০৯:৩৩ এম
মুসলিম বিশ্বের প্রসিদ্ধ ইসলামি আইনজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী অর্থনীতিবিদ ও পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানি বাংলাদেশে এক সপ্তাহের সফরে আসছেন। তিনি ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের সময় তিনি দেশে বিভিন্ন ধর্মীয় সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করবেন। এক সপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষে ২৮ নভেম্বর তিনি পাকিস্তানে ফিরে যাবেন।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতি তাকী উসমানি। ঢাকা সফরের সময় দেশের আলেমদের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারেও তার অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মাওলানা হানিফ জালান্ধরি বাংলাদেশে, দক্ষিণখানে অনুষ্ঠিত হবে ঈসালে সওয়াব মাহফিল
এই সফরে মুফতি তাকী উসমানির সঙ্গে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী উপস্থিত থাকবেন।
মুফতি মুহাম্মদ তাকী উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, ফকিহ ও ইসলামী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও কাজ করেছেন।
ইসলামী আইনশাস্ত্র, অর্থনীতি, হাদিস ও সমকালীন বিভিন্ন বিষয়ে তার গবেষণা, লেখালেখি ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। তার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার ওমরাহ যাত্রা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন