনি। তৎকালীন খুলনার জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কিন্তু দীর্ঘ অসুস্থতার পর এম এ মান্নানের মৃত্যু হলে সেই উদ্যোগ থেমে যায়। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব নেন ছেলে শিমুল বিল্লাল বাপ্পি।
২০০৮ সালে নতুন করে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়। তবে অর্থসংকটে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল কাজ। একপর্যায়ে স্কুলঘর নির্মাণের জন্য মা রওশনারা মান্নানের গলার হার কপিলমুনি বাজারের একটি স্বর্ণের দোকানে বন্ধক রাখতে হয়। অর্থের জোগান দিতে কৃষিজমিও বন্ধক রাখা হয়।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে পরিবারের এই ত্যাগ আজও স্থানীয় মানুষ স্মরণ করেন। শিমুল বিল্লালের কাছে এটি কেবল একটি বিদ্যালয় নয়, বরং বাবার রেখে যাওয়া স্বপ্নের উত্তরাধিকার।
সাংবাদিকতার ক্যারিয়ার ছেড়ে শিক্ষার আলো ছড়াতে গ্রামে
শিমুল বিল্লালের নিজের জীবনও তখন অন্য পথে এগোচ্ছিল। ঢাকা কলেজের ইতিহাস বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করেন। সাংবাদিকতায় ডিপ্লোমা করার পর ২০০৭ সালে লন্ডন কলেজে সাংবাদিকতা বিষয়ে বৃত্তিও পান।
দৈনিক সংবাদ, সাপ্তাহিক শীর্ষ কাগজ, শীর্ষনিউজ ডটকম, দৈনিক ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ ও যুগান্তরের মতো গণমাধ্যমে কাজ করেছেন তিনি। বাংলাদেশ বেতার খুলনার খণ্ডকালীন প্রতিনিধিও ছিলেন। জাতীয় দৈনিকে স্থায়ীভাবে কাজ করার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। পরে খুলনা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।
কিন্তু ২০১০ সালের এপ্রিলে সাংবাদিকতার পেশা ছেড়ে গ্রামে ফিরে আসেন। বাবার স্বপ্ন পূরণ এবং এলাকার শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ তৈরি করাই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য।
নিজের এই সিদ্ধান্ত সম্পর্কে শিমুল বিল্লালের সংক্ষিপ্ত বক্তব্য, ‘আমার এই পথ চলাতেই আনন্দ।’
এই আনন্দের পথ সহজ ছিল না। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কোনো বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন তিনি। সংসার চলে পারিবারিক সম্পদ থেকে। তার স্ত্রী রুনা আক্তার স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তাদের একমাত্র সন্তান এম মুহাম্মদ সাদ পঞ্চম শ্রেণিতে পড়ে। বড় ভাই মোহাম্মদ পারভেজ হোসেনসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কয়েকজন শুভানুধ্যায়ী প্রতিষ্ঠানটির পাশে রয়েছেন।
টিনের চালের নিচে কারিগরি শিক্ষার পাঠ
প্রতিষ্ঠানটিতে রয়েছে দুটি পৃথক শিক্ষাকার্যক্রম। পিটিডি একাডেমিতে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা। অন্যদিকে পিটিডি সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম ও দশম শ্রেণির কারিগরি শিক্ষা কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটি পাইকগাছা উপজেলার প্রথম স্বতন্ত্র কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
বর্তমানে ভোকেশনাল শাখায় আটজন এবং প্রাথমিক শাখায় সাতজন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়েছে ৩৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ জন ছেলে ও তিনজন মেয়ে। আগের শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিল ৫১ জন।
তবে শিক্ষার পরিবেশ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বৃষ্টির সময় টিনের চাল দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ ভিজে যায়। কোথাও দরজা-জানালা জরাজীর্ণ, কোথাও মেঝের অবস্থা নাজুক। মাঠে পানি জমে থাকে। আধুনিক ভবন, পর্যাপ্ত শিক্ষা উপকরণ কিংবা কারিগরি শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি নেই।
কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হাতে-কলমে দক্ষতা অর্জন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ল্যাবের অভাবে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা গ্রহণের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। ফলে সম্ভাবনাময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে।
প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের সাফল্য
অবকাঠামোগত সংকট থাকলেও শিক্ষার্থীদের সাফল্য আশাবাদী করছে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের। অধ্যক্ষ শিমুল বিল্লালের দাবি, এ প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও এসএসসি পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী লিমা খাতুন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। আশিক মো. বিজয় বাংলাদেশ সেনাবাহিনীতে, তানজিম বারি বাংলাদেশ ডাক বিভাগে এবং বিজয় দাস একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এ ছাড়া আরও অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
তবে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট কাটেনি। ভোকেশনাল শাখার শিক্ষকেরা ২০২০ সালের ২৯ এপ্রিল এমপিওভুক্ত হলেও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেই সুবিধার আওতায় আসেননি। অন্যদিকে প্রাথমিক শাখার শিক্ষকদের বেতন দিতে হয় রওশনারা-মান্নান শিক্ষা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।
আধুনিক ভবন নির্মাণের দাবি
প্রতিষ্ঠানটির অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে স্থানীয় সমাজসেবক এম বুলবুল আহম্মেদ বলেন, প্রয়াত এম এ মান্নান মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তার স্বপ্ন ছিল এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কারিগরি শিক্ষা দেওয়া। সেই স্বপ্নের বাস্তবায়ন হলেও অবকাঠামোগত অবস্থা অত্যন্ত দুর্বল।
তিনি বলেন, কোনো কক্ষে ছাউনি আছে, কোনো কক্ষে নেই। কোথাও দরজা নেই, আবার কোথাও শ্রেণিকক্ষের মাটির মেঝে বৃষ্টিতে কাদায় পরিণত হয়। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পাঠদানের জন্য দ্রুত একটি সময়োপযোগী ভবন নির্মাণে সরকারের সহযোগিতা প্রয়োজন।
পাইকগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার অনুমোদন দিয়েছে। তিনি কয়েকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বর্তমানে এর অবকাঠামো বেশ দুর্বল, তাই সংস্কার প্রয়োজন।
একটি পরিবারের ত্যাগে শুরু হওয়া যে শিক্ষাপ্রতিষ্ঠান একসময় এলাকার শিশুদের স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সেই প্রতিষ্ঠান আজ নিজেই সহযোগিতার অপেক্ষায়। মায়ের বন্ধক রাখা গহনা, বাবার অসমাপ্ত স্বপ্ন আর ছেলের দীর্ঘদিনের বিনা বেতনের শ্রমে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা চায় নিরাপদ শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও হাতে-কলমে শেখার সুযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগই পারে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন