ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা


ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ : ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে জেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন। 

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

সভায় বক্তারা বলেন, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। 

সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার দীর্ঘদিনের সরাসরি সড়ক যোগাযোগের দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক নিষেধাজ্ঞা নিরসনে কাজ করবে রাশিয়া-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বৈশ্বিক নিষেধাজ্ঞা নিরসনে কাজ করবে রাশিয়া-ইরান

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মধ্যেই ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে মিলে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, মস্কো একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপের ব্যবহার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। কারণ তারা এ ধরনের পদক্ষেপকে অবৈধ এবং জাতিসংঘের সনদের পরিপন্থী বলে মনে করে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক ব্রিফিংয়ে জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা-সংক্রান্ত আরেকটি বেআইনি উদ্যোগ মোকাবিলায় রাশিয়া তার ইরানি সমকক্ষ এবং অন্যান্য আগ্রহী দেশের সঙ্গে সমন্বয় করবে।

মুখপাত্র আরও বলেন, সমমনা অংশীদারদের সঙ্গে নিয়ে মস্কো আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি যুক্তি দেন, পশ্চিমা দেশগুলোর কাছে অপ্রিয় রাষ্ট্রগুলোকে শাস্তি দেওয়া এবং রাজনৈতিক হিসাব-নিকাশ মেটানোর হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে এ ধরনের পদক্ষেপ ব্যবহার করা হচ্ছে।

ইরানকে কাবু করতে ওয়াশিংটন দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছেন। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে উপসাগরীয় অঞ্চলে সংঘাত নিরসন নয় বলে জানিয়েছে চীন। দেশটি একই সঙ্গে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে ব্যাংক

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রকল্প বা কাজ পাওয়া বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় প্রকল্প ও ক্রয় কর্তৃপক্ষের অনুকূলে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের শাখাকে (এডি) নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে চুক্তি বা কার্যাদেশ পাওয়া বিদেশি কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বিভাগ, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষ কিংবা অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের অনুকূলে বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের প্রয়োজন হতে পারে।

এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত বা নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদিত ব্যাংকগুলো সংশ্লিষ্ট প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষের অনুকূলে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করতে পারবে। তবে এর জন্য বিদেশি কোম্পানিটিকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট চুক্তি বা কার্যাদেশ পেতে হবে।

তবে এ সুবিধা নিতে কয়েকটি শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তিতে ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের বিধান থাকতে হবে।

এ ছাড়া, যে আবাসিক প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করা হবে, তার সঙ্গে কাজ পাওয়া বিদেশি প্রতিষ্ঠানের প্রকৃত ও বৈধ চুক্তিভিত্তিক বা বাণিজ্যিক সম্পর্ক থাকতে হবে। এ সম্পর্কের পক্ষে প্রয়োজনীয় দলিলও সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর ফলে ব্যাংকের যে ঝুঁকি তৈরি হবে, তা পর্যাপ্ত জামানত বা পাল্টা নিরাপত্তার মাধ্যমে সুরক্ষিত করতে হবে। ঝুঁকির ধরন ও পরিমাণ, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক এবং সংশ্লিষ্ট চুক্তির শর্ত বিবেচনায় নিয়ে জামানত বা পাল্টা নিরাপত্তার পরিমাণ নির্ধারণ করতে হবে।

চুক্তিতে গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর কারণে আবাসিক প্রতিষ্ঠানের সম্ভাব্য খরচ, দায় ও অন্যান্য ব্যয়ের জন্য যথাযথ অর্থ ফেরত ও ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকতে হবে।

কোনো গ্যারান্টি কার্যকর হওয়ার পর অর্থ পরিশোধের প্রয়োজন হলে বিদেশি কোম্পানিকে চুক্তিতে নির্ধারিত পদ্ধতিতে সেই অর্থ পরিশোধ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা নীতি ও সতর্কতামূলক সীমা মেনে ব্যাংকগুলোকে এ ধরনের গ্যারান্টি বা এসবিএলসি ইস্যু করতে হবে। এর মধ্যে নির্ধারিত একক ঋণগ্রহীতা ঋণসীমাও অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও নিতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, গ্যারান্টি কার্যকর হওয়ার পর উদ্ভূত দাবি সাধারণত টাকার সমপরিমাণ অর্থে নিষ্পত্তি করতে হবে। তবে দরপত্র বা চুক্তির নথিতে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধের সুনির্দিষ্ট শর্ত থাকলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দাবি নিষ্পত্তি করা যাবে।

নতুন এই সার্কুলারে স্থানীয় প্রকল্প কর্তৃপক্ষের অনুকূলে আবাসিক প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি ইস্যু-সংক্রান্ত ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৪-এর ১৩ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে পৌঁছাল সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ 

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


দেশে পৌঁছাল সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ 

পরিবারের মুখে একটু হাসি ফোটাতে বুকভরা স্বপ্ন নিয়ে মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত দেশে ফিরতে হলো কফিনবন্দি লাশ হয়ে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। কফিনগুলো পৌঁছানোর পরপরই বিমানবন্দরে কান্না ও করুণ দৃশ্যের অবতারণা হয়।

নিহতদের স্বজনদের পাশে দাঁড়াতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারের প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনেরা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে স্বজনদের মরদেহ নিয়ে রওনা দিয়েছেন।

দূতাবাস সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শ্বাসরুদ্ধ ও দগ্ধ হয়ে ১৬ জন বাংলাদেশি কর্মী মর্মান্তিকভাবে প্রাণ হারান। লাশগুলো চেনার উপায় না থাকায় পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রথম দফায় এই ৯ জনের লাশ দেশে পাঠানো হলো।

শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া বাকি দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন।

পরিবারের অভাব ঘোচানোর আশায় প্রবাসে যাওয়া এসব তরুণ ও উপার্জনক্ষম মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের গ্রামগুলোতে এবং স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। স্বজন হারিয়ে দিশেহারা পরিবারগুলো এখন কেবল শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষায় দিন গুনছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


সুস্থ রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ভালো রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০টি সেলাই মেশিন এবং অসহায় ও ছিন্নমূল চার শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, হলুদ ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে প্রায় ১০০টি ফুটবল তুলে দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম জোরদার এবং খেলার মাঠগুলো সচল রাখতে হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, শুধু ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে না। তাকে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও  দেশপ্রেমের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। খেলাধুলা এসব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানান। 

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, নারীদের শুধু সহায়তা দিলেই হবে না, তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি পরিবারের একজন নারী আয় করতে পারলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%