ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নেতানিয়াহুর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা চেয়ে দাবি


নেতানিয়াহুর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা চেয়ে দাবি

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নৃশংস নির্যাতনের দায়ে  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের অর্ধশতাধিক সংসদ সদস্য।

দীর্ঘদিন ধরে চলমান এই দাবি বেশ কিছু রাজনৈতিক দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সভার সদস্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রসচিব ইভেত কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে জানিয়ে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্ষমতাসীন লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে লেবার পার্টির ৩০ জন এমপি এবং ৭ জন পিয়ার্সসহ গ্রিন পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে নিয়মতান্ত্রিক এবং সুপ্রমাণিত নির্যাতন চালানো হচ্ছে, তার দায় সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরাইল সরকারের ওপর বর্তায়।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

এর আগে উগ্র ডানপন্থী ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সংসদ সদস্যরা স্বাগত জানিয়ে বলেন, ওই পদক্ষেপ এক্ষেত্রে ইসরাইল সরকারের আচরণে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং এর পর থেকে বন্দিদের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে।

এই দাবিতে জাতিসংঘের বেশ কিছু প্রতিবেদনের সূত্রও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে, ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্যাতন এখন ইসরাইলি আধিপত্য ও শাস্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গত মার্চ মাসে এক প্রতিবেদনে জানান, ইসরাইলি কারাগারগুলো পরিকল্পিত নিষ্ঠুরতার পরীক্ষাগারে পরিণত হয়েছে। এখানে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ যৌন নিপীড়ন ও পাশবিক নির্যাতন চালানো হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কয়েক মাস আগে ইসরাইলি সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দিকে ধর্ষণের অভিযোগের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে খোদ নেতানিয়াহু প্রশংসা করেছেন, যা এই অপরাধের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদদকে স্পষ্ট প্রমাণ করে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

সূত্র: মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলশূন্য প্রথমার্ধে সমতা স্পেন ও পর্তুগালের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ এম


গোলশূন্য প্রথমার্ধে সমতা স্পেন ও পর্তুগালের

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলই শেয়ানে শেয়ানে লড়ছে। শেষ হয়েছে প্রথমার্ধ। প্রথম ৪৫ মিনিটকে উত্তেজনায় ঠাসা বললেও ভুল হবে না, কারণ কোনো দলই গোল আদায় করতে পারেনি।

এই ম্যাচকে ফাইনালের আগের ফাইনাল বললে যেন ভুল হবে না হয়তো। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন ও পর্তুগাল।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন ও পর্তুগাল ফুটবল দল। ম্যাচের ১২ মিনিটেই দুদল অন ও অফ টার্গেটে শট নিয়েছে মোট সাতটি।

ম্যাচের অষ্টম মিনিটে স্পেন লিড পেয়ে যেতও। বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন ওইয়ারজাবাল। তার সামনে ছিল কেবল পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা। কিন্তু ওইয়ারজাবালের নেওয়া শটটি লক্ষ্যে ছিল না। সাইডবারের পাশ দিয়ে চলে যায় বলটি। সে যাত্রায় পর্তুগাল বেঁচে যায়।

পরক্ষণেই আক্রমণে উঠে পর্তুগাল। বুলেট গতির এক শট নেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বীরত্বের সঙ্গে শটটি কর্নারের বিনিময়ে ঠেকান স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তিন মিনিট পর ডাবল সেভ করেন পর্তুগালের গোলরক্ষক।

ম্যাচের ৩৮তম মিনিটে দলগত আক্রমণ করে পর্তুগাল। কিন্তু ডানপ্রান্ত থেকে সতীর্থদের দেওয়া ক্রসে হেড করেন জোয়াও ফিলিক্স। সেটি ফিরিয়ে দেন উনাই সিমন। সাথে সাথেই কৌশলগত এক টোকা দিয়েছিলেন রোনালদো। এবারে বাজপাখির মতো উড়ে এসে বল তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক।

তিন মিনিট পর দুর্দান্ত এক শট নেন নুনো মেন্ডিস। স্পেনের রক্ষণভাগের কল্যাণে সে যাত্রায় রক্ষা মেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে আবারও দায়িত্বে বিতর্কিত সেই রেফারি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ এম


আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে আবারও দায়িত্বে বিতর্কিত সেই রেফারি

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা ও মিশর আটলান্টায় মুখোমুখি হতে চলেছে। এই নকআউট পর্বের প্রধান ম্যাচটি পরিচালনার জন্য ফিফা বেছে নেন ফ্রাসোঁয়া লেটেক্সিয়েরকে। যদিও আন্তর্জাতিক ফুটবলের পরিচিত মুখ হিসেবে তার গতি রয়েছে, কিন্তু আর্জেন্টিনার কোনো ম্যাচে এই প্রথমবার তিনি রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এই চলমান বিশ্বকাপে লেটেক্সিয়ের এর আগে গ্রুপ পর্বের দুইটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্ট এবং ইকুয়েডরের ম্যাচের পাশাপাশি সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন। দুই ম্যাচে মোট তিনি আটটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি যে কঠোর অবস্থানে থাকেন, সে বিষয়টি স্পষ্টভাবেই তার আগের ম্যাচগুলোর পরিসংখ্যানে দেখা যায়।

এখনকার ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে নিজের রেফারি ক্যারিয়ার শুরু করেন। ফরাসি ঘরোয়া ফুটবলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ রেফারি। ফিফার ব্যাজ পাওয়ার পর তিনি দ্রুত আন্তর্জাতিক ফটবলে নিজের দক্ষতা দেখান। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করেন এবং পরে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় বড় আসরে ম্যাচ পরিচালনা করে তার অভিজ্ঞতা অর্জন করেন।

আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে তাকে দেখা না গেলেও, বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে লেটেক্সিয়ের বেশ পরিচিত। বিশেষ করে এই রেফারির কঠোর সিদ্ধান্তের সম্মুখীন হয়েছেন আলবিসেলেস্তেদের অন্যতম ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। চলতি বছর ২২ মার্চ, লিগ ওয়ানে মোনাকোর বিরুদ্ধে অলিম্পিক লিওঁর হয়ে খেলার সময় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে দেখা যায় লেটেক্সিয়েরকে। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৬ বছর বয়সী এই ফরাসি রেফারিকে নিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে বাড়তি সতর্কতার গুঞ্জন শোনা যাচ্ছে। ফাইনাল ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলে, সেটি এখন দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ এম


এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

আজ (৬ জুলাই ২০২৬) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল হামলার ঘটনায় ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব ড. শামীম হামিদী এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনার জন্ম নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রদর্শন করে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে আজ সাভারে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচির সূচনা করেছে দলটি।

ইউটিএফের মতে, জুলাই বিপ্লবের প্রতিপক্ষ শক্তি বিপ্লবীদের ভয় দেখাতে এবং জুলাইয়ের ঐক্য ও সংহতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের হামলার পথ বেছে নিয়েছে। সংগঠনটি মনে করছে, এ ধরনের হামলার ঘটনা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র আবারও সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ যুক্ত হচ্ছে ভারত-জাপান উন্নয়ন প্রকল্পে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ এম


বাংলাদেশ যুক্ত হচ্ছে ভারত-জাপান উন্নয়ন প্রকল্পে

ভারত ও জাপানের কৌশলগত অংশীদারির নতুন পর্বে উন্নয়ন সহযোগিতার আওতায় বাংলাদেশকে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ জুলাই ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণায় উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) শক্তিশালী করার পরিকল্পনায় বাংলাদেশসহ বিমসটেকভুক্ত দেশগুলোর সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয়েছে। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে অনুষ্ঠিত এ ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ বিষয়ে নীতিগত ঐকমত্যের কথা জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ এবং ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর জন্য উভয় দেশ একমত হয়েছে। এ অঞ্চলে শিল্প উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও আঞ্চলিক সংযোগ জোরদারের মাধ্যমে একটি সমন্বিত শিল্প ও বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এতে বিমসটেকভুক্ত দেশগুলোকে যুক্ত করার কথা বলা হয়েছে।

বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। যদিও যৌথ বিবৃতিতে কোনো নির্দিষ্ট প্রকল্পের নাম উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, উত্তর-পূর্ব ভারতের উৎপাদন কেন্দ্রগুলোকে বাংলাদেশ হয়ে সমুদ্রবন্দর এবং আঞ্চলিক বাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাই মূল লক্ষ্য। এর আগে ২০২৩ সালে তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারত সফরে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশকে সংযুক্ত করে শিল্প ও অবকাঠামো উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনার লক্ষ্য ছিল বাংলাদেশে পোর্ট, সড়ক ও রেল অবকাঠামো ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা। সর্বশেষ শীর্ষ বৈঠকের সিদ্ধান্তে সেই ধারণাকে আরও বিস্তৃত করে পুরো বিমসটেক অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শীর্ষ বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে বলেন, জাপানের কাছে উত্তর-পূর্ব ভারত একটি গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র। এ অঞ্চলের উন্নয়নে দুই দেশের চলমান সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। এসময় উত্তর-পূর্ব ভারতকে কেন্দ্র করে ভবিষ্যতে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আরও কৌশলগত গুরুত্ব পাবে। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দর, সড়ক এবং রেল করিডর ও সীমান্তভিত্তিক বাণিজ্য নতুন মাত্রা পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ আঞ্চলিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের ওপর দিয়ে আঞ্চলিক পণ্য পরিবহন বাড়বে। বন্দর, লজিস্টিকস ও পরিবহন খাতে নতুন বিনিয়োগ আসতে পারে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক সংযোগ আরও গভীর হবে। বিমসটেকভিত্তিক আঞ্চলিক মূল্য শৃঙ্খল গড়ে ওঠার সুযোগও সৃষ্টি হবে। জাপানের অর্থায়নে নতুন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও বাড়বে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ কৌশলে বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত অঞ্চল। এ কারণে জাপান দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে অর্থনৈতিক সংযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। ভারত-জাপান শীর্ষ বৈঠকে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার কাঠামোয় যুক্ত করার বিষয়টি তাই নতুন কোনো উদ্যোগ নয়; ২০২৩ সালেও এ ধরনের পরিকল্পনার কথা উঠে এসেছিল। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ তখনই সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, যখন এ উদ্যোগ কেবল उत्तर-পূর্ব ভারতের মধ্যে সীমাবদ্ধ না থেকে মিয়ানমারের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংযোগ আরও জোরদার করবে। কারণ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ও আঞ্চলিক সংযোগের অর্থনৈতিক গুরুত্ব উত্তর-পূর্ব ভারতের তুলনায় অনেক বেশি। শাহাব এনাম খান আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি ভারত, জাপান ও বাংলাদেশ যৌথভাবে শিল্প ও অবকাঠামো উন্নয়ন করতে পারে, তাহলে তা তিন দেশের জন্যই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। তাঁর মতে, জাপানের দৃষ্টিতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে অবকাঠামোগত ও অর্থনৈতিক সংযোগ জোরদার হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা বাড়বে। তাই ভবিষ্যতে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%