০৬:৫৭ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মন্নান, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আকরামুজ্জামান আকমল ও আব্রাহাম লিংকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, বিআরডিবির চেয়ারম্যান মজিবর রহমান এবং উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্যা দে। এ ছাড়া স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাকিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অর্জন করে ইসরাত জাহান তুরিন এবং তৃতীয় স্থান অর্জন করে কৌশিক সরকার।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন মো. শহিদুল ইসলাম হাওলাদার। ইউনিয়নকে শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উত্তর রমজানপুরের ২৪ ঘর হাওলাদার বাড়ির ঈদগাহ মাঠে তাঁর প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পারিবারিক উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
এ বি এম শাজাহান ব্যাপারী (মাস্টার)-এর সভাপতিত্বে এবং মো. হাসান হাওলাদার (মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আলী হোসেন হাওলাদার, মো. হেমায়েত হোসেন বেপারী, মো. জাবেদ হোসেন পলকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, ২৪ ঘর হাওলাদার বাড়ি দীর্ঘদিন ধরে অন্যদের নির্বাচনে সহযোগিতা করে আসছে। তাঁদের সমর্থন নিয়ে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার নিজেদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি রমজানপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।’
এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীরা শহিদুল ইসলাম হাওলাদারের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয়দের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জমি সংক্রান্ত তথ্য জানার জন্য অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে এখন আর ভূমি অফিসে যেতে হবে না আপনার বাবা-দাদার নামে কোথায় কত জমি আছে তা জানার জন্য। ভূমি সেবা ডিজিটাল হয়ে যাওয়ার ফলে এখন স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে জমির খতিয়ান ও দাগসংক্রান্ত প্রাথমিক তথ্য জানা সম্ভব। অনলাইনে খতিয়ানের কপির জন্য আবেদনও করা যাবে।
জমির তথ্য খোঁজার পদ্ধতি
প্রথমে স্মার্টফোনের ব্রাউজারে গিয়ে ‘ই-পর্চা’ লিখে সার্চ করতে হবে। এরপর সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে ‘খতিয়ান’ অপশন নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রেকর্ড অনুযায়ী খতিয়ানের ধরন হিসেবে বিএস, সিএস, আরএস বা এসএ নির্বাচন করার সুযোগ থাকবে।
এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম ব্যবহার করে জমির তথ্য খোঁজা সম্ভব। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ক্যাপচা পূরণ করে ‘অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
সার্চ সম্পন্ন হলে সংশ্লিষ্ট রেকর্ডে জমির মালিকের নাম, দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্য এবং জমির পরিমাণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
খতিয়ানের কপির আবেদন
অনলাইনে তথ্য দেখার পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্যের পাশে থাকা ‘আবেদন করুন’ অপশন থেকে খতিয়ানের কপির জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, ই-মেইল, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে।
আবেদন ফরম পূরণের পর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে। নির্ধারিত ফি থাকলে সেবায় প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অনলাইনে তা পরিশোধ করা যাবে।
শুধু নাম দিয়ে সব জমির তথ্য মিলবে?
অনলাইনে জমির তথ্য খোঁজার ক্ষেত্রে শুধুমাত্র একজনের নাম লিখে দেশের বিভিন্ন এলাকায় তার নামে থাকা সব জমির পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে না। জমির রেকর্ড নির্দিষ্ট বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান ও দাগের সঙ্গে সম্পর্কিত। তাই বাবা, দাদা বা পরিবারের অন্য কারও নামে থাকা জমি খুঁজতে সংশ্লিষ্ট এলাকার কিছু তথ্য জানা থাকলে অনুসন্ধান সহজ হয়।
অনলাইনে পাওয়া তথ্য মূলত প্রাথমিক যাচাইয়ের কাজে ব্যবহার করা উচিত। জমি কেনাবেচা, উত্তরাধিকার বা মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ান, দলিল, নামজারি এবং অন্যান্য সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন। বিশেষ করে পুরোনো জমির ক্ষেত্রে বিভিন্ন সময়ের খতিয়ানে তথ্যের পরিবর্তন থাকতে পারে। তাই কোনো জমির বর্তমান মালিকানা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বৈধ নথি মিলিয়ে দেখা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চুরির অভিযোগে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে। তাকে পরে পাবনা সদর থানায় জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম কালু মালিথা (৬০)। তিনি পাবনা সদর উপজেলার আটুয়া মহল্লার লাইব্রেরি বাজার এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ ও ৩-এর বিভিন্ন বিভাগের ওয়াশরুম থেকে দীর্ঘদিন ধরে পানির ট্যাপ চুরির ঘটনা ঘটছিল বলে জানা যায়। এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে কালু মালিথাকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বুধবার (৪ নভেম্বর) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ওয়াশরুম থেকে পানির ট্যাপ চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুরির ঘটনা তদন্তের জন্য বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয় এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তার ছবি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে সরবরাহ করা হয় এবং পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে অভিযুক্ত কালু মালিথা পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আটক করেন।
বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. হান্নান বলেন, "ট্যাপ চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা হাসিব স্যার আমাদের নিরাপত্তা জোরদার এবং সতর্ক থাকার নির্দেশ দেন।" আনসার সদস্যদের নিয়ে তাদের যে গ্রুপ রয়েছে, সেখানে অভিযুক্তের ছবি শেয়ার করা হয় এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়। আজ তাকে গেটে আটক করার পর নিরাপত্তা কর্মকর্তা হাসিব স্যারকে ফোনে বিষয়টি জানানো হয়। পরে তিনি এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এস এম হাসিবুর রহমান বলেন, "বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিভাগের ওয়াশরুম থেকে পানির ট্যাপ চুরির অভিযোগ পাচ্ছিলাম।" বিষয়টি তদন্ত করে তারা ওই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হন। আজও তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। আনসার সদস্যরা তাকে আটক করে ফোন দিলে তিনি ক্যাম্পাসে আসেন। পরে ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, "আমি এই মুহূর্তে পাবনায় নেই। তবে কিছুক্ষণ আগেই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।" এর আগেও বেশ কয়েকবার ট্যাপ চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ