ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

নতুন প্রজন্মের কাছে ইতিহাসবিদ আব্দুল জলীলকে পৌঁছে দেওয়ার তাগিদ


নতুন প্রজন্মের কাছে ইতিহাসবিদ আব্দুল জলীলকে পৌঁছে দেওয়ার তাগিদ

প্রখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসবিদ এবং ১৯৪৭ সালের বাউন্ডারি কমিশনের সেক্রেটারি অ্যাডভোকেট এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তারা মরহুমের কর্ম এবং গবেষণার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের নূর মঞ্জিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

স্মরণসভায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম আলিম, সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল, কথাসাহিত্যিক ফিরোজ আহমদ, সাংবাদিক আবু আসলাম বাবু, গবেষক মনিরুজ্জামান লাভলু এবং নারী নেত্রী শামীমা সুলতানা সিলু প্রমুখ।

আরও পড়ুন: যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

সভায় বক্তারা উল্লেখ করেন, এ এফ এম আব্দুল জলীল ছিলেন সাহিত্য, ইতিহাস এবং গবেষণার জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জীবদ্দশায় ৫৬টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার এই সুবিশাল সাহিত্যকর্ম, বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা এবং বিশেষ করে ১৯৪৭ সালের ঐতিহাসিক বাউন্ডারি কমিশনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তরুণ ও নতুন প্রজন্মের পাঠকদের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ এবং কবি সৈয়দ আলী হাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মরহুম এ এফ এম আব্দুল জলীলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তিন ফরম্যাটে ছিলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ এম


গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তিন ফরম্যাটে ছিলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী

অস্ট্রেলিয়ার মারকুটে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। এই ঘোষণার মাধ্যমে অস্ট্রেলিয়ার জার্সিতে তার দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ম্যাক্সওয়েল ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন, তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি সর্বদা এক আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার ধ্বংসাত্মক ব্যাটিং স্টাইল তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যাটারে পরিণত করেছে।

তিনি তার ক্যারিয়ারে মাত্র ৭টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে ৩৩৯ রান সংগ্রহ করেন। উল্লেখ্য, ২০১৭ সালে তিনি তার সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন।

অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ৫০ ওভারের ফরম্যাটে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে ৩,৯৯০ রান করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ওমানের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটান।

টেস্ট বা ওয়ানডের গণ্ডি ছাড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও ম্যাক্সওয়েলের অবদান ছিল অবিস্মরণীয়। সব মিলিয়ে তিন ফরম্যাটে দেশের হয়ে দুর্দান্ত সব মুহূর্ত উপহার দিয়ে আন্তর্জাতিক আঙিনাকে চিরতরে বিদায় জানালেন এই অজি তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ এম


ফরিদপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

ফরিদপুর, ২ নভেম্বর, ২০২৬ : জেলার ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ সোমবার রাত ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বরে সংঘটিত হয় এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে একজন হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং অপরজন হলেন ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলালের ছেলে এজাজুল (২০)।

আহতদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা গোলচত্বরে খুলনাগামী লেনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে মোটরসাইকেল দুটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা চার আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন এবং এজাজুলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বাসসকে জানিয়েছেন, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এই ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ব্যবসার জন্য ব্যবহার করেছে। বর্তমানে, আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে একই ধরনের রাজনৈতিক ব্যবসা করছে।

তিনি উল্লেখ করেন, বিএনপি মুক্তিযুদ্ধ বা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে আগ্রহী নয়। বরং, মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সকলের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আজ দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিতে হবে এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর হাত ধরেই দলটির প্রতিষ্ঠা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে কায়কোবাদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জানমাল ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের মানুষ গত নির্বাচনে তাকে সহযোগিতা করেছেন এবং এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ডের সময়ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মতো উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, আট মাসে এতগুলো উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান, যাতে আল্লাহ তাঁকে সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে ধর্মমন্ত্রী জানান, মুরাদনগরের পরীক্ষার ফলাফল তাকে অত্যন্ত ব্যথিত করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই থেকে তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের জন্য তিনি সুপারিশ করবেন।

তিনি বলেন, সরকার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হবে, অথচ শিক্ষার্থীদের ফলাফল ভালো হবে না— এটি গ্রহণযোগ্য হতে পারে না। অভিভাবকরা অনেক আশা নিয়ে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান। তাদের সেই প্রত্যাশার প্রতিফলন শিক্ষার্থীদের ফলাফলে থাকতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, তিনি প্রতিভা স্কুল পরিদর্শন করে সেখানকার পরিবেশে অভিভূত হয়েছেন। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়টির উন্নয়নে প্রয়োজন হলে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত রয়েছেন।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও মুরাদনগরের মানুষের টানে এলাকায় এসেছেন উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, হিপ রিপ্লেসমেন্ট ও চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই তিনি এখানে এসেছেন। চিকিৎসার জন্য ছুটি দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুরাদনগরের জনগণ তাকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কায়কোবাদ যতক্ষণ বেঁচে আছে, ততক্ষণ আপনাদের পাশে থাকবে।’

উপজেলার উন্নয়ন প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগরে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আল্লাহর রহমতে সেগুলো সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে এখানে আর উন্নয়নকাজের প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা, মোট ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এছাড়া মুরাদনগর উপজেলায় ১ লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়া স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

ধর্মমন্ত্রী বলেন, এই পুরস্কারের মূল উদ্দেশ্য অর্থ দেওয়া নয়, বরং বৃক্ষরোপণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা। প্রধানমন্ত্রীর আহ্বানে একটি উপজেলায় ১ লাখের বেশি গাছ লাগানোর উদ্যোগে অংশ নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে ধর্ম বিষয়ক মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের উৎসাহ দিতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তিনি বিদ্যালয়টিকে ১ লাখ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভায় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


মন্ত্রিসভায় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : মন্ত্রিসভা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে। একই সাথে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে।

এছাড়া, হংকংয়ের সঙ্গে অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ) চুক্তির খসড়াও অনুমোদন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পরে তথ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, "দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।" সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকায় অধ্যাদেশটি আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ বিভাগের মতামত সাপেক্ষে এটি এখন ক্যাবিনেটে পাস হয়ে বিল আকারে সংসদে যাবে।

সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ দিয়ে কার্যক্রম চালানো গেলেও, সংসদ চালু হলে প্রথম দিনেই তা বিল আকারে পেশ করে পাসের মাধ্যমে আইনে পরিণত করতে হবে বলেও জানান তিনি।

পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০২৬ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এ এ পর্যন্ত মোট ছয় দফা সংশোধন আনা হয়েছে।" সর্বশেষ সংশোধনটি গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে করা হয়।

নতুন সংশোধনে দেশীয় শিল্পের সুরক্ষা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং সুযোগ-বঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ সুবিধা, উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সম্পদের সুষম বণ্টনে সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করার প্রস্তাব রাখা হয়েছে।

সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।

নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন- যার মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটিতে (১টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে। ঐচ্ছিক ছুটির মধ্যে ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনে ২ দিন ঐচ্ছিক ছুটি দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির ৭ দিন বাদ দিলে ২০২৭ সালে কার্যত সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন।

বাংলাদেশ ও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের মধ্যে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এই চুক্তির ফলে দুই অঞ্চলের মধ্যে অপরাধ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান, অপরাধী আটক ও অন্যান্য আইনি সহযোগিতার পথ সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%