ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে নাহিদের অভিযোগ


আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে নাহিদের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বা ফিরে আসবে—এটি সাধারণ কোনো প্রোপাগান্ডা নয়; বরং এটি দিল্লির প্রোপাগান্ডা, যা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, ডিসেম্বরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ফেরার কোনো সম্ভাবনা নেই; বরং গত আট মাস ধরে সরকার বিভিন্নভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ প্রদান করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় এবং সাংবাদিকসহ সরকারবিরোধী অনেক মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠন করে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাচ্ছে, অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল।

শ্রমিক অসন্তোষ নিয়ে এনসিপির আহ্বায়ক মন্তব্য করেন, শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন করা সরকারের একটি গাফিলতি ছিল, যার সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু ও সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদী।

আরও পড়ুন: চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসের পক্ষ থেকে অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বসের পক্ষ থেকে অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ, প্রতিষ্ঠানের নারী কর্মীদের প্রত্যেককে নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিয়েছেন।

উপহার পেয়ে কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। বিশেষ করে, প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী এক নারী আইফোন উপহার পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লে মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালায় জন্ম নেয়া হাসিনা নিশাদ ইউএইভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি নারী কর্মীদের জন্য এই চমকপ্রদ উপহারের আয়োজন করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের নারী কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে আসন গ্রহণ করতে বলা হয়। তবে তাদের জন্য যে চমক অপেক্ষা করছে, সে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। চেয়ারে বসতে গিয়ে টেবিলের নিচে রাখা মোড়ানো উপহারের বাক্স দেখতে পান কর্মীরা। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় পরিচ্ছন্নতাকর্মী এক নারীকে ঘিরে। ভিডিওতে দেখা যায়, তিনি হাসিনা নিশাদকে শরবত পরিবেশন করছিলেন। এ সময় তাকেও একটি আইফোন উপহার দেয়া হয়। অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওই নারী। হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে হাসিনা নিশাদ লেখেন, "প্রত্যেক নারীরই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে।" তার ইচ্ছা, প্রতিষ্ঠানের নারী কর্মীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন।

তিনি আরও লেখেন, "অন্য কোনো নারীকে এগিয়ে যেতে ও সফল হতে দেখার চেয়ে আনন্দের কিছু নেই তার কাছে। একজন নারী এগিয়ে গেলে অন্য নারীর জন্যও এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়।"

এটি অবশ্য কর্মীদের দামি উপহার দেয়ার প্রথম ঘটনা নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতেও একই ধরনের আয়োজন দেখা গিয়েছিল। সেখানে হাসিনার স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেইন কর্মীদের মোড়ানো উপহারের বাক্স দেন, যার মধ্যে ছিল আইফোন।

দুটি ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীকেও উপহারের তালিকায় রাখায় হাসিনা নিশাদের প্রশংসা করেছেন অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা, ১৮ বছরে সর্বনিম্ন হার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা, ১৮ বছরে সর্বনিম্ন হার

চীনে চলতি বছরের প্রথম ৯ মাসে বিয়ের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই বড় ধসটি জনসংখ্যা হ্রাস এবং অর্থনৈতিক উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ সন্তান জন্মদান প্রক্রিয়া বিয়ের সাথে গভীরভাবে সম্পর্কিত।

শুক্রবার (৬ নভেম্বর) চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যম ইকাই এই তথ্য প্রকাশ করেছে।

ইকাই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৪৬ লাখ ৫০ হাজার যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একই সময়ে ২০ লাখ ৮০ হাজার যুগল বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

সন্তান জন্মদান ও বিয়ের হার বাড়ানোর জন্য চীনা কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পারিবারিক ভর্তুকি, শিশু লালন-পালনে সহায়তা এবং সন্তান জন্মদান সংক্রান্ত চিকিৎসা খরচ কমানোর উদ্যোগ।

এছাড়া যুব সমাজ, শিশু ও পরিবারের জীবনযাত্রা সহজতর করতে নগর পরিকল্পনা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জনসেবামূলক খাতগুলোতে যুব উন্নয়ন কর্মসূচি যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে এসব সরকারি উদ্যোগ ও প্রচেষ্টা সত্ত্বেও চীনে বর্তমানে শিশুদের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে দেশের ওপর বয়স্কদের নির্ভরতার অনুপাত শিশুদের ছাড়িয়ে গেছে।

২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের মোট জনসংখ্যা কমেছে এবং জন্মহার এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জনসংখ্যা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই জনসংখ্যা হ্রাসের প্রবণতা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।

এদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদে চীনের ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান প্রজননক্ষম নারীর সংখ্যা মারাত্মকভাবে কমবে। শতাব্দীর শেষ নাগাদ এই বয়সী নারীর সংখ্যা দুই-তৃতীয়াংশেরও বেশি কমে ১০ কোটির নিচে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসিবির আফগানিস্তান প্রিমিয়ার লিগের অর্থায়ন নিয়ে আইসিসিতে প্রশ্ন তোলার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ইসিবির আফগানিস্তান প্রিমিয়ার লিগের অর্থায়ন নিয়ে আইসিসিতে প্রশ্ন তোলার সিদ্ধান্ত

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) অর্থায়ন নিয়ে আইসিসির আসন্ন সভায় উদ্বেগ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি ক্রিকইনফোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালেবান সরকারের নারী ও মেয়েদের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে ইংল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়নি। গত বছর ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন এই পরিস্থিতিকে লিঙ্গবৈষম্যভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে চিহ্নিত করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের বিশেষজ্ঞরাও আফগানিস্তানের পরিস্থিতি বর্ণনা করতে একই শব্দ ব্যবহার করেছেন।

আইসিসির একটি সাবকমিটি রয়েছে, যা ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনসংক্রান্ত নিয়মকানুন পর্যালোচনা করে। এই কমিটিতে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সদস্য হিসেবে রয়েছেন। তিনি মন্তব্য করেন, "সম্প্রতি অন্য সদস্য দেশগুলো যখন আফগান শরণার্থী নারী দলের ইংল্যান্ড সফরের জন্য অর্থায়ন করেছে, তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য অর্থ ব্যয় করা সঠিক নয়।"

গোল্ড ‘দ্য ক্রিকেটার’ সাময়িকীকে বলেন, "বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে। কারণ, আফগানিস্তান মূলত আইসিসির অর্থায়নের ওপর নির্ভরশীল। আমার ধারণা, আইসিসির কাছ থেকে তারা বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার পায়। যা তাদের মোট আয়ের ৮০ শতাংশেরও বেশি। আমরা জানি, তাদের কোনো ঘরোয়া টেলিভিশন বাজার নেই। টিকিট বিক্রি করেও আয় করার সুযোগ নেই।"

তিনি আরও বলেন, "আমার উদ্বেগ হলো, অন্য সব সদস্য দেশ যখন আফগান নারী ক্রিকেটে অর্থায়ন করছে, তখন তারা আইসিসির অর্থ দিয়ে আফগান প্রিমিয়ার লিগ আয়োজন করছে কি না। আমাদের কাছে বিষয়টি সঠিক মনে হচ্ছে না। আগামী কয়েক সপ্তাহে আমরা এ নিয়ে কাজ করব।"

ডিসেম্বরের টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩ নভেম্বর এপিএলের ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ড্রাফট থেকে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, শামিম হোসেন ও নাহিদ রানা দল পেয়েছেন। ইংল্যান্ডেরও ৮ জন ক্রিকেটার ড্রাফট থেকে দল পেয়েছেন। আফগানিস্তানের শরণার্থী নারী দলের অধিনায়ক নাহিদা সাপান তাদের অংশগ্রহণের প্রভাব বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নত দেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


উন্নত দেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর, ৬ নভেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছেন, বর্তমান সরকার স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর উন্নত দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এসেছে।

পিরোজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের অধীনে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ‘উন্নয়নের রোল মডেলে’ পরিণত হবে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ নির্বাচনী এলাকা নেছারাবাদ ও পিরোজপুর সদরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সকালে তিনি পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন এবং একাডেমির সার্বিক কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন। সকাল ১০টায় নেছারাবাদে নির্মাণাধীন নাপিতখালী ব্রিজের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী কাজের মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি নেছারাবাদ উপজেলায় চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সম্ভাব্য নতুন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।

দুপুর আড়াইটায় তিনি উপজেলা প্রশাসন রেস্ট হাউস (স্নিগ্ধায়ন) উদ্বোধন করেন। বিকেল ৩টায় স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%